এ সরকার ভারতের কাছে জিম্মি: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চুক্তির মাধ্যমে সরকার ভারতের কাছে জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, বিএনপিও ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। কিন্তু তা হতে হবে সমতার ভিত্তিতে। নতজানু পররাষ্ট্রনীতিতে নয়।আজ শনিবার লেবার পার্টির মানবাধিকার কনভেনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা ফখরুল বলেন, ‘সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে ভারত আমাদের ভেতরে ঢুকিয়ে রাখছে, সমুদ্রসীমা চিহ্নিত করছে না। অথচ আমরা আমাদের ট্রানজিট ও বন্দর ভারতকে দিয়ে দিচ্ছি।’ তিনি বলেন, ‘এটাকে পররাষ্ট্রনীতি বলে না, এটা নতজানু পররাষ্ট্রনীতি।’ এদিকে মির্জা ফখরুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ছেলেকে রক্ষার জন্য নয়, বিরোধী দল বিএনপির নেত্রী খালেদা জিয়ার আন্দোলন বহুদিনের। তিনি বলেন, খালেদা জিয়া ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নয় বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন। জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সংস্থার আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, জনগণ কোনটা ভালো আর কোনটা মন্দ তা ভালো করেই বোঝে।