ববি কলিনস লোকটা স্রেফ ফাজলামো করে খান। বলতে পারেন, তা কী করে হয়? উত্তর হচ্ছে, এ দেশে হয় না, তবে অন্যান্য দেশে ঠিকই হয়। হ্যাঁ, যাঁকে বলে পেশাদার ‘কমেডিয়ান’, ববি কলিনস হচ্ছেন তা-ই। বাড়ি তাঁর যুক্তরাষ্ট্রের সান্টা মনিকায়। ২৭ বছর ধরে তিনি মানুষকে কৌতুক শুনিয়ে আনন্দ দিচ্ছেন। শুধু আনন্দ দিচ্ছেন বললে ভুল হবে, আনন্দের পাশাপাশি সমাজের অসংগতিগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তাঁর কৌতুক শুনলে হাসি পায়, কিন্তু পাশাপাশি মনের গভীরে জেগে ওঠে ভাবনা। জেগে ওঠে প্রশ্ন, আরে তাই তো! এমনটা কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা না!এখানে কেউ না চিনলেও যুক্তরাষ্ট্রে ববি কলিনস বেশ জনপ্রিয়। গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পাওয়া এই মানুষটাকে নিয়ে ওখানকার সংবাদমাধ্যমগুলোরও উচ্ছ্বাস কম নয়।ববি কলিনস ঢাকায় এসেছিলেন নাভিদস কমেডি ক্লাবের আমন্ত্রণে। দিন তিনেকের জন্য এসে এপ্রিলের ৯ আর ১০ তারিখে ক্লাব আমাজনে দুটো আসরও করে গেলেন। আসরে বসে হাসতে হাসতে দর্শকদের মনের যত দুঃখ-ব্যথা ছিল, সব উবে গেল চোখের নিমিষে। মন হয়ে গেল হিলিয়াম বেলুনের মতো হালকা। মানুষটার দেখার দৃষ্টি যেমন গভীর, তেমনি চমৎকার তাঁর উপস্থাপনা! আর কী উপস্থিত বুদ্ধি! রসবোধ তাঁর এমন তীব্র যে আসরের শুরুতে যাঁরা বসেছিলেন কৌতুক শুনতে, তাঁরা আসর শেষ হওয়ার পরও হেসেই গেছেন।বিমানবন্দর থেকে হোটেলে আসতে আসতেই ঢাকা শহর সম্পর্কে বেশ ভালোই জ্ঞান পেয়ে গেছেন কলিনস। সেই জ্ঞান নিয়ে কৌতুক করতেও ছাড়লেন না। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মাইকে ইংরেজিতে একটা জরুরি ঘোষণা দেওয়া হলো, ‘অমুক নম্বরের গাড়িটা ঠিকভাবে পার্ক করা হয়নি, সে জন্য অন্যান্য গাড়ি পার্ক করতে সমস্যা হচ্ছে।’মঞ্চে উঠে ববি কলিনস তখন সবে তাঁর গা থেকে কোটটা খুলছিলেন। কিন্তু ঠিকই খপ করে কথাটা ধরে ফেললেন, ‘তো? যাঁর গাড়ি তাতে তাঁর কিছু আসে যায় নাকি?’ ব্যস, সবাই হেসে ফেললেন সঙ্গে সঙ্গে। ববি কলিনস থামলেন না, ঢাকার যানজট আর রাস্তায় চালকদের উদাসীনতা নিয়ে চলতে থাকল একের পর এক রসিকতা। দর্শকদের বললেন, ‘আগে তো বুঝিনি, পরে মনে হলো, গাড়িতে করে আসার সময় একটা হেলমেট মাথায় পরে রাখলে বোধ হয় মন্দ হতো না।’অবশ্য নিজের দেশ, সমাজ, ঘর-সংসার নিয়েও কম মশকরা করেননি কলিনস। যুক্তরাষ্ট্রের হিপহপ সংস্কৃতি, জনসাধারণের ওষুধপ্রীতি, নিউইয়র্কের ‘ট্রিগার হ্যাপি’ পুলিশ কিংবা স্ত্রীর অত্যাচার—সবকিছুই ছিল তাঁর কৌতুকের বিষয়। এমনকি উপস্থিত দর্শকদেরও কম নাচন নাচাননি তিনি। তাঁদের প্রশ্ন করে আর নানা বুদ্ধিদীপ্ত মন্তব্য ছুড়ে ভীষণ ঘায়েল করলেন কতক্ষণ। দুই-একজন দর্শক অবশ্য ববির সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষে তাঁর উপস্থিত বুদ্ধির খোঁচা খেয়ে একেবারে চুপসে গেলেন। আসর ভাঙলে যখন কলিনসকে একা পাওয়া গেল, তখন ভীষণ ক্লান্ত তিনি। তবুও সাগ্রহে কথা বললেন ববি কলিনস। ‘কী করে পারেন এভাবে তাত্ক্ষণিক মজা করতে?’ ববি কলিনস হেসে জবাব দিলেন, ‘এটা আমার জন্মগত প্রতিভা। নিউইয়র্ক টাইমস বলেছিল, আমি এ সময়ের সবচেয়ে ন্যাচারাল কমেডিয়ান। আমিও তা-ই মনে করি।’—দর্শকদের নিয়ে কোনো সমস্যা হয় না?—নাহ, ২৭ বছর ধরে আমি এ কাজ করছি, দর্শকদের মনোযোগ আমি আমার দিকে বেশ ভালোই ধরে রাখতে পারি। তাই কোনো সমস্যা হয় না। —ঢাকা শহর ঘুরেছেন?—খানিকটা।—কেমন লাগল?—ভালো, সংসদ দেখলাম, নিউমার্কেটে গেলাম। সেখানে লোকজন দেখি খুব দরদাম করে জিনিসপত্র কেনে। আমি একসময় দরিদ্র ছিলাম, তখন দরদাম করে জিনিসপত্র কিনতাম। এখানে এসে সে কথাগুলে মনে পড়ে গেল।—হাসি পেল কোনো কিছু দেখে?—হ্যাঁ, এ শহরে সবাই ফুলপ্যান্ট পরে। এত গরমের দেশ, অথচ একটা লোকও খুঁজে পাইনি যে হাফপ্যান্ট পরে। —খারাপ লাগার তালিকায় মনে হয় অনেক কিছুই আছে, তাই না?—প্রথমে ছিল, কিন্তু ভেবে দেখলাম এটা একটা উন্নয়নশীল দেশ। কাজেই এখানে এমনটা হতেই পারে। তবে সরকারের উচিত জনগণের দিকে আরও বেশি খেয়াল রাখা। টাকার অভাব আছে, এমনটা মনে হলো না। আসলে অর্থ আছে, কিন্তু অর্থপ্রবাহ নেই। ঢাকার মানুষজন একেবারে অন্য রকম। খুব আন্তরিক, লাজুক ও পরোপকারী। নিজেকে তারা অন্যের চোখ দিয়ে দেখতে চায়, অন্যের দেখাকে গুরুত্ব দেয়। এরা একে অন্যের ওপর ভরসা করে, এই ব্যাপারটায় পৃথিবীর অন্য যেকোনো দেশের মানুষের চেয়ে ঢাকার মানুষ আলাদা।—আবার আসবেন এখানে?—আসব মানে? আমি তো পরের বার আমার স্ত্রীকে নিয়ে আসার কথা ভাবছি। আমার দেশে গিয়ে আমি সবাইকে ঢাকার কথা বলব। আমার মতো আরও যাঁরা আছেন, তাঁদের কাছেও গল্প করব। আমার ২৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য শো করেছি, কিন্তু কোথাও এত লোক অনুষ্ঠানের শেষে এসে এমন আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে যায়নি। আমার মনে হলো, হাজারটা সমস্যার ভেতর থাকতে থাকতে ঢাকাবাসী হাসার সুযোগ পায় না। তাই এখানে সবকিছুর চেয়ে সবচেয়ে যে জিনিসটা দরকার, সেটা হলো নির্মল আনন্দ। এ শহরের মানুষকে হাসতে হবে। কারণ, হাসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো ওষুধ।