এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের উপকার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে দর্শকদের নানা সমস্যা ও তাঁর সমাধান নিয়ে অনুষ্ঠান আমি এখন কী করব। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সারা যাকের। আর নানা সমস্যার ব্যাপারে কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞ মেহতাব খানম। কথা হলো সারা যাকেরের সঙ্গে।‘আমি এখন কী করব?’ অনুষ্ঠানের ভাবনাটা কীভাবে তৈরি হলো?আমি প্রথম আলোর ‘নকশা’তে ‘সুবন্ধু সমীপেষু’ বিভাগে লেখালেখি করি। এই লেখালেখি করার সময় একটি অনুষ্ঠান করার ভাবনা আসে। অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে, আনন্দ দেবে এবং বিভিন্ন সমস্যার সমাধান দিতে সহযোগিতা করবে। কিন্তু আমাদের প্রোডাকশন হাউস থেকে এটি করা সম্ভব হয়নি। কিছুদিন আগে বাংলাভিশনের শামীম শাহেদের সঙ্গে এটি নিয়ে কথা হয়। তারপর ভাবলাম, অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ থাকলে আরও ভালো হয়। এরপর মেহতাব খানমকে সঙ্গে নিয়ে শুরু করেছি।একই ধরনের বিষয় নিয়ে তো আপনি লেখালেখিও করেন।হ্যাঁ। এটা ঠিক যে একই বিষয় নিয়ে আমি প্রথম আলোয় অনেক লেখালেখি করছি। এখন কিন্তু টিভিতে সেভাবে অভিনয় করছি না। তাই বেশির ভাগ মানুষই কিন্তু আমাকে প্রথম আলোর কলামটির বিষয়ে বেশি বলে। মনে হলো, একই বিষয় নিয়ে পত্রিকার পাশাপাশি যদি টিভিতেও আলোচনা হয়, তাতে করে দেশের মানুষ ওই বিষয়টাকে বেশ ভালোভাবে গ্রহণ করতে পারবে। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের কেমন উপকার হচ্ছে?আমরা সমাধান দিতে হয়তো পারব না। কিন্তু মানুষকে যে সচেতন করার ব্যাপার, সেটা নিশ্চয় করতে পারব। আমি মনে করি, এ ধরনের লেখালেখি এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা সচেতনতার কাজটাই করে যাচ্ছি। একটা সময় ছিল যে চিঠিপত্রের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার উত্তর দিতাম। এখন সেটা তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে কিন্তু দিচ্ছি। যেভাবে পাঠক এবং দর্শকদের সাড়া, তাতে মনে হচ্ছে কিছুটা হলে মানুষজন উপকৃত হচ্ছে। এ ছাড়া অন্য ধরনের কিছু সামাজিক সমস্যাও রয়েছে। এগুলোই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি।