এ মাসেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আসছে
চলতি মাসেই প্রদ্মা সেতু প্রকল্পের বিষয়ে বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। আজ সোমবার সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে গোল্ডস্টেইন বলেন, ‘সম্প্রতি বিশ্বব্যাংক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নতুন করে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগির বিশ্বব্যাংকের দুটি প্রতিনিধিদল আসবে। পদ্মা সেতুর দুর্নীতি সম্পর্কে বাংলাদেশে তদন্তের অবাধ ও পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি বৈদেশিক প্যানেল এই প্রতিনিধিদলে থাকবে।বিবৃতিতে আরও বলা হয়, ‘মূল্যায়নের সঙ্গে দ্বিতীয় প্রতিনিধিদলটি সহযোগী দাতাদের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা পুনর্নির্ধারণ করবে। এতে দাতাদের ক্রয়প্রক্রিয়া আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ সম্ভব হবে। বিশ্বব্যাংক এখন প্রতিনিধিদলের কর্মসূচি সমন্বয় করছে। এ মাসের মধ্যে বাংলাদেশে তাদের স্বাগত জানাব বলে আমরা আশা করি।’গত বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) তিনটি ভিন্ন প্রতিনিধিদল ১ অক্টোবর বাংলাদেশে আসছে।দুর্নীতির অভিযোগে গত ২৯ জুন পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এরপর পদ্মা সেতু প্রকল্পে ঋণ দিতে সরকারকে চারটি শর্ত দেয় বিশ্বব্যাংক। শর্তগুলো পূরণ করলে সংস্থাটি ফিরবে বলে জানায়। সরকার শর্ত পূরণের অঙ্গীকার করলে বিশ্বব্যাংক শেষ পর্যন্ত সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় গত ২০ সেপ্টেম্বর। ওই দিন এ নিয়ে একটি বিবৃতিও দেয় সংস্থাটি। পরে গত ২৫ সেপ্টেম্বর আরেক বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, সরকারের কিছু শীর্ষ ব্যক্তি বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। এ সময় শর্ত বাস্তবায়ন হলে অর্থায়ন করা হবে বলে সংস্থাটি জানায়।প্রধানমন্ত্রী নিউইয়র্কে অনুষ্ঠিত এক সভায় বলেন, দুর্নীতির প্রমাণ দিতে না পারায় ফিরে এসেছে বিশ্বব্যাংক। এ ছাড়া নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। অথচ বিশ্বব্যাংকের শর্ত মেনে তাঁর ছুটিতে থাকার কথা। এর পরই গত ২৫ সেপ্টেম্বর বিবৃতি দেয় বিশ্বব্যাংক। এর পরও প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বব্যাংক-আইএমএফের সংস্কার চেয়েছেন। এসব কারণে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল আসা পিছিয়ে গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অর্থায়ন নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে বিশ্বব্যাংকের পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পের সহ-অর্থায়নকারী এডিবি ও জাইকার প্রতিনিধিদলেরও ঢাকায় আসার কথা। এর মধ্যে এডিবির দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল রোববারই ঢাকায় এসেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন: এডিবির দক্ষিণ এশীয় ট্রান্সপোর্টবিষয়ক পরিচালক শ্রীউইডো ওয়াটি ও হিরুয়াকি ইয়ামাজুচি।