এই আমলে আপিল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পক্ষে এ সরকারের সময়ে আপিল করা হচ্ছে না। তাঁর আইনজীবীদের দাবি, এ আমলে কোকো ন্যায়বিচার পাবেন না। কোকো বর্তমানে মালয়েশিয়ায় আত্মগোপন করে আছেন। কোকো আইনের চোখে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তবে তিনি কোন দেশে আছেন, সে ব্যাপারে সরকারের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। আইনজীবীরা জানান, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে কোকোকে দেশে ফিরে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে। বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কোকোর শিগগির দেশে ফেরার সম্ভাবনা কম। এমনকি তিনি কোন দেশে আছেন, সেটাও প্রকাশ করছেন না বিএনপির নেতারা।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কোকো গত আট মাস ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি কুয়ালালামপুরের অদূরে একটি অভিজাত আবাসিক এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করছেন। কোকো বাসা থেকে খুব একটা বের হন না। ওই দেশে কর্মরত বাংলাদেশি এবং সেখানকার বাংলাদেশ দূতাবাসের নজর এড়াতে তাঁর এই সতর্কতা বলে কুয়ালালামপুরের একটি সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট অপর একটি সূত্রের মতে, মামলায় সাজা হতে পারে, এই আশঙ্কায় গত অক্টোবরে কোকো গোপনে ব্যাংকক ত্যাগ করেন। কারণ থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি রয়েছে। মালয়েশিয়ার সঙ্গে ওই রকম কোনো চুক্তি নেই। টেলিযোগাযোগ খাতে সিমেন্সকে কাজ পাইয়ে দিতে ঘুষ নেওয়ার মামলায় গত বৃহস্পতিবার কোকোকে ছয় বছরের কারাদণ্ড এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করেন আদালত। এই মামলায় বিএনপি সরকারের মন্ত্রী মরহুম লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকেও একই দণ্ড দেওয়া হয়। তিনিও পলাতক আছেন।এই রায়ের বিরুদ্ধে কোকোর আপিল করার বিষয়ে জানতে চাইলে গতকাল শনিবার কোকোর আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, এ সরকারের আমলে কোনো আদালতে কোকো ন্যায়বিচার পাবেন না।’ একই রকম ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘নিম্ন আদালত যখন একটা রায় দিয়েছেন, তখন উচ্চ আদালতেই এর ফয়সালা হবে। আর যখন এই মামলা উচ্চ আদালতে আসবে, তখন এই সরকার ক্ষমতায় থাকবে না। তখন দলীয়করণমুক্ত অবস্থায় উচ্চ আদালত ন্যায়বিচার করতে পারবেন বলে আমরা আশা করি।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, এক-এগারোর সময় বিভিন্ন রাজনীতিককে ‘ক্যাঙ্গারু কোর্টের’ মাধ্যমে সাজা দেওয়া হয়। পরে তাঁরা দেশে ফিরে আপিল করেন এবং খালাস পান। অন্যায়ভাবে সাজা দিলে তা টেকে না।কোকো যেভাবে ব্যাংকক থেকে কুয়ালালামপুরে: সাজা ঘোষণার পর কোকোর বর্তমান অবস্থান নিয়ে সরকারের পক্ষ থেকে খোঁজখবর করা হচ্ছে। তবে তিনি কোথায় আছেন, সে ব্যাপারে সরকারের কাছে এখন পর্যন্ত নিশ্চিত খবর নেই।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, কোকো ২০০৮ সালে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেলেও, এখন আর সেখানে নেই। তিনি গত বছরের অক্টোবরে ব্যাংকক থেকে কুয়ালালামপুর পৌঁছান বলে উভয় দেশের দেশি-বিদেশি একাধিক কূটনৈতিক ও ব্যবসায়ী সূত্র নিশ্চিত করেছে।কুয়ালালামপুরে পৌঁছানোর পর থেকে কোকোর খোঁজখবর রাখছেন, এমন এক মালয়েশীয় ব্যবসায়ী প্রথম আলোকে জানান, কুয়ালালামপুরের শহরতলি হারতামাস এলাকার মন্ট কিয়ারায় একটি অ্যাপার্টমেন্টে থাকছেন কোকো। কুয়ালালামপুরের কেন্দ্রস্থল থেকে সেখানে গাড়িতে যেতে ১৫ মিনিট লাগে। ওই অ্যাপার্টমেন্টের উল্টো দিকের ‘শ্রী গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে’ ভর্তি হয়েছে কোকোর দুই সন্তান। অবশ্য কোকোর অবস্থান সম্পর্কে জানতে চাইলে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, কোকো গত বছরের জুনে অন্যের মাধ্যমে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করেন, যা পরে জানাজানি হয়। কোকো এখন মালয়েশিয়ায় আছেন কি না, এ ব্যাপারে দূতাবাসের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘আমরা কোকোর অবস্থান জানতে কাজ শুরু করেছি। আশা করি, আগামীকালের (আজ রোববার) মধ্যে এ বিষয়ে জানতে পারব।’অবশ্য দূতাবাসের অন্য একটি সূত্র জানিয়েছে, কোকো গত বছরের শেষ দিক থেকে মালয়েশিয়ায় আছেন বলে তাঁরা শুনেছেন।এর আগে গত এপ্রিলে থাইল্যান্ডে প্রতিবেশী একটি দেশের এক কূটনৈতিক এ প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, কোকো মালয়েশিয়ায় আছেন। গতকাল টেলিফোনে যোগাযোগ করা হলে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কোকো গত বছর পর্যন্ত প্রায় নিয়মিতভাবে তাঁর অবস্থান সম্পর্কে দূতাবাসকে জানাতেন। তবে এ বছরের শুরু থেকে তিনি আর দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন না।’ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১৭ জুলাই তাঁকে সাময়িক মুক্তি (প্যারোল) দেওয়া হয়। ১৯ জুলাই তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। শর্ত ভঙ্গের অভিযোগে গত ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে, তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠায়। তিনি আর ফেরেননি।ব্যাংককের হাসপাতালে চিকিৎসা: কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, দেশে ফেরা এড়াতেই ব্যাংকক ছেড়েছেন কোকো। কারণ বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের বন্দী বিনিময় চুক্তি রয়েছেন। আর এ চুক্তির মাধ্যমে গত আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনিদের অন্যতম মেজর (অব.) বজলুল হুদাকে দেশে ফিরিয়ে এনেছিল। এ প্রেক্ষাপটে কোকো গত বছর থাইল্যান্ড ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান।কোকোর অবস্থান জানতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে গত বছরের আগস্টে থাই সরকারের কাছে চিঠি পাঠানো হয়। এর জবাবে গত ফেব্রুয়ারিতে পাঠানো চিঠিতে থাই সরকার জানায়, কোকো ২০১০ সালের ১৫ অক্টোবর ব্যাংকক থেকে কুয়ালালামপুর গেছেন। ওই চিঠিতে আরও বলা হয়েছে, আরাফাত রহমান কোকো দুই দফায় ব্যাংককের প্রানাম-নাইন হাসপাতাল থেকে চিকিৎসা নেন। প্রথম দফায় ২০০৮ সালের ২৫ জুলাই বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। এক মাসের মাথায় ওই বছরের ২৬ আগস্ট তিনি হাসপাতাল ছাড়েন। পরে পেশির ব্যথাজনিত কারণে একই হাসপাতালে চিকিৎসা নেন ২০১০ সালের ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর।গত বছরের আগস্টে প্রথম আলোর প্রতিবেদক ব্যাংককের ওই হাসপাতালে খোঁজ করে জানতে পারে, কোকো আরও দুই বার প্রানাম-নাইন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। এর মধ্যে তিনি ১০ জানুয়ারি (২০১০) ডা. ভারিসা সোপাসাথিত ও ১২ জানুয়ারি (২০১০) ডা. ওয়ারিসার কাছ থেকে চিকিৎসা নেন। শেষোক্ত চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ।