আরটিভিতে আজ প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘বসুধা তোমার জন্য আমার এ গান’। স্টুডিও থেকে সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে আজ গান করবেন রিংকু। প্রযোজক তানিফ মাহমুদ। কথা হলো রিংকুর সঙ্গে। ঈদের সময়টা কেমন কাটালেন?এবার ঈদের সময় ছিলাম কাতারে। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ২৯ আগস্ট কাতারে যাই। দোহায় প্রবাসী বাঙালিরা ইনডোর স্টেডিয়ামের কনসার্ট আয়োজন করেছিল। অনুষ্ঠানে আরও গান করেছেন হাবিব ওয়াহিদ, কণা। সঙ্গে আরও অনেকেই ছিলেন। কাতারের ওই স্টেডিয়ামে প্রায় হাজার পাঁচেক প্রবাসী বাঙালির সঙ্গে গান করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি।ঈদের দিন স্ত্রী আর সন্তানকে সময় দিতে পারেননি।...আমার ছেলের বয়স নয় মাস। ঈদের দিন স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকতে পারিনি, মনটা খারাপ ছিল। ১ সেপ্টেম্বর দেশে ফিরেছি। ফিরেই স্ত্রী আর সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি নওগাঁ চলে যাই। আজ (বুধবার) ঢাকায় ফিরছি। বৃহস্পতিবার তো আরটিভিতে ‘বসুধা তোমার জন্য আমার এ গান’ অনুষ্ঠানে গান করতে হবে।এই অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?অনেক দিন পর এ ধরনের গানের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এ পর্যন্ত আমার ছয়টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে বেশির ভাগ গান ওই অ্যালবামগুলো থেকেই করব। ৩০টি গান করার ইচ্ছা আছে। তবে এবার বেশির ভাগ গান নিজের পছন্দেই করব। ফকির লালন এবং শাহ আবদুল করিমের কম প্রচলিত কয়েকটি গান করার ইচ্ছা আছে। আর দর্শকদের কিছু অনুরোধও তো রাখতে হবে। আপনার নতুন অ্যালবামের কী খবর?রোজার ঈদেই অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা ছিল। কিন্তু মাঝে যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইডেনে গান করার জন্য প্রায় দেড় মাস বাইরে থাকতে হয়েছে। অ্যালবামের কাজ শেষ করতে পারিনি। এখন গুছিয়ে এনেছি। নাম রেখেছি জগৎ বন্ধু। অ্যালবামটি সিলেটের চার গীতিকবি ক্বারী আমীরউদ্দীন, শীতলং শাহ, দূরবীন শাহ এবং রাধারমণের গান নিয়ে। গান থাকছে আটটি। এ মাসেই অ্যালবামটি বাজারে আসছে।