সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল
এ রায় যুগান্তকারী, বিরোধী দলকে সংলাপে আসা উচিত: আ.লীগ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। দলীয় নেতারা এই রায়কে যুগান্তকারী ও গণতন্ত্রের জন্য মাইলফলক বলেও মন্তব্য করেন।দীর্ঘসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকলে গণতন্ত্র ব্যাহত হতে পারত বলে তাঁদের ধারণা। তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে দলগুলোর মধ্যে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠা খুব দরকার। তাঁরা এর ওপর গুরুত্বারোপ করেন নেতারা।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার চিরস্থায়ী ব্যবস্থা নয়। এটা আপত্কালীন ব্যবস্থা। দীর্ঘসময় এ ব্যবস্থা রাখলে গণতন্ত্র ব্যাহত হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। তিনি বলেন, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এখনো সময় আছে বিরোধী দলের উচিত বিশেষ কমিটির সঙ্গে আলোচনা করা।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ রায় যুগান্তকারী হয়ে থাকবে। বর্তমান সরকারের অধীনে উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। স্বাধীন নির্বাচন কমিশন থাকায় বর্তমান সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।