এ সরকারের আমলে সাংবাদিক নিহত বা নির্যাতিত হয়নি: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। জানামতে, পেশাগত দায়িত্বপালনকালে বর্তমান সরকারের আমলে কোনো সাংবাদিক সরকারের কোনো সংস্থার হাতে নির্যাতিত বা নিহত হননি। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপন করা হয়।সরকারি দলের সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে ১২টি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৭১ টেলিভিশন, এটিএন নিউজ, মাছরাঙা কমিউনিকেশন লি., সময় টেলিভিশন, মাই টিভি, মোহনা টেলিভিশন লি., জিটিভি, বিজয় টিভি, চ্যানেল-৯, চ্যানেল টুয়েন্টিফোর এবং এস এ চ্যানেল। নতুন করে বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যায়ক্রমে বিবেচনা করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের ১৫ জুন পর্যন্ত টেলিভিশন ও লাইসেন্স ফি বাবদ পাঁচ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকা আয় হয়েছে। বাংলাদেশ বেতার বিজ্ঞাপন বাবদ মে মাস পর্যন্ত ছয় কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব আয় করেছে।