এ রায় মানে না শহীদ আবু তালেবের পরিবার (ভিডিও)
মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লাকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় ভুয়া বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক খন্দকার আবু তালেবের ছেলে খন্দকার আবুল আহসান।আজ মঙ্গলবার রায় হওয়ার পর আবুল আহসান মিরপুর-১০ নম্বর সেকশনের বি ব্লকের নিজ বাড়িতে রায় সম্পর্কে প্রথম আলো ডটকমের কাছে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কাদের মোল্লার অপরাধের পরিপ্রেক্ষিতে এই শাস্তি অতি নগণ্য। এ রায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘আদালতের প্রতি আস্থা আছে। তাই আশা করছি, সরকার যখন আপিল করবে, তখন যেন কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়।’ খন্দকার আবুল আহসান আরও বলেন, ‘কাদের মোল্লার কারণে আমার বাবা প্রাণ হারিয়েছেন। মুক্তিযুদ্ধ শুরুর পরপরই ২৯ মার্চ আমার বাবাকে হত্যা করা হয়। এরপর আমার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাকি জীবন তাঁকে এভাবেই কাটাতে হয়। আমরা আশা করেছিলাম, কাদের মোল্লার মৃত্যুদণ্ড হবে। তাহলে হয়তো বাবা হারানোর শোক, মায়ের অসুস্থতার ব্যথা কিছুটা কাটাতে পারতাম। কিন্তু এই রায় আমাদের হতাশ করেছে।’ শহীদ সাংবাদিকের এই সন্তান আরও বলেন, ‘শুধু আমার পরিবার নয়, মিরপুর ও ঢাকার অন্যান্য এলাকায় কাদের মোল্লার নেতৃত্বে বিহারিরা শত শত মানুষকে হত্যা করেছে। কাদের মোল্লা প্রত্যক্ষভাবে এসব হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এত অপরাধ করার পরও কীভাবে তাঁর এত কম শাস্তি হলো, তা বুঝতে পারছি না।’
কাদের মোল্লার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ ছিল, একাত্তরের ২৯ মার্চ বিকেলে সাংবাদিক খন্দকার আবু তালেবকে আরামবাগ থেকে কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা জল্লাদখানা পাম্পহাউসে নিয়ে জবাই করে হত্যা করে। এই অভিযোগে কাদের মোল্লাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।