এ সরকার পদ্মা সেতু করতে পারবে না: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দুর্নীতির কারণে এ সরকার পদ্মা সেতু করতে পারবে না। আর এ দুর্নীতির সঙ্গে কারা জড়িত, বিশ্বব্যাংক স্পষ্ট করে সরকারকে জানিয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্বব্যাংক টাকা ছাড় করবে না। সেই সঙ্গে আইএমএফ, জাইকাসহ অন্যান্য দাতা গোষ্ঠীও টাকা ছাড় করবে না। ‘আমরা জানি, কারা এ দুর্নীতির সঙ্গে জড়িত। তাই আমরা ক্ষমতায় এলে তাদের কাঠগড়ায় দাঁড় করাব।’খুলনা সার্কিট হাউস ময়দানে বিএনপিসহ চার দল এবং সমমনা দলের আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন।এর আগে যশোরে খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে। একটি হবে মাওয়ায় অন্যটি পাটুরিয়ায়। টিপাইমুখ বাঁধ সম্পর্কে তিনি বলেন, ‘এই সরকার টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। এরা এ দেশের স্বার্থ রক্ষা না করে ভারতের তাবেদারি করছে। তাই জনগণের স্বার্থ রক্ষার জন্য বিরোধী দল হয়েও আমরা ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। মনমোহন সিং সেই চিঠির জবাব দিয়েছেন। আমি ঢাকার বাইরে চলে আসায় দেখতে পাইনি। ঢাকায় গিয়ে দেখে সবাইকে এ ব্যাপারে জানাব।’খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলামের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তৃতা করেন এলডিপির চেয়ারম্যান অলি আহমদ। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নায়েবে আমির আবদুস সোবহান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই।এর আগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলা ১০টায় এক পথসভায় খালেদা জিয়া বলেন, সেনাবাহিনী ছাড়া এ দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নামানো হয়েছিল বলেই সেখানে বিএনপি জয়লাভ করেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) তিনি ভোট কারচুপির মেশিন বলে উল্লেখ করেছেন।সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হতে হবে। তার আগে বর্তমান নির্বাচন কমিশনকে বিদায় দিতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন আরও বলেন, ‘সরকার প্রতিদিন ব্যাংক থেকে ১২০ কোটি টাকা করে ঋণ নিচ্ছে। এরই মধ্যে ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়ে গেছে। এভাবে চলতে থাকলে সব ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। যার জন্যে এ সরকারকে সরানোর জন্যে আমরা উঠে পড়ে লেগেছি।’টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশে ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে। এতে দুই দেশের কতটা লাভ হবে, সমীক্ষার মাধ্যমে তা দেখার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমান সরকার এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকার দুর্বল ও দুর্নীতিবাজ। এদের দিয়ে উন্নয়ন হবে না।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য কমাবে। সরকার তিস্তার পানি বণ্টন চুক্তি করতে পারেনি। চুক্তি হবে কি না, তা নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের ধ্বংস করতে ভারত সীমান্তে ফেনসিডিল উত্পাদন করা হচ্ছে। সরকার এর প্রতিবাদ করছে না।নির্বাচনে হারার ভয়ে সরকার সেনা মোতায়েন করতে চায় না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সেনা মোতায়েন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করতে পারবে না। তাই সেনা মোতায়েন করছে না।’ তিনি নির্বাচনে সেনা মোতায়েন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল এবং নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।বিরোধীদলীয় নেতা যশোর থেকে ফেরার পথে বাগেরহাটে যান। সেখানে তিনি হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।