বগুড়া শহরের মাঝখান দিয়ে চলে যাওয়া করতোয়া নদীর জায়গা প্রভাবশালী ব্যক্তিরা দখল করে রাখলেও প্রশাসন তা উদ্ধার করতে পারছে না। তবে চলতি মাসে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসন করতোয়া নদীকে বাঁচাতে দূষণকারী প্রতিষ্ঠান ও দখলকারীদের মধ্যে মাত্র ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে নোটিশ করেছে গত বছরের শেষের দিকে। ইতিমধ্যেই ওইসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি দূষণ ও দখলের অভিযোগ ভিত্তিহীন বলে আপত্তি জানিয়েছেন। বগুড়া জেলার উত্তরে শিবগঞ্জ উপজেলা থেকে দক্ষিণে ধুনট পর্যন্ত করতোয়া নদীর দুই পারে দখল হয়ে গেছে শতাধিক একর জমি। এসব জমিতে বাড়িঘর, মিল-কারখানা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। শুধু দখল নয়, পানির প্রবাহ কমে যাওয়ায় সরু ও পচা-নর্দমায় পরিণত হয়েছে। তার পরও নদীর পারের নিম্ন আয় ও মধ্যবিত্তের অনেকেই গোসল এবং কাপড় ধোয়ার কাজ করছে এই পচা পানি দিয়ে। ফলে স্বাস্থ্যহানির শিকার শতাধিক পরিবার। নদী দূষণ ও স্বাস্থ্যহানির পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপের মুখে উচ্ছেদ অভিযানের কার্যক্রম ধীরগতিতে চলছে। করতোয়া দখলমুক্ত করতে ইতিপূর্বে উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি—এ অভিযোগ করেছেন বেসরকারি সংস্থা ‘সুশাসনের জন্য প্রচারাভিযান’ (সুপ্র) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক কে জি এম ফারুক। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত নদী দখলমুক্তকরণ, সংস্কার ও খনন তালিকায় করতোয়া নদীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ১৮ জন দায়ী ব্যক্তির বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা আপত্তিও জানিয়েছেন। তবে চলতি এপ্রিল মাসে শুনানি শেষে উচ্ছেদ অভিযান শুরু হবে।