জামায়াত-শিবিরের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষের বা পুলিশের যে সংঘাত শুরু হয়েছে, তা অপ্রত্যাশিত কিছু নয়, অনিবার্য ছিল। ৪১ বছর ধরে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তারা আইনের ঊর্ধ্বে অবস্থান করেছে এবং সব ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। তারা এ ব্যাপারে নিশ্চিন্তবোধ করেছিল যে, বাংলাদেশে একাত্তরের কর্মকাণ্ডের জন্য তাদের কখনোই জবাবদিহি করতে হবে না। কিন্তু শাহবাগের গণজাগরণ তাদের সেই ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। তাই তারা এখন মরণ কামড় দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। ঠিক যেভাবে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আঘাত হেনে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। এখন তারা আবারও সেই সহিংস রূপে আত্মপ্রকাশ করেছে। অনেকেই গণজাগরণকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে কারা লাভবান হচ্ছে, সেই হিসাব মেলাচ্ছেন। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কাছে এই হিসাব অর্থহীন। সন্দেহ নেই, যারা মুক্তিযুদ্ধের সপক্ষ রাজনৈতিক শক্তি, তারা এ আন্দোলন থেকে লাভবান হবে। আর তারা লাভবান হবে বলে এই আন্দোলনকে সমর্থন দেবে না, এটা তো হতে পারে না। এটাও স্বাভাবিক, যারা মানবতাবিরোধী অপরাধের বিচার চায় না, তারা শাহবাগের গণজাগরণের মঞ্চকে সমর্থন দেবে না। শুধু এখনই নয়, পঁচাত্তর-পরবর্তী সময়ে পুনর্বাসিত হয়ে বিচারের ঊর্ধ্বে থেকে জামায়াত-শিবির একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে গেছে। আজ তরুণ প্রজন্ম যখন তাদের এই মানবতাবিরোধী বর্বর এবং মুক্তিযুদ্ধের মৌলিক নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের সমুচিত শাস্তি দাবি করছে, তখন স্বাধীনতাবিরোধী চক্র সেই চেতনাকে ধ্বংস করার জন্য ন্যক্কারজনকভাবে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নানা কৌশল অবলম্বন করছে। সেই একই ধরনের ধর্মের জিকির তুলে নিজেদের অন্যায় আচরণকে বৈধতা দেওয়ার প্রয়াস চালাচ্ছে। সরকারের কাছে প্রত্যাশা, তারা আইনানুগভাবে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে। মুক্তিযুদ্ধের সপক্ষের সমর্থক গোষ্ঠীকে জামায়াতের আক্রমণ থেকে রক্ষা করা এবং যেকোনো সহিংস কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষার দায়িত্ব সরকারের। জামায়াত যখন ঘোষণা বা হুমকি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ওপর আঘাত হানে তখন প্রশ্ন জাগে, সরকার এদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না কেন? সরকারের এটাও অজানা থাকার কথা নয়, এসব সহিংস ঘটনার পেছনে কারা উসকানিদাতা বা সমর্থন জোগায়। তাদের দমন করাও সরকারের সাংবিধানিক দায়িত্ব। কাজেই আমরা আশা করব, সরকার এ ক্ষেত্রে তার দায়িত্ব কঠোরভাবে পালন করবে।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা