এ হরতাল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আজকের এ হরতাল ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগের বিরুদ্ধে নয়, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য। বিএনপি যুদ্ধাপরাধীদের মূল দল। জামায়াতে ইসলামী তাদের সহায়ক শক্তি। তিনি বলেন, বিএনপি এই প্রথম প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে ট্রাইব্যুনাল বন্ধের দাবি করেছে। এতদিন পর তারা ঘোমটা থেকে বেরিয়ে এসেছে। আজ রোববার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা সিটি করপোরেশন ভাগের সঙ্গে তাদের হরতালের কোনো সম্পর্ক নেই। বিএনপির এখন রাজনৈতিক মূল কর্মসূচি হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। কেউ যুদ্ধাপরাধীদের বিচার রুখতে পারবে না। এটা মানুষের সর্বজনীন দাবি।সৈয়দ আশরাফ জাতির কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আজ দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার চান, নাকি রক্ষা করতে চান? যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারস ফোরাম, তরুণ প্রজন্মসহ দেশের বিবেকবান অধিকাংশ মানুষ অবস্থান নিয়েছে। আর মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে হত্যাকারী, দুই লাখ মা-বোনের সম্ভ্রম-হরণকারী, বুদ্ধিজীবী হত্যাকারী মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি বিএনপি ও জামায়াত। দেশবাসীকেই আজ সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা কোন পক্ষে থাকবেন? যাঁরা যুদ্ধাপরাধীদের বিচার করতে চান, তাঁদের পক্ষে নাকি যাঁরা রক্ষা করতে চান, তাঁদের পক্ষে?’ তিনি বলেন, আইনকে পছন্দ-অপছন্দ হতে পারে। কিন্তু আইনকে মানতে হবে। ঢাকা সিটি করপোরেশন ভাগের পক্ষ-বিপক্ষ থাকতে পারে। কিন্তু একজন খুনি, ধর্ষকের পক্ষে থাকার কোনো সুযোগ নেই। এটা আইন ও সংবিধান সমর্থন করে না।সৈয়দ আশরাফ অভিযোগ করেন, ‘খালেদা জিয়া তিন দাবিতে অনড়। একটি হচ্ছে বাড়ি ফেরত পাওয়া, তাঁর দুর্নীতিবাজ দুই পুত্রকে রক্ষা করা ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।’ তিনি বলেন, যাঁরা আন্তর্জাতিকভাবে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত, এফবিআইয়ের একজন কর্মকর্তা যেখানে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছেন, আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হলে সাজা হবেই।’সৈয়দ আশরাফ দেশবাসীর উদ্দেশে বলেন, ‘একজন অর্থপাচারকারী ও সন্ত্রাসীকে নেতা মানবেন, নাকি অন্যকিছু? মানুষ আর তারেক-কোকো, লাল্টু, বল্টু ও পিন্টুদের ক্ষমতায় দেখতে চায় না। নারায়ণগঞ্জসহ বিভিন্ন নির্বাচনে দেশের মানুষ তা দেখিয়ে দিচ্ছে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা বিদেশে অর্থ পাচারকারীদের পরিবর্তে মানুষ এখন সত্, আদর্শবান ও দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চায়।’সৈয়দ আশরাফ সাংবাদ সম্মেলনে খালেদা জিয়ার অভিযোগকে হাস্যকর মন্তব্য করে বলেন, অর্থনীতি নিয়ে তিনি কোনো তথ্য-প্রমাণ তুলে ধরতে পারেননি। বিশ্বমন্দার কারণে পুরো ইউরোপীয় ইউনিয়নসহ বড় বড় দেশ হুমকির মুখোমুখি হলেও বর্তমান সরকার দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ। এ বছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে, মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ মার্কিন ডলারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ, রপ্তানি বেড়েছে শতকরা ৪২ শতাংশ। বিশ্বমন্দার মধ্যেও জনশক্তি রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। এতকিছুর পরও উনি (খালেদা) অর্থনীতি ভঙ্গুর দেখেন কীভাবে?’এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে জনগণই সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।সংবাদ সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ, আবদুল মান্নান খান, আহমদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ, বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।