এ রাজার সহযোগীর অস্বাভাবিক মৃত্যু
ভারতের সাবেক টেলিকমমন্ত্রী এ রাজার ঘনিষ্ঠ সহযোগী সাদিক বাচার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চেন্নাই পুলিশ তাঁর বাসভবন থেকে সাদিক বাচার ঝুলন্ত লাশ উদ্ধার করে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে। পুলিশ সূত্র দাবি করেছে, বাচা সম্ভবত আত্মহত্যা করেছেন। চেন্নাই পুলিশের কমিশনার টি রাজেন্দ্র বলেছেন, ‘আমরা তদন্ত করছি। পুলিশও ঘটনা খতিয়ে দেখছে।’এদিকে বাচার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি ফাঁসিতে ঝুলেছেন। তাঁকে তাঁর কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দরজা ভেঙে বাচাকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করে।বিজেপি বাচার মৃত্যুর ব্যাপারে দুর্নীতির বিষয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্ত করেতে বলেছে। ভারতে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ নিয়ে সিবিআই তাঁকে এ পর্যন্ত তিনবার জিজ্ঞাসাবাদ করেছে এবং আবারও জিজ্ঞাসাবাদের কথা ছিল। বাচা এ রাজার ঘনিষ্ঠ বলে পরিচিত। তা ছাড়া বাচার সঙ্গে এ রাজার স্বজনদের ব্যবসায়িক অংশীদারিত্বও রয়েছে।