এ সরকারের তিন বছরে ২১ জনের মৃত্যুদণ্ড মাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে ২১ জনের মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে রাষ্ট্রপতি এসব ফাঁসির দণ্ড মাফ করেন।গতকাল বুধবার সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।সাংসদ ফজলুল আজিমের প্রশ্ন ছিল, ১৯৭২ থেকে ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমায় মোট কতজন ফাঁসির আসামি ক্ষমা পেয়েছেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, স্বাধীনতার পর (১৯৭২ থেকে ২০১১ পর্যন্ত) মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোট ২৫ জন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। এর মধ্যে ১৯৮৭ সালে একজন, ২০০৫ সালে দুজন, ২০০৮ সালে একজন, ২০০৯ সালে একজন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে দুজন। এতে দেখা যায়, গত ৪০ বছরে ২৫ জন ক্ষমা পেলেও বর্তমান সরকারের তিন বছরে রেকর্ড ২১ জন ক্ষমা পেয়েছেন।সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ বন্দী আছে। দেশের ৬৮টি কারাগারের মধ্যে দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও রাঙামাটি ছাড়া সব কটিতেই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী আছে। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা দুই হাজার ৬৮২ জন। সেখানে আছে সাত হাজার ৮৩০ জন। মন্ত্রী জানান, দেশের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা ৩৩ হাজার ৪৩৬ জন। আর বন্দী আছে ৬৪ হাজার ২৫৫ জন। সাংসদ ফজলুল আজিমের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, বর্তমান সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে বাংলাদেশ। এ ছাড়া ভারত সরকারের অনুরোধে সে দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে।