এ মাসেই মুক্তি পাচ্ছে রিয়ান্নার প্রথম ছবি
ব্যাটেলশিপ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে গায়িকা রিয়ান্নার। এ মাসেই মুক্তি পাচ্ছে সায়েন্স ফিকশনধর্মী ছবিটি। পিটার বার্জের পরিচালনায় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিয়াম লেসন। আর ছবিতে একজন অস্ত্র-বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যাবে রিয়ান্নাকে।ব্যাটেলশিপে নিপুণ অভিনয়ের মধ্য দিয়ে ছবির নির্মাতাদের মন কেড়ে নিয়েছেন ২৪ বছর বয়সী এই গায়িকা। এর মধ্যে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করেছে তাঁর কাছে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, ‘বড়পর্দায় খুবই সাবলীল অভিনয় করেছেন রিয়ান্না। তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ নির্মাতারা। ইতিমধ্যেই অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। ছবিগুলোর একটিতে জেমস বন্ড ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এখন দেখার বিষয় হল, গানের কাজ সামলে অভিনয়ের পেছনে তিনি কতটা সময় দেন।’