আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত কৌশলে আমিনীকে ব্যবহার করে হরতাল করিয়েছে। এ হরতাল আমিনীর নয়, এটা বিএনপি-জামায়াতের। এ হরতাল খালেদা-নিজামীর। তাঁরা নারীনীতি ও শিক্ষানীতির প্রকাশ্যে বিরোধিতা করতে পারছে না। তাই আমিনীকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।গতকাল সোমবার বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের নেতাদের উদ্দেশে বলেন, ‘নারীনীতি ও শিক্ষানীতি নিয়ে আপনারা প্রকাশ্যে বিরোধিতা করুন। হরতাল ডাকুন। আমিনীর পাঞ্জাবির নিচে আশ্রয় নেবেন কেন আপনারা? তাঁর পাঞ্জাবির নিচে লুকোচুরি খেলবেন কেন?’সৈয়দ আশরাফ হরতাল সফল হয়নি বলে দাবি করে বলেন, হরতালে জনগণ সাড়া দেয়নি। হরতালের পক্ষে বিএনপি-জামায়াত টাকা ও কর্মী সরবরাহ করেছে। মুষ্টিমেয় কিছু টুপি পরা লোক ছাড়া পুলিশের ওপর আক্রমণে ছিল বিএনপি-জামায়াতের কর্মীরা। যারা সন্ত্রাস করেছে, তাদের আইনে সোপর্দ করা হবে। সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, নারীনীতি ও শিক্ষানীতি সবার মতামতের ভিত্তিতে করা হয়েছে। যারা নারীনীতির বিরোধিতা করছেন, তাঁরা তা পড়ে দেখেননি। বর্তমান সরকারের মন্ত্রিসভা সবার জন্য উন্মুক্ত। যে কেউ ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে পারেন। তিনি বলেন, কেউ কেউ পবিত্র কোরআনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অবমাননা করতে চায়। দেশকে তারা পাকিস্তান-আফগানিস্তান বানাতে চায়। বিএনপি-জামায়াত তাদের সহায়তা করছে। জাতির সামনে বিএনপি-জামায়াতের মুখোশ উন্মোচন করা হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। কোনোক্রমেই দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে দেওয়া হবে না। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া সৌদি আরব গেলেন ওমরাহ হজ করতে। তাঁকে বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হলো। ওমরাহ হজ করতে গেলে কাউকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এমনটা বর্তমানে তো নয়ই, পাকিস্তান আমলেও কেউ দেখিনি। প্রতিবছর দেশের হাজার হাজার মানুষ হজ করেন। কেউ তো সংবর্ধনা নেননি। উনি কী লঙ্কা বা সৌদি আরব বিজয় করে এসেছেন যে তাঁকে বিমানবন্দরে সংবর্ধনা দিতে হবে?’ তিনি দাবি করেন, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো। রেমিট্যান্স প্রবাহও ভালো। পর্যায়ক্রমে এটা বাড়তেই থাকবে। মধ্যপ্রাচ্যে অশান্তি সত্ত্বেও শ্রমশক্তি রপ্তানি অব্যাহত থাকবে। মুজিবনগর দিবসের কর্মসূচি: গতকাল ধানমন্ডির দলীয় কার্যালয়ে মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। এবার ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তিনি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, নারী উন্নয়ননীতিতে কোরআন ও সুন্নাহবিরোধী কিছু নেই বলেই ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালকে প্রত্যাখ্যান করেছেন দেশের জনগণ। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিভিন্ন সড়কে যান-চলাচল ছিল স্বাভাবিক, হরতালে পিকেটারদের উপস্থিতিও ছিল কম। মোহাম্মদপুরে মাদ্রাসার সামনে ছাত্ররা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন যারা হরতাল ডেকেছে, তারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যোগসাজশ করে খুন, ধর্ষণ, লুটপাট করেছিল। আমিনী একা হরতাল আহ্বান করলেও যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে বিরোধী দলও নানাভাবে হরতালে সহযোগিতা করেছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা পুলিশের ওপর আঘাত করে আইন লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।