এই আফ্রিদির ওপর আস্থা ছিল না পাকিস্তানের!
সেনাবাহিনী ও গণমাধ্যম—পাকিস্তানে দুটিই শক্তিশালী প্রতিষ্ঠান। আপাতত সশস্ত্র প্রতিষ্ঠানের মাতব্বরিটা নিয়ে এখন তেমন চোখে পড়ে না। তবে হাত (পড়ুন কলম) গুটিয়ে বসে নেই অপর শক্তি—গণমাধ্যম। পান থেকে চুন খসলেই কলম সেনানীদের চোখ রাঙানি।পাকিস্তান ক্রিকেটে গণমাধ্যমের প্রভাব মাঝেমধ্যে কত বড় হয়ে ওঠে—সেটা ভালোই জানা আফ্রিদির। নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর কোনো বিলম্ব না করে পাকিস্তানি সাংবাদিকদের মোক্ষম দাওয়াই দিয়েছেন আফ্রিদি। পাকিস্তান অধিনায়ক ছোট্ট একটা প্রেসক্রিপশন দিলেন। বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকদের নিয়ে একসঙ্গে সারলেন নৈশভোজ। অনুরোধ করলেন, ‘আর যা-ই হোক, টুর্নামেন্টের এই মুহূর্তে খেলোয়াড়দের মন ভেঙে যায় এমন লেখা লিখবেন না।’ওষুধে ধরেছে। সাংবাদিকেরা নির্মম হাতে কলম তুলে নেননি। মাইক্রোফোন মুখে তোলেননি কর্কশ সমালোচনা। আখেরে ফল দিয়েছে। দারুণ প্রতাপ দেখিয়েই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। গত ম্যাচে তো অস্ট্রেলিয়ার এক যুগের গর্ব চূর্ণ করে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন। খসে পড়া ফেবারিটের তকমাটা ফের পুনরুদ্ধার। ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে আফ্রিদিকেও কল্পনা করতে শুরু করেছে কেউ কেউ। এই স-ও-ব প্রশংসারই দাবিদার কাপ্তান শহীদ আফ্রিদি। নেতৃত্বের সব রেণু দিয়ে যিনি সাজিয়েছেন বিতর্কে-বিতর্কে তছনছ হওয়া দলকে। নতুন জীবন দিয়েছেন ভিড়টা নড়বড়ে হয়ে পড়া পাকিস্তান ক্রিকেটকে। হোটেল, ড্রেসিংরুম, মাঠ—সবখানে সতীর্থদের সঙ্গে খুনসুটি, ব্যর্থ হওয়ার পরও বোলার-ব্যাটসম্যানের পিঠ চাপড়ে দেওয়া। আফ্রিদির এই নেতৃত্বে বিস্মিত ক্রিকেট বিশ্ব। অথচ আফ্রিদি নাকি মিসবাহ-উল-হক—কাকে নেতৃত্বভার দেওয়া হবে, এ নিয়ে বিশ্বকাপের কদিন আগেও সংশয়ে ভুগেছে পাকিস্তান।দুটো ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে আফ্রিদির হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রানে জেতা ম্যাচটায় ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। আফ্রিদির দ্বিতীয় ম্যাচ সেরা পুরস্কারটি কানাডার বিপক্ষে। প্রতারক স্মৃতি হয়তো আপনাকে ভাবাতে পারে, কানাডার বিপক্ষে ম্যাচ সেরা, এ আর এমন কি? জেনে রাখবেন, ওই ম্যাচে ১৮৪ রানে আটকে যাওয়া পাকিস্তানের সামনে চোখ রাঙাচ্ছিল অঘটনের আশঙ্কা। একপর্যায়ে কানাডার স্কোর ছিল ১০৪/৩! শেষ পর্যন্ত আফ্রিদিতেই উদ্ধার। ২৩ রানে ৫ উইকেট।বিশ্বকাপে পরশু পর্যন্ত ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন। ব্যাট হাতে অবশ্য একেবারেই যাচ্ছেতাই। ১০.৮৩ গড়ে করেছেন ৬৫ রান। পাকিস্তানি মিডিয়ায় এ নিয়ে সমালোচনা হবে কি, আফ্রিদি নিজেও তো নিজের ব্যাটিংয়ের সবচেয়ে বড় সমালোচক। পরশু অস্ট্রেলিয়াকে হারানোর পরও নিজের ব্যাটিং নিয়ে নিজেকেই শাপশাপান্ত করলেন। অধিনায়ক আফ্রিদির মাহাত্ম্য বোধহয় এখানেও! ওয়েবসাইট।