এ হরতাল খালেদার একার ও জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দাবি করেছেন, গতকালের হরতালে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সায় ছিল না। এতে জনগণও সম্পৃক্ত ছিল না।গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ দাবি করেন। তিনি বলেন, ‘এ হরতাল ছিল খালেদা জিয়ার একার ও জামায়াতের। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের হরতালে সায় ছিল না। ফলে হরতালে তাদের নেতা-কর্মীদের কোনো অংশগ্রহণ ছিল না।’সৈয়দ আশরাফ বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়ার কথা বলে হরতাল দেওয়া হলেও তাদের মূল উদ্দেশ্য হলো যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। তিনি গত সোমবার পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, জামায়াত সেদিন মিছিল করতে মাঠে নামেনি। তারা পুলিশ হত্যা করতে চেয়েছিল। বিডিআরের মতো ঘটনা ঘটাতে চেয়েছিল। ওইদিন ছিল তাদের মহড়া, কীভাবে যুদ্ধাপরাধীদের জেল থেকে বের করে আনা যায়। কারণ তারা জানে, যুদ্ধাপরাধীদের বিচার কোনোমতেই প্রতিহত করা যাবে না।সৈয়দ আশরাফ বলেন, সরকার পরিচালনা করে আসা বিএনপি ভালো করেই জানে, জ্বালানি তেলের দাম বাড়ানো বা কমানো কোনো একটি দেশের সরকারের ওপর নির্ভর করে না। আন্তর্জাতিক বাজারের ওপরই তেলের দাম বাড়া বা কমার বিষয়টি নির্ভর করে। তিনি তথ্য-উপাত্ত দিয়ে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির আমলে নয়বার তেলের দাম বাড়ানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে তিনবার বাড়ানো হয়। তার পরও বর্তমানে বিশ্ববাজারের চেয়ে বাংলাদেশে তেলের দাম কম। এমনকি ভারত-পাকিস্তানেও বাংলাদেশের চেয়ে তেলের দাম বেশি।এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ভ্রাম্যমাণ আদালত আইনের একটি অংশ। একজন ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকেন। এখানে আওয়ামী লীগ জড়িত নয়।সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।আশরাফের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল: গতকালের হরতাল খালেদা জিয়ার একার সিদ্ধান্তে ডাকা হয়েছে, এতে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সায় ছিল না বলে সৈয়দ আশরাফের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল হরতাল শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল উল্টো প্রশ্ন করেন, ‘সৈয়দ আশরাফ সাহেব কীভাবে জানলেন এটা খালেদা জিয়ার একার ডাকা হরতাল, জ্যেষ্ঠ নেতাদের সম্মতি ছিল না? তিনি কি সেখানে ছিলেন, তিনি কি বিএনপিতে জয়েন করেছেন?’মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সব সিদ্ধান্ত দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই নিয়ে থাকেন।