এ লড়াইয়ে জিততে হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব—দুজনেরই বয়স ৩০। আরও ১০ বছর আগে থেকে হায়দার হোসেন ৩০ বছর ধরে স্বাধীনতাকে খুঁজে গেছেন। ৩০ বছরটা যেন এক প্রতীক। আর এই প্রতীকের সঙ্গে আমি একাত্ম। কারণ আমিও পার করতে চলেছি ৩০ বছর। আর আমারই সমবয়সী দুজনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর নির্বাসিত জীবন আমাকে দোলা দিয়ে গেল। তাই দুই গ্র্যান্ডমাস্টার রাকিব-রাজীবকে কিছু বলার ইচ্ছা:আড়াই বছর নির্বাসিত জীবনে আপনারা দুজন। কিন্তু কার কী লাভ হলো? আপনারা নিজেরাই বা কী পেলেন এই নির্বাসিত জীবন থেকে? এই প্রশ্নগুলো বড় হয়ে উঠেছে। কিন্ত এর সমাধান কী? দুজনের কথায় কোনো আশার আলো তো দেখতে পেলাম না। রাজীবের ভাষায়, ‘বড় বিরতি পড়েছে। আগের মতো খেলতে চাইলে দ্বিগুণ শ্রম দিতে হবে।’ রাকিব বলেছেন, ‘আড়াই বছর খেলছি না। ফেরার জন্য ইতিবাচক কিছু নেইও। যে লোকগুলোর প্রতি অনাস্থা জানিয়ে আমরা সরে দাঁড়িয়েছি তাঁরা এখনো আছেন। ছোটবেলা থেকে দাবা নিয়ে একটা পথ তৈরি করেছি, তাতে হঠাৎ বড় বিরতি।’স্টেডিয়ামের গত সংখ্যায় খুব মনোযোগ দিয়ে কথাগুলো পড়ছিলাম। আপনাদের ভাষ্যমতে আপনাদেরই জীবনের গতিশীলতা স্থবির হয়ে পড়ছে। এর সঙ্গে অবশ্যই বলব, এ দেশের দাবা অঙ্গনে কিছুটা হলেও স্থবিরতা কাজ করছে। আপনাদের মতো রত্ন যখন মুখ লুকায়, তখন তো সব বিলীন হওয়ার পথে। আপনাদের স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার প্রধান কারণ দাবা ফেডারেশনে সরকার মনোনীত কমিটি পচ্ছন্দ হয়নি।আপনাদের মতো বুদ্ধিদীপ্ত মানুষের কাছে জানতে চাই, সরকারে যে দল থাকে, সে দলের সবাই আমাদের মনের মতো না হলে কি আমরা দেশ ছেড়ে চলে যাব? একের পর এক রাস্তায় বাসের ধাক্কায় যে মৃত্যুর মিছিল বেড়ে চলছে, আমরা কি রাস্তায় বের হওয়া বন্ধ করে দেব! আর আপনারা যাঁদের জন্য নির্বাসনে গেলেন তাঁরা তো বহাল তবিয়তেই আছেন। তবে আর কত দিন থাকবেন চুপ করে?আপনাদের সঙ্গে আমিও একমত, হয়তো ফেরার পরিবেশ নেই। কিন্তু কেউ কি কারও জন্য পরিবেশ তৈরি করে দেয়? কথায় আছে, না কাঁদলে মাও বাচ্চাকে দুধ দেয় না। আপনারা অবসর পেয়েছেন বলে বই পড়ছেন, বই তো মানুষকে শক্তি জোগায়। আপনারা কেন মুখোমুখি হচ্ছেন না দাবা ফেডারেশনের? আপনারা কি ভুলে গেছেন বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, একানব্বইয়ের গণতন্ত্র—এ দেশের সব আন্দোলনের পেছনে কাজ করেছে আমাদের মতো তরুণেরাই। আপনাদের ভয় কিসের, কেন নিজেদের ক্ষতি তথা দেশের ক্ষতি করছেন? এগিয়ে আসুন, নিজের মতামতের কথা তুলে ধরুন। বাধা দিলে বাধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। আপনারা শুরু করুন দেখবেন সাথি পেয়ে গেছেন। বাঙালি যেকোনো ন্যায়ের পথে, মুক্তির পথে সব সময় একাত্মতা প্রকাশ করেছে এবং জয়ের স্বাদও গ্রহণ করেছে। এবারও করবে, আপনারা ফিরে আসুন নির্বাসিত জীবন থেকে। আবার দেশকে এনে দিন একের পর এক সফলতা। আপনারা দেশ ও জাতির গর্ব। কিছু মানুষের জন্য এ দেশের দাবা থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। সুপা সাদিয়া, ধানমন্ডি, ঢাকা