এ যেন মাথাব্যথায় মাথা কেটে ফেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা কমার্স কলেজের একজন ছাত্রীকে তার অভিভাবক জোর করে বিয়ে দেওয়ার ফল হিসেবে ওই কলেজের পরিচালনা পরিষদ কলেজে বিবাহিত ছাত্রীদের ভর্তি নিষিদ্ধ করেছে। সংবাদটি প্রচারের পর প্রথম আলোর নারীমঞ্চে কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদের উদ্ধৃতি দিয়ে ফিচার লেখা হয়েছে। ফিচার থেকে জানা গেল, কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ এবং বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজেও নাকি এ ধরনের সিদ্ধান্ত রয়েছে। কুমিল্লার বিশিষ্ট নারীনেত্রীও এ সিদ্ধান্ত সমর্থন করেছেন জেনে যারপরনাই বিস্মিত হয়েছি। এ যেন মাথাব্যথায় মাথা কেটে ফেলার সিদ্ধান্ত। নারীস্বাধীনতার কথা বাদই দিলাম, ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকার চর্চার এ আধুনিক যুগে আমরা কি কোনো মানুষের (ছাত্রীর) শিক্ষাগ্রহণের অধিকার কেড়ে নিতে পারি? হোক সে বিবাহিত বা অবিবাহিত।বাল্যবিবাহ সমাজের একটি দুষ্ট ক্ষত। যৌতুকের মতো এর সঙ্গেও জড়িয়ে আছে আর্থসামাজিক ব্যাপক প্রেক্ষাপট। সরকার বাল্যবিবাহ বন্ধের জন্য আইন করেছে, কিন্তু সরকারের একক প্রচেষ্টায় এ আইন সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সুশীল সমাজকে এ ব্যাপারে আরও কঠোর ও বাস্তব ভূমিকা নিতে হবে। সে ক্ষেত্রে প্রতি জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে স্কুল-কলেজের শিক্ষকেরা গণসচেতনতা এবং গণপ্রতিরোধ গড়ে তুলতে পারেন। বাল্যবিবাহ পড়ানো বা রেজিস্ট্রিকারী কাজিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। বাল্যবিবাহ রোধ করা গেলে জনসংখ্যা নিয়ন্ত্রণেও তা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কিন্তু কোনোভাবেই বিবাহিত ছাত্রীর ভর্তি বন্ধ করা বাল্যবিবাহ রোধের পন্থা হতে পারে না।এ সিদ্ধান্তের কারণে অভিভাবকেরা ভালো বর (?) পাওয়া গেলেও একটি মেয়ের বিবাহ বন্ধ করে তাঁকে কলেজে পড়তে পাঠাবেন—এ কথা ভাবা বাতুলতা মাত্র। এই সিদ্ধান্তের কারণে নিকটস্থ কলেজে ভর্তি হতে না পেরে একমাত্র বিবাহিত মেয়েরও যদি শিক্ষাজীবন শেষ হয়ে যায়, তবে তার দায়িত্ব কে নেবে? কমার্স কলেজের পরিচালনা পর্ষদ অথবা অধ্যক্ষ নেবেন কি? বাল্যবিবাহ রোধের আইনে বিবাহিত ছাত্রীর কলেজে ভর্তি নিষিদ্ধের মতো কোনো বিষয় নেই বা থাকতে পারে না। আমার গ্রামের বাড়ি ফেনী জেলায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। এ অঞ্চলে নিম্নমধ্যবিত্ত পরিবারে সাধারণত ১২ থেকে ১৫-১৬ বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়; সে স্কুলের শিক্ষার্থী হোক বা না হোক, সেটা বিবেচ্য বিষয় নয়। অনেক ক্ষেত্রে কাবিন হয় না, হলেও মেয়ের বয়স বাড়িয়ে ১৮ লেখা হয়। মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারে ৯৮ শতাংশ মেয়ে সাধারণত স্কুলে যায় এবং তাদের মধ্যে ৭০ শতাংশ এসএসসি অতিক্রম করে। ৩০ শতাংশের এসএসসির আগেই বিয়ে হয়ে যায় অথবা অন্য কোনো কারণে ঝরে যায়। এসএসসি উত্তীর্ণ ৭০ শতাংশেরও কলেজে ভর্তির পর পরই বিয়ের অনুসন্ধান চলে এবং তার মধ্যে ৬০ শতাংশেরও বেশি মেয়ের এইচএসসির আগে বিয়ে যায় যায়। এটি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। কম-বেশি যা-ই হোক, এদের মধ্যে বিয়ে হয়ে যাওয়া একটি মেয়েরও যদি পরবর্তী সব সুবিধা থাকা সত্ত্বেও কলেজে ভর্তি বঞ্চিত হওয়ার কারণে শিক্ষাজীবনের সমাপ্তি টানতে হয়, তবে তার ক্ষতিপূরণ কে দেবে? নিজের উদাহরণ দিয়ে আমি বলতে পারি, ১৯৭৯ সালে ১৬ বছর ছয় মাস বয়সে এইচএসসি পরীক্ষার ১২ দিন আগে মেয়ে হওয়ার অপরাধে (?) আমাকে বিয়ে দেন শুভাকাঙ্ক্ষী মামারা। এতে মা-বাবার কোনো সম্মতি না থাকলেও তাদের সঞ্চালকের ভূমিকা পালন করতে হয়েছে। তারপর আমি যে উচ্চশিক্ষা শেষ করে প্রতিষ্ঠিত হয়েছি বা শুধু আমি কেন এ রকম লাখো মেয়ে পাওয়া যাবে, যারা বিয়ের পর লেখাপড়া করে স্বাবলম্বী হয়েছে, সেটা কি তখন কলেজগুলোর এ রকম সিদ্ধান্ত থাকলে সম্ভব হতো? ৩২ বছর আগের বিয়েবিষয়ক সামাজিক চিত্র কি এখনো খুব একটা বদলেছে? বরং কলেজ কর্তৃপক্ষ বিবাহিত মেয়েদের কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো প্রণোদনা প্যাকেজ চালু করতে পারে, যাতে অনেক বিবাহিত মেয়ের উচ্চশিক্ষার পথ সুগম হতে পারে।প্রকাশিত সংবাদে আমি আতঙ্কিত এ ভেবে যে, শুধু বিয়ে হওয়ার অপরাধে (?) পরবর্তী সব সুযোগ থাকা সত্ত্বেও অনেক মেয়ের শিক্ষাজীবন এসএসসিতেই শেষ হয়ে যাবে। আমি আশ্চর্য হচ্ছি এ ভেবে যে, সরকারের অনুমোদন ছাড়া কোনো কলেজ কর্তৃপক্ষ এ রকম সিদ্ধান্ত কীভাবে নিতে পারে এবং কলেজ প্রসপেক্টাসেও কীভাবে লিখতে পারে? কুমিল্লা কমার্স কলেজসহ অন্য দুটি কলেজকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি এবং বাল্যবিবাহ রোধে সামাজিকভাবে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আফিয়া বিনতে মরিয়মমোহাম্মদপুর, ঢাকা-১২০৭