এ মাসেই পাঁচজনের বিরুদ্ধে মামলা: দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ফররুখ আহমেদ বলেছেন, শেয়ার কেলেঙ্কারির জন্য পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের ব্যাপারে তদন্ত চলছে। তিনি বলেন, অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এ মাসেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।দুদকের মহাপরিচালক আরও বলেন, বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতে দুদক মামলা করেনি। তদন্ত করে প্রমাণ সাপেক্ষে মামলা করা হয়েছে। দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করতে দুদক মামলা করে না।আজ মঙ্গলবার দুদকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক এসব কথা বলেন।ফররুখ আহমেদ বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিরা হলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া, তাঁর স্ত্রী রুখসানা আকতার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক কর্মকর্তা ও বর্তমানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিলউদ্দিন আহমেদ চৌধুরী, তাঁর স্ত্রী ফারজানা আকতার ও তাঁদের আত্মীয় মনসুর বিল্লাহ।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, শেয়ারবাজার নিয়ে সরকারের তদন্ত কমিটি আর দুদকের তদন্ত কমিটি পৃথকভাবে কাজ করছে।প্রতিবছর দুদকের মামলা হাইকোর্টে হেরে যাওয়ার কারণ জিজ্ঞেস করা হলে দুদকের মহাপরিচালক বলেন, এটি আদালতের বিষয়। দুদক ঠিকমতোই তদন্ত করছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত জুলাই মাসে ৬৫৬টি অভিযোগের মধ্যে দুদক ১২৯টি অভিযোগ অনুসন্ধান করেছে। বাকিগুলো দুদকের আইনের আওতায় নেই বলে সেগুলো নথিভুক্ত হয়েছে। কমিশন ৪২টি মামলার অনুমোদন দিয়েছে বলে তিনি জানান। এসব মামলায় ১৩ জন সরকারি কর্মকর্তাসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়েছে।