এ মাসে রোডমার্চ করার পরিকল্পনা বিএনপির
বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে এ মাসের শেষে রোডমার্চ কর্মসূচি দিতে পারে। তবে নতুন করে হরতাল দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সংসদের বিশেষ কমিটির প্রস্তাবসহ ৫১ দফা সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় বৈঠকে বসেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন। রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও দলের আইনজ্ঞরা উপস্থিত ছিলেন।জানা গেছে, কাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী করণীয় তুলে ধরবেন।এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে কমিশনের পাঠানো দ্বিতীয় চিঠি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ আছে কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে না বসার ব্যাপারে আগের সিদ্ধান্তে অনড় আছে দলটি।বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, এ মাসের ২৬ ও ২৭ তারিখ ঢাকা থেকে একটি রোডমার্চ শুরু করার পরিকল্পনা আছে। এ বিষয়টি চূড়ান্ত হয়েছে। ১৭ জুন উত্তরাঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনা করে ঢাকা থেকে শুরু হওয়া রোডমার্চের গন্তব্য নির্ধারণ করা হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, বিএনপির পেছনে ফেরার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে যে অবস্থান দলটি নিয়েছে, তাকে এগিয়ে নিতে হবে। মূলত দলীয় অবস্থান নির্ধারণ ও পরবর্তী করণীয় নিয়ে এ বৈঠক হচ্ছে।গতকালের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সরকারের আলোচনার প্রস্তাব ও বিশেষ কমিটির ৫১ দফা সুপারিশের বিষয়ে বিএনপির দলীয় অবস্থান চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির করণীয় ও দলের অবস্থান নিয়ে চেয়ারপারসন প্রতিদিনই বৈঠক করছেন। সংবিধান সংশোধনের বিষয়ে বিএনপির অবস্থান ও কর্মকাণ্ড সঠিক পথে আছে কি না, তা যাচাই-বাছাই হচ্ছে। প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের চেষ্টা এবং এই ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ৫ জুন এবং ১২ ও ১৩ জুন হরতাল পালন করেছে বিএনপি। সরকার বিএনপিকে আলোচনায় আসার প্রস্তাব দিলেও দলটি তা প্রত্যাখ্যান করেছে।