এ মুহূর্তে সংলাপের সম্ভাবনা দেখছে না বিএনপি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পক্ষ থেকে লিখিত বা আনুষ্ঠানিকভাবে সংলাপের প্রস্তাব দেওয়া হলে দলীয় ফোরামে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি মনে করছেন, সরকারের দ্বৈতনীতির কারণে এ মুহূর্তে সংলাপের কোনো সুযোগ নেই। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। পরে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর কারণ হিসেবে মির্জা ফখরুল বলেন, সরকার একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালাচ্ছে। সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার গণহত্যার পর বিরোধীদলীয় নেতাদের গণগ্রেপ্তার শুরু করেছে। সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে কম্বিং অপারেশন চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে তাণ্ডব চালিয়েছে, একইভাবে ইউনিয়ন পর্যায়েও নেতাদের গ্রেপ্তার করছে। এটাকে ‘অশনিসংকেত’ উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী বিরোধী দলকে যেভাবে দমন করত, এখন সে আলামতই দেখা যাচ্ছে। নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে আগামীকাল ১৭ মার্চ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এ ছাড়া তিনি জানান, আটক নেতা-কর্মীদের মুক্তি না দেওয়ায় পূর্বঘোষিত ১৮ ও ১৯ মার্চের হরতাল বহাল থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। এ ভাষায় স্বৈরাচারী-ফ্যাসিবাদীরা কথা বলে। ব্যর্থ সরকারের পদত্যাগ ছাড়া এখন কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবুর রহমানকেও বারবার গ্রেপ্তার করা হয়েছিল, দমন-পীড়ন করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ তাঁর সঙ্গে ছিল। এখন খালেদা জিয়ার নেতৃত্বেও সাধারণ মানুষ জেগে উঠেছে বলে তিনি দাবি করেন।জামায়াতকে বাদ দিয়ে সংলাপে আসতে বিএনপির প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ যে আহ্বান জানিয়েছেন, সে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কারও নির্দেশে রাজনীতি করি না। কাকে বাদ দিয়ে যাব বা না-যাব, সেটি আমাদের চিন্তার বিষয়।’ এখন পর্যন্ত সংলাপের ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিএনপি কোনো প্রস্তাব পায়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার সংলাপ চাইলে সরকারপ্রধান আনুষ্ঠানিকভাবে তা জানাবেন। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু পাইনি। তাহলে কি বায়বীয়ভাবে আলোচনা করব?’