এ সম্মাননা ইন্দিরার একার নয়, সমগ্র ভারতের: সোনিয়া
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা আজ সোমবার গ্রহণ করেছেন তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধী। পুরস্কার গ্রহণ করে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া বলেন, ‘ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা গ্রহণ করতে পেরে আমি গর্বিত। এই সম্মাননা কেবল ইন্দিরার একার নয়, সমগ্র ভারতের।’আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাত থেকে সোনিয়া গান্ধী সম্মাননা গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে বিদেশিদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) দেওয়া হলো।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা ভোলার নয়। তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী ওই দুঃসময়ে পাশে ছিলেন বলেই আমাদের বিজয় অর্জন তরান্বিত হয়েছিল।’অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সীমান্ত পাড়ি দেওয়া বাংলাদেশের প্রায় এক কোটি শরণার্থীদের ভারত শুধু আশ্রয়ই দেয়নি, পাশাপাশি বাংলাদেশের সরকারকে রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও মানসিক—সব ধরনের সমর্থন দিয়েছে।এদিকে স্বাধীনতা সম্মাননা গ্রহণের পর কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয়, হারিয়ে যাওয়া মানুষগুলোকে যদি আবার ফিরিয়ে আনা যেত। যদি তাঁদের সঙ্গে নিজের অনুভূতিগুলো ভাগ করে নেওয়া যেত—এটা এমনই এক সময়। আবেগঘন কণ্ঠে সোনিয়া বলেন, ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করতে পেরে আমি গর্বিত।’সোনিয়া মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের ও যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।এদিকে রাতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের ক্ষমতাশীল জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স—ইউপিএ) চেয়ারপারসন ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়াকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান রাত সোয়া নয়টার দিকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।