এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে। কেননা, এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার।রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে আজ বুধবার অনুষ্ঠিত বিএনপির দিনব্যাপী গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। বাড়াবাড়ি করলে পুলিশ, প্রশাসন ও গোয়েন্দাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দেন।সোয়া পাঁচটা থেকে সোয়া ছয়টা পর্যন্ত বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে প্রধান উপদেষ্টা নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। খালেদা জিয়া বক্তব্য শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসমেরি এস ইসলাম, কণ্ঠশিল্পী বেবি নাজনীন তাঁকে পানি খাইয়ে অনশন ভাঙান।বিরোধীদলীয় নেতা বলেন, এই সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলছে, চলবে। ঈদের পর সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে যত আন্দোলনের প্রয়োজন, তত আন্দোলন করা হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও বিজয় অর্জন করতে হবে। এ জন্য আরেকটা সংগ্রাম করব। আরেকবার গর্জে উঠব।’ঈদের পর শুরু হওয়া কর্মসূচি প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘আর জ্বালাও-পোড়াও, ভাঙচুর-ধ্বংসের রাজনীতি নয়, হরতাল নয়। মানুষকে নিয়ে মধ্যপ্রাচ্যের মতো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।’সকাল ১০টার আগ থেকেই বিএনপির নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জড়ো হতে থাকেন। চারদলীয় জোটের শরিক দলের নেতারাও এসেছিলেন। এর বাইরে গণ-অনশন কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে দুপুর সাড়ে ১২টার দিকে যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদ।গণ-অনশনে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের বর্বরোচিত হামলা ও হরতালের দিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল রেখে পাস হওয়া পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি এ গণ-অনশন কর্মসূচি দিয়েছিল।প্রতীকী অনশন, হালকা খাবারে সমস্যা নেই: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের গণ-অনশন মঞ্চ থেকে বাইরে গিয়ে পানি, আখের রস, আনারস খাচ্ছিলেন কেউ কেউ। অনশনে খাচ্ছেন? জানতে চাইলে তাঁরা বলেন, ‘এটি প্রতীকী অনশন। পানিজাতীয় হালকা খাবার খেলে সমস্যা নেই।’নিরাপত্তা জোরদার: গণ-অনশন কর্মসূচি উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় আছেন। রাখা হয়েছিল প্রিজন ভ্যান, পিকআপ ভ্যান ও জলকামানবাহী গাড়ি।সড়ক বন্ধ: মত্স্য ভবন থেকে শাহবাগের দিকে যেতে রাস্তার বাঁ-পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফলে প্রেসক্লাব, মিন্টো রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়।বিএনপির গণ-অনশন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা রাস্তায় অবস্থান নেওয়ায় রাজধানী ঢাকা যানজটে অচল হয়ে পড়ে। যানজটের কারণে মানুষকে গন্তব্য যেতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়েছে। দিনভর যানজটের এই ধকল রাত অবধি চলেছে।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে বিএনপির গণ-অনশন শুরু হয় দুপুরে। কিন্তু সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে ও দল বেঁধে কর্মসূচিস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে শাহবাগ থেকে প্রেসক্লাবে যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। ফলে অনেক বাস বিকল্প পথে মত্স্য ভবনের পাশ দিয়ে এবং চানখাঁরপুল দিয়ে চলাচল করে। কারওয়ান বাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় স্বাভাবিক সময়েও যানবাহনের চাপ থাকে। কিন্তু রমনা ও পুরোনো এলিফ্যান্ট রোড বিকল্প পথ হিসেবে ব্যবহূত হওয়ায় যানবাহনের চাপে সারা দিনই এ এলাকা যানজটে প্রায় অচল ছিল। প্রচণ্ড গরমে বাসে বসে যাত্রীদের হাঁসফাঁস করতে দেখা গেছে।দৈনিক বাংলা মোড়ের কম্পিউটার দোকানের এক কর্মী সাইফুল ইসলাম বিকেলে বলেন, বিক্রয়োত্তর সেবা দেওয়ার জন্য দুপুরে দৈনিক বাংলা মোড় থেকে শ্যামলী যেতে তিন ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় মানিক মিয়া এভিনিউয়েও যানজটে পড়তে হয়। তিনি বলেন, মানিক মিয়া এভিনিউয়ে যানজটে পড়া নতুন অভিজ্ঞতা। আসাদগেট থেকে রূপসী বাংলা হোটেল পার হতে দুই ঘণ্টা সময় লাগে বলে তিনি জানান।নগরের মূল সড়কের একাংশ বন্ধ হয়ে যাওয়ায় কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার ও মালিবাগ এলাকায় দীর্ঘস্থায়ী যানজট লাগে। দুপুরের পর যানজট আরও বেড়ে যায়। বিকেল পাঁচটার পর সড়কগুলোতে যানবাহনগুলো যেন গতি হারিয়ে ফেলে।এদিকে তীব্র যানজটের কারণে সময়মতো বাস গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে বিকেলে অফিস ছুটি হওয়ার পর যানবাহন-সংকটও দেখা দেয়। ফার্মগেট বাসস্ট্যান্ডে বিকেলে কয়েক শ মানুষকে যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।