এ মাসেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নভেম্বরের শেষ সপ্তাহে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বাসসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনও সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যেই করা হবে। নির্দিষ্ট সময়ে এই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য যথাসম্ভব দ্রুত এই শহরের ওয়ার্ডসংখ্যা নির্ধারণ এবং ওয়ার্ডের সীমানা নির্ধারণ করা জরুরি। এসব কাজ শেষ হলে ১৮০ দিনের সময়সীমার মধ্যে এ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।নির্বাচন কমিশনের নির্বাচন শাখা জানায়, কমিশন এরই মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুই দফা চিঠি লিখেছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। কমিশন সচিবালয়ের উপসচিব আবদুল বাতেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠিতে কমিশন বলেছে, নতুন সিটি করপোরেশন গঠনের ছয় মাসের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় ১১ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সিটি করপোরেশনের ওয়ার্ডসংখ্যা নির্ধারণ এবং ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। নির্বাচন শেষ করতে কমিশনের তিন মাস সময় লাগবে বলে চিঠিতে জানানো হয়।