এ শূন্যতা পূরণ হওয়ার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলে গেলেন অপলা ফরহাত নবেদ, মাত্র ৫৪ বছর বয়সে। রোগযন্ত্রণায়ও ভুগেছেন বেশ কয়েক বছর। ওয়াহিদুল হক ও সন্জীদা খাতুনের প্রথম সন্তান তিনি। বেড়ে উঠেছিলেন এক দেশপ্রেমী সংগ্রামী পরিবারের মধ্যে, যে পরিবার এ দেশের সংস্কৃতির জন্য যুগ যুগ ধরে লড়াই-সংগ্রাম করেছে, পুরোধা ব্যক্তিত্ব হিসেবে নেতৃত্ব দিয়েছে, কখনো মাথা নত করেনি, আপস করেনি। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসংগীতকে এ দেশে প্রতিষ্ঠিত করার জন্য তাঁরা পাকিস্তানি সামরিক শাসককেও তোয়াক্কা করেনি। এ দেশের রবীন্দ্রসংগীতচর্চার বিরুদ্ধে নানা চক্রান্ত প্রতিহত এবং রবীন্দ্রচর্চার মুক্ত পরিবেশ তৈরির জন্য তাঁরা এ দেশের নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিয়ে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপন করার প্রস্তুতি নেন এবং সফল ও সমৃদ্ধভাবে সেই জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। এরই ধারাবাহিকতায় একপর্যায়ে ছায়ানট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সেই পরিবারের মেয়ে অপলা রবীন্দ্রসংগীত শিখে, ভালোবেসেই বড় হয়েছেন। মায়ের কাছ থেকে নিশ্চয়ই পেয়েছিলেন সামনে এগিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা। তিনি ছায়ানটের ছাত্রছাত্রীদের গান শেখাতেন। দারুণ পছন্দের শিক্ষক ছিলেন তিনি। নিজেও শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগে। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। আমি ভাবছি আমার প্রিয় শিক্ষক সন্জীদা আপার কথা, যাঁর ওপরটা শক্ত-কঠোর। তবে ভেতরটা মোমের মতো নরম। সেটি তিনি দৃঢ়তার সঙ্গে লুকিয়ে রাখতে জানেন। কিন্তু এখন, এখন তিনি কী করবেন!ভেতরটা তো নিরন্তর ভেঙে চুরমার হয়ে যাবে। আজ এই মুহূর্তে আমার একটি কথা বারবার মনে পড়ছে। রমনার বটমূলে বোমা হামলার পর আমি কলকাতা গিয়েছিলাম সেখানে আমাদের দেশের বিশিষ্ট আলোকচিত্রী সাইদা খানমের সত্যজিৎ রায়কে নিয়ে এক প্রদর্শনী কভার করতে। তখন আমার সুযোগ হয়েছিল প্রখ্যাত লেখক অন্নদা শঙ্করের বাসায় যাওয়ার। বোমা হামলা নিয়ে আলোচনার এক ফাঁকে উদ্বিগ্ন কণ্ঠে আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘ছায়ানটের প্রধান এখন কে?’ আমি সন্জীদা আপার নাম বলামাত্রই তিনি অনেকটা স্বস্তির সঙ্গে বলেছিলেন, ‘ও, তাহলে ঠিক আছে। সন্জীদাই পারবে চালিয়ে নিতে।’ হ্যাঁ, আপা পেরেছিলেন। প্রার্থনা করি, এবারও যেন তিনি শোক সামলেউঠতে পারেন।গত বছর অপলার দাদাবাড়ি কেরানীগঞ্জের আঁটিতে বাবা ওয়াহিদুল হকের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে স্থানীয় মানুষের সন্তানকে রবীন্দ্রসংগীত শেখানোর জন্য বাবা ওয়াহিদুল হক একটি সংগঠন তৈরি করে গেছেন। অপলা অসুস্থ অবস্থায় তাঁর ছায়ানটের ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে সেদিন গিয়েছিলেন এবং রক্তদান ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছিলেন।অপলার মেয়ে স্বায়ন্তনী তৃষা, স্বামী নেয়াজ মোর্শেদ কাদরী ও শাশুড়ি অশ্রুসজল কণ্ঠে বিদায় দিলেন তাঁকে। সন্জীদা আপা বারবার মূর্ছা যাচ্ছেন। লাইসা আহমেদ লিসাসহ অন্যদের গাওয়া রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে তাঁকে নেওয়া হলো বারডেম হাসপাতালে। তাঁর ইচ্ছা অনুযায়ী দেহটি পরের দিন দান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বারবার মনে হলো—সঙ্গে করে নিয়ে এসেছিলেন মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তিনি করে গেলেন দান।