এ মাস থেকে আবার রোডমার্চ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করছে বিএনপি। চলতি মাসের শেষ সপ্তাহে খুলনায় রোডমার্চের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর কয়েকটি বিভাগীয় শহরে জনসভার পর বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রোডমার্চের পরিকল্পনা করা হচ্ছে।এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি মাঠপর্যায়ে নিয়ে যেতে জেলা-উপজেলায় সমাবেশ-মিছিলসহ বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এসব কর্মসূচির পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে প্রধান বিরোধী দল। আগামী সপ্তাহে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এসব কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে।দলীয় সূত্র জানায়, এ কর্মসূচির বাইরে দলের সাংগঠনিক কিছু বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। গত ৬ এপ্রিল দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।আন্দোলনের নতুন কর্মসূচি সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এখন জনদাবি। এ দাবি বাস্তবায়নে বিএনপি খুলনা, চট্টগ্রামসহ সব বিভাগীয় শহরে রোডমার্চ করবে। চলতি মাসেই এ কর্মসূচি শুরু হতে পারে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রথাগত কর্মসূচির বাইরেও গণসংযোগের পরিকল্পনা নেওয়া হয়েছে।জানা গেছে, দেশের সব বিভাগে রোডমার্চ শেষে রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সারা দেশে নির্দেশনা দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে রাজপথ উত্তপ্ত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে চাঙা করার পরিকল্পনাও নেওয়া হবে। এ জন্য চলতি বছরের মধ্যে যেসব জেলা ও থানায় পূর্ণাঙ্গ কমিটি নেই, সেখানে কমিটি করা হবে।ফখরুল ইসলাম আলমগীর ঈদের দিন লন্ডন থেকে ফিরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে দলের আন্দোলন কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসে সিলেট ও রাজশাহী বিভাগে রোডমার্চ কর্মসূচিতে ব্যাপক জনসমর্থন পাওয়া গেছে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। বগুড়া ও ময়মনসিংহের জনসভাও সফল হয়েছে বলে তাঁরা মনে করছেন। এ কারণে এ ধরনের আরও কর্মসূচি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে কৌশল হিসেবে সরকারকে আরও সময় দিতে চায় বিএনপি। এর মধ্যে দলকে সুসংগঠিত করে সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামবে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। দাবি মেনে না নিলে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফার আন্দোলনের দিকে যেতে হবে। তিনি বলেন, মানুষ আশা করে, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং দেশের ক্ষতি না করে সরকার দাবি মেনে নেবে।জানতে চাইলে দলের স্থায়ী কমিটির অপর সদস্য আ স ম হান্নান শাহ বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার সুযোগ হয়েছে। দেশের মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত। তাই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।