জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম বলেছেন, ৪৮ ঘণ্টার হরতালে যদি সরকারের টনক না নড়ে, তবে জনগণ সরকার পতনের এক দফা আন্দোলনে নামতে বাধ্য হবে। সারা দেশে আজ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫০ জনকে আটক করা হয়েছে। আর অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।আজ বুধবার বিকেলে বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ টি এম আজহার এ কথা বলেন। ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে হরতালের পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে হরতাল করতে দেওয়া হবে না বলে যে হুঁশিয়ারি করেছিলেন, এর পরই পুলিশ জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল সফিকুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান, কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ প্রমুখ।