এই সরকারের আমলে দেশের প্রায় ২০ শতাংশ নারী নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। সরকারদলীয় সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দ্বারাই বেশির ভাগ নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এ অভিযোগ করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের সঙ্গে এক চা-চক্রে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে গতকাল সোমবার বিকেলে বিএনপি এই চা-চক্রের আয়োজন করে।খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার নারীর ক্ষমতায়নের কথা বলে। কিন্তু তাদের কথা ও কাজে অমিল পাওয়া যায়। খালেদা জিয়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি মনে করে, সরকার কথা না বলে কাজের মাধ্যমে জনগণের কল্যাণে এগিয়ে আসবে।বিএনপির চেয়ারপারসন বলেন, দলীয় লোকজনের ওপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ ছাড়া নির্যাতন প্রতিরোধে সরকারের তেমন আগ্রহও দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, সরকার নাম পরিবর্তন আর বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাতে ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনী ওয়াদা পূরণে সরকার তাই সময় পাচ্ছে না।অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশার এসব নারীর কেউ কেউ খালি-গলায় গান পরিবেশন করেন। খালেদা জিয়া দেশের উন্নয়নে নারীদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসমেরী এস কে ইসলাম, নাসরিন আউয়াল মিন্টু, হাসনা মওদুদ, তালেয়া রহমান, হামিদা রহমান, এলিনা খান, সুলতানা জামান, সাইদা রফিক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, ইতালি, যুক্তরাজ্য, ওমান ও সুইডেন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য সারোয়ারী রহমান, সহসভাপতি রাজিয়া ফয়েজ, রাবেয়া সিরাজ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী-সদস্যরা উপস্থিত ছিলেন।