এ মাসের পণ্য
রমজান মাসের সঙ্গে সম্পর্কিত ব্যবহারিক কিছু পণ্যের পিছু ছুটছে সবাই। এর মধ্যে আছে টুপি, জায়নামাজ, আতর, তসবি, মেসওয়াক। এগুলোর দোকানে বাড়ছে ভিড়।দেশি-বিদেশি টুপি‘নামাজের সময় মাথায় কিছু না থাকলে কেমন জানি খালি খালি লাগে’—বলছিলেন সবুজ নামের এক তরুণ। আর তাই টুপির খোঁজে এসেছেন বায়তুল মোকাররম মসজিদ এলাকায়। নগরের টুপির দোকানগুলোয় বাড়ছে ভিড়, বাড়ছে কেনাবেচা। চুয়াডাঙ্গা থেকে শহীদুল ইসলাম এসেছেন চকবাজারে। টুপিসহ বিভিন্ন পণ্য তিনি পাইকারি কিনে নিয়ে যাবেন। এলাকায় গিয়ে সেগুলো খুচরা বিক্রি করবেন।দেশে তৈরি টুপি যায় বিদেশেও। অন্যান্য দেশ থেকে আমাদের দেশেও টুপি আসে। সেলাই, জরি, বোঁটা, সিন্দি, আড়ি, ওমানি, বেকিসহ বাহারি নাম রয়েছে দেশীয় টুপির। তিন টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দাম পড়ে এসব টুপির।জায়নামাজের খোঁজমগবাজার থেকে জাকির এসেছেন পল্টনে জায়নামাজ কিনতে। তিনি বলেন, ‘আমার মা ফোন করেছেন গ্রামের বাড়ি থেকে। তাই মায়ের জন্য জায়নামাজ কিনতে এসেছি।’সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও ইরান থেকে আসে জায়নামাজ। তবে আমাদের দেশেও তৈরি হয় জায়নামাজ। জায়নামাজে রয়েছে রং-বেরঙের নকশা। কাপড় ও মান অনুযায়ী জায়নামাজের দাম পড়ে ৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। তবে এর চেয়ে দামি জায়নামাজও পাওয়া যায় নগরের অভিজাত বিপণিবিতানে। পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আছে জায়নামাজের অনেক দোকান।আতরের সুবাসহাজার রকম ফুলের সুবাস পাওয়া যায় আতরে। ফুলের নামের সঙ্গে কোনো কোনো আতরের নামেরও মিল রয়েছে। সামামা, তস্তুরি, দরবার, মাহমুদ, ইডেন রোজ, জমজম, বেলি, উদ, জান্নাতুল ফেরদৌস প্রভৃতি আতরের গন্ধে নগরের আতরের দোকানগুলো ভরপুর। নগরে শবে বরাতের আগের দিন থেকেই আতর ব্যবসার ভরা মৌসুম শুরু হয়েছে বলে জানালেন চকবাজারের কনোজ আতর হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ আমির।আতরের পাইকারি অনেক দোকান রয়েছে বাবুবাজারে। সৌদি আরব, দুবাই, পাকিস্তান, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে ঢাকায় আতর আসে।বাহারি দানার তসবিএই রমজান মাসে নগরের রাস্তায় অনেকের হাতেই শোভা পাচ্ছে তসবি। কারও তসবিতে দানার সংখ্যা ১০০, আবার কারওটিতে ৩৫। বায়তুল মোকাররম মসজিদের নিচতলার আল হারাইন আতর সেন্টারের মালিক মো. মমিনউল্লাহ জানান, কম দামি তসবির দানা তৈরি হয় কাঠ ও ফাইবার দিয়ে। তসবির দানা মুক্তা দিয়েও তৈরি করা হয়। এ ছাড়া আকিক, ক্রিস্টাল, শামসেতারা ও টাইগার নামের বিভিন্ন পাথর ব্যবহূত হয় দানায়। দানার ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় তসবির দাম। ১০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার ওপর পর্যন্ত রয়েছে বিভিন্ন তসবির দাম। বিক্রি বেড়েছে কাঠ-প্লাস্টিকের রেহালেরও।দাঁতের জন্য মেসওয়াকদাঁত পরিষ্কার রাখার জন্য রমজান মাসে মেসওয়াকের ব্যবহার বেড়ে যায়। এগুলো তৈরি হয় জয়তুনগাছের ডাল দিয়ে। জয়তুনের ডাল বিদেশ থেকে আসে। জয়তুনের মেসওয়াক খোলা অবস্থায় পাওয়া যায়। আবার প্যাকেটেও পাওয়া যায়। দাম পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত। এর পাশাপাশি নিমগাছের ডাল দিয়ে তৈরি মেসওয়াকও দেখা যায় বাজারে। মেসওয়াকের সবচেয়ে বড় বাজার বায়তুল মোকাররমের আশপাশের এলাকা।