এই আমাদের ওয়ার্ড-১৪
শেওড়াপাড়া, পশ্চিম কাফরুল কাজীপাড়া, সেনপাড়া পর্বতা৯০টি ওয়ার্ডের শহর ঢাকা। ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সমস্যা অনেক, কিন্তু সমাধান নেই। অভিযোগ অনেক, অথচ শোনার কেউ নেই। আমরা শুনতে চাই আপনার সমস্যার কথা। সেই সঙ্গে জানতে চাই আপনার সাফল্য, সম্ভাবনা আর ঐতিহ্যের খবরও। আর সে জন্যই ‘ঢাকায় থাকি’র ওয়ার্ডভিত্তিক এই নিয়মিত আয়োজন। আজ ছাপা হলো ১৪ নম্বর ওয়ার্ডের কথানাগরিক সুবিধার দিক দিয়ে পিছিয়ে থাকা ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর যদি তালিকা করা হয়, তবে নিশ্চিত যে তাতে শুরুর দিকেই থাকবে ১৪ নম্বর ওয়ার্ডের নাম। কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা ও কাফরুল এলাকার অলিগলি যে বৃষ্টি হলেই তলিয়ে যায়, তা তো নগরের অনেকেরই জানা। তবে এই শুকনো মৌসুমে ওয়ার্ডবাসীর সঙ্গী ধুলোবালি। একদিকে সেবা সংস্থাগুলোর হেলা আরেক দিকে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। সব মিলেমিশে অতিষ্ঠ করে তুলছে ওয়ার্ডবাসীর জীবন। আবার চাঁদাবাজির মতো কর্মকাণ্ড তাদের নীরব আতঙ্কের মধ্যে রাখছে। তবে এই ওয়ার্ডে থাকা তৈরি পোশাক কারখানা ও আসবাবের বাজার হাজারও মানুষের কর্মসংস্থান করেছে। ১৪ নম্বর ওয়ার্ডবাসীর পাওয়া না-পাওয়ার কথা লিখেছেন মিল্লাত হোসেন ও রিমন রাহী।একনজরেজনসংখ্যা: প্রায় পাঁচ লাখভোটার সংখ্যা: এক লাখ ২০ হাজারডিএমপি থানার নাম: কাফরুল ও মিরপুরশিক্ষাপ্রতিষ্ঠান: সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি (কাজীপাড়া হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়)।উপাসনালয়: মসজিদ ৪২টি ও গির্জা একটি।শিল্পকারখানা: তৈরি পোশাক কারখানা অর্ধশতাধিক।ইতিহাসের আলোয়শেওড়াপাড়া, কাফরুল, কাজীপাড়া ও সেনপাড়া পর্বতা নিয়ে গড়ে উঠেছে ডিসিসির ১৪ নম্বর ওয়ার্ড। কাফরুল বাদে ওয়ার্ডের অন্যান্য এলাকার নামকরণের ইতিহাস জানা যায় নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা গ্রন্থ থেকে। তিনি উল্লেখ করেছেন, একসময় বৃহত্তর মিরপুরের একটি অংশ জঙ্গলাকীর্ণ ও মাটির টিলা ছিল। ওই অংশ পর্বতা নামে পরিচিতি পায়। ওখানকার যে অংশে সেন পদবিধারী হিন্দুরা বসবাস করত তার নাম হয়ে যায় সেনপাড়া পর্বতা। আবার যেখানে কাজী পরিবার বাস করত সেই এলাকার নাম হয়ে কাজীপাড়া। যে অংশে শেওড়াগাছ ছিল তা শেওড়াপাড়া নামে পরিচিতি পায়।দেশ ভাগের সময় ১৪ নম্বর ওয়ার্ডের এলাকাগুলো অনেকটা জনবিরল ছিল। এখন যেখানে বড় বড় ভবন দেখা যায় সেগুলোর বেশির ভাগ ছিল কৃষি জমি। তাতে ধান চাষ করা হতো। ওয়ার্ডের একাধিক প্রবীণ বাসিন্দা জানালেন এসব কথা। তাঁরা আরও জানান, যাটের দশকে শেওড়াপাড়ায় ১২টি পরিবারের বসতি ছিল। ১৯৭১ সালের দিকে গড়ে ওঠে শ দেড়েক বাড়ি। স্বাধীনতার পরও পুরো ওয়ার্ডে গ্রামের পরিবেশ বজায় ছিল। তবে সব পাল্টে দেয় মিরপুর ১০ নম্বর সেকশন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যাওয়া রোকেয়া সরণি। ১৯৮৪ সালে নির্মিত হয় এই সড়ক। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামে সড়কটির নাম রাখা হয়েছে। এই সড়ককে কেন্দ্র করেই মূলত আবাসিক কিংবা বাণিজ্যিক ক্ষেত্রে পুরো ওয়ার্ডে নগরায়ণ দ্রুততর হয়, যা এখনো চলছে।চলাচল অবাধ নয়‘সকালে লাখ লাখ মানুষ মিরপুর থেকে ফার্মগেট, মতিঝিলের দিকে যায়। এর মধ্যে আছে চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ী। যারা কাজীপাড়া বা শেওড়াপাড়ায় থাকে, তাদের সকালে দুর্ভোগের শেষ নেই। কারণ, তখন বেশির ভাগ বাস ১২ নম্বর সেকশন থেকে ১০ নম্বর সেকশন পর্যন্ত আসতে আসতে ভরে যায়। লোক ভর্তি থাকায় তখন লোকাল বাস আর আমাদের এলাকায় থামে না। অবশ্য অনেক লোকাল বাসই সকালে ডাইরেক্ট হয়ে যায়। এ জন্য বাসসংকট সৃষ্টি হয়। তখন মানুষ বাস, সিএনজি অটোরিকশা এমনকি রিকশা পর্যন্ত পায় না। তাই বেশির ভাগ মানুষই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। আর সময়মতো যেতে হলে অনেক আগেই বাসস্টপেজে চলে আসতে হয়।’ বলছিলেন পূর্ব কাজীপাড়ার বাসিন্দা ফখরুল ইসলাম।রাতে বাসায় ফিরতেও ওয়ার্ডবাসীকে ঝক্কিতে পড়তে হয়। রাতে নগরের অনেক বাস মিরপুর ১২ নম্বর সেকশনে চলে আসে। ফলে রাত নয়টার পর থেকে রোকেয়া সরণিতে ফার্মগেট, নিউমার্কেটের দিক থেকে আসা বাসের সংখ্যা বাড়তে থাকে। তখন আবার মিরপুর ১০ নম্বর সেকশন মোড় ও রোকেয়া সরণিতে ডিএমপি ট্রাফিক পুলিশের সংখ্যা কমতে থাকে। এ জন্য যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিরপুর ১০ নম্বর সেকশনের মোড় থেকে শেওড়াপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে যানজট। রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত থাকে যানজট।পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা মালেক মাহমুুদ জানান, মিরপুর ১০ নম্বর সেকশন থেকে শেওড়াপাড়া পর্যন্ত বেশির ভাগ বাণিজ্যিক ভবনে গাড়ি রাখার জায়গা না থাকায় যানজট লেগে যায়। অনেক বহুতল ভবন গাড়ি রাখার জায়গায় বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। রাজউক মাঝেমধ্যে অভিযান চালিয়ে কোনো কোনো অবৈধ স্থাপনা ভেঙে ফেলে। কিন্তু পরে সেগুলোতে গাড়ি রাখার জায়গা না করে আগের মতোই বাণিজ্যিক স্থাপনা তৈরি করা হয়। রোকেয়া সরণির দুই পাশে থাকা বিপণিবিতান ও আসবাবের দোকানগুলোর নিজস্ব গাড়ি রাখার জায়গা তৈরি বাধ্যতামূলক করা উচিত বলে তিনি মনে করেন। এদিকে মিরপুর ১০ নম্বর সেকশন মোড়সংলগ্ন রোকেয়া সরণির দুই পাশের ফুটপাত ও শাখা রাস্তার একাংশ হকাররা পসরা নিয়ে বসার কারণে যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।মনোহর আসবাবের বাজারনগরের আসবাবের বাজারগুলোর মধ্যে রোকেয়া সরণি অন্যতম। ১৪ নম্বর ওয়ার্ডের শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া পর্বতায় রোকেয়া সরণির দুই পাশে গড়ে উঠেছে আসবাবের অনেক দোকান। অনেক দোকানই ঝকঝক করছে মনোহর আসবাবে। ঘর সাজানোর কিংবা বাসাবাড়ির দরকারি সব আসবাবই এখানে পাওয়া যায়। ঘরের জানালা, দরজা, খাট, চেয়ার-টেবিল, আলমিরা, সোফাসেট, ডাইনিং টেবিলসহ সবই পাওয়া যায় রোকেয়া সরণির এসব দোকানে। কাঠের ও স্টিলের পাশাপাশি রয়েছে বেতের আসবাব। ৮২১ রোকেয়া সরণি, শেওড়াপাড়ার মদিনা কেইন হাউসের ব্যবস্থাপক হারুন জানান, তাঁদের এখানে বেতের তৈরি আসবাব পাওয়া যায়। আবার ক্রেতার পছন্দমতো নকশায়ও তৈরি করে দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও এখানে বেত আসে ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে।ছোট ছোট অনেক দোকানের পাশাপাশি রোকেয়া সরণিতে আছে বড় বড় প্রতিষ্ঠানের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র। এর মধ্যে আছে অটবি, হাতিল, আখতার, পারটেক্স। অনেক আসবাব বিক্রয়কেন্দ্রের নিজস্ব গাড়ি রাখার জায়গা নেই। এ জন্য ক্রেতাবিক্রেতার গাড়ি রাখা হয় রাস্তার ওপর। এলাকাবাসীর অভিযোগ, এর ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়।আসবাবের বাজার গড়ে ওঠার কারণ সম্পর্কে একাধিক আদি বাসিন্দা জানান, এই এলাকায় আগে থেকে অনেক স-মিল ছিল। কাঠের সহজলভ্যতার কারণেই একটি-দুটি করে আসবাবের দোকান গড়ে ওঠে। এভাবেই এই বাজার বর্তমানে অনেক বড় হয়ে গেছে। রোকেয়া সরণির আসবাব ব্যবসায়ীরা বছরে একবার মেলারও আয়োজন করেন।নীরব চাঁদাবাজিতে অতিষ্ঠ ওয়ার্ডবাসীপুরো ওয়ার্ডের বাসিন্দারা নীরব চাঁদাবাজির আতঙ্কে দিন যাপন করছে। নতুন বাড়ি হচ্ছে, নতুন-পুরোনো দোকানে ব্যবসা চলছে, তৈরি পোশাক কারখানায় পোশাক তৈরি হচ্ছে—এসব কার্যক্রম চলছে, অথচ চাঁদাবাজেরা চাঁদা চায়নি এমন ঘটনা বিরল বলা যায় কাজীপাড়া, সেনপাড়া পর্বতা, শেওড়াপাড়া ও কাফরুল এলাকায়। অলিগলির ক্ষুদ্র দোকানিরাও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। এমনকি মানসম্মান নিয়ে এসব এলাকায় বাস করতে হলে চাঁদা দিতে হবে—চাঁদাবাজেরা এভাবে হুমকি দিয়েও কারও কারও কাছে চাঁদা চাচ্ছে। এসব বিষয়ে মুখ খুলতে নারাজ ওয়ার্ডবাসী। তাদের কথা, থানায় সাধারণ ডায়েরি করেও কোনো লাভ হয় না। ডায়েরি করার পরপরই চাঁদাবাজেরা সে কথা জেনে যায়। তারপর তারা শাসায়, থানায় কেন জিডি করা হয়েছে। তাই শেষ পর্যন্ত চাঁদাবাজদের সঙ্গে আপসরফা করেই রক্ষা পেতে হয় এলাকাবাসীকে। আর নয়তো আহত-নিহত হওয়ার ভয় থাকে। কেননা, এরই মধ্যে একাধিক নির্মাণাধীন বাড়ির নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্রের গুলিতে হতাহত হতে হয়েছে।ওয়ার্ডবাসী জানায়, চাঁদাবাজেরা মিরপুরের শীর্ষস্থানীয় কয়েকজন সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করে। বিগত সাত-আট বছর এদের উত্পাত কম ছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম শুরুর পর ক্রসফায়ারের ভয়ে অনেক সন্ত্রাসী ও চাঁদাবাজ এলাকায় ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এদের অনেকে এলাকায় এসেছে। তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। থানা পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ওয়ার্ডবাসী অভিযোগ করে।এদিকে পশ্চিম কাফরুলে ঘটেছে কয়েকটি ডাকাতির ঘটনা। আবার ওয়ার্ডের যেসব গলিতে রাতে প্রহরী থাকে না, সেগুলোতে রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পূর্ব কাজীপাড়ার মাতবরের পুকুরপাড়ে মাদ্রাসা রোডের একাংশ দিয়ে যান চলাচলের সুযোগ না থাকায় কাফরুল থানার পুলিশ ওই এলাকায় আসতে পারে না। পশ্চিম কাফরুল এলাকায়ও টহল পুলিশের কোনো কার্যক্রম নেই বলে এলাকাবাসী অভিযোগ করে। এ সুযোগে ছিনতাইকারীরা সক্রিয় থাকে আশপাশের গলিতে। ওয়ার্ডের কোনো কোনো এলাকায় ছিঁচকে চোরের উত্পাত আছে। মাদকসেবীরাই এ ধরনের চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে ওয়ার্ডবাসী জানায়। অনুসন্ধানে জানা যায়, মাতবরের পুকুরপাড়ের পাশে ইটখোলা বাজার, পশ্চিম কাফরুল ও পূর্ব কাজীপাড়া বিআরটিসি বাসস্টপেজের পাশে মাদক বিক্রি হয়। মাদক ব্যবসায়ীদের দমনে থানা আন্তরিক নয় বলে এলাকাবাসী অভিযোগ করে।ওয়ার্ডবাসীর চাওয়ানগরের অনেক ওয়ার্ডে ডিসিসি সাধারণ কিছু সেবা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ডিসিসির কমিউনিটি সেন্টার, পাঠাগার, বাজার, শরীরচর্চাকেন্দ্র, সংগীত শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু এসবের কোনো বালাই নেই ডিসিসির ১৪ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, এ ওয়ার্ডের চারদিকে শুধু নেই আর নেই। এলাকার শিশু-কিশোরদের খেলাধুুলার মাঠ নেই। ফলে অনেক শিশু বাসার ভেতরে বন্দী হয়ে থাকছে। আর ভিডিও গেমসের প্রতি ঝুঁকছে অনেক কিশোর। এই ওয়ার্ডের পশ্চিম কাফরুল ও পূর্ব কাজীপাড়ায় একটি করে ডাকঘর ছিল। সে দুটোও এখন বন্ধ হয়ে গেছে। ডিসিসির বাজার না থাকায় অনেক রাস্তার ওপরই বসছে কাঁচা বাজার। ওয়ার্ডে যেসব সেবা নেই সেগুলো দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান ওয়ার্ডের বাসিন্দারা।শেওড়াপাড়া ও আমিপ্রতিদিন রাতে পশ্চিম শেওড়াপাড়ায় আমি অস্ত যাই। অর্থাত্ ওই পাড়ার অধিবাসী সমুদ্রে বিলীন হয়ে যায় আমার দিনের অস্তিত্ব। এই অস্তিত্বের প্রকট বাস্তবতা শুরু হয় বাসা থেকে বেরুনোর পর। ড্রেনের মতো সরু গলির ভেতর দিয়ে নাগরিক জীবনের কালিমামাখা মলিন মানুষের স্রোত তখন প্রবাহিত হচ্ছে তীব্র গতিতে। এরই মধ্যে প্রবল মাস্তানের মতো ঢুকে পড়ে কোনো গাড়ি, হর্ন বাজিয়ে ব্যতিব্যস্ত করে দেয় চলমান জনতাকে। নদীতে পানি বেশি হলে তীর প্লাবিত হয়, কিন্তু শেওড়াপাড়ার গলিগুলিতে কোনো তীর আর অবশিষ্ট নেই, নেই ফুটপাতও। ফলে গাড়ি এবং পাশের বাড়ির স্থান দখলের কারণে ছলকে ওঠা মানুষের ভিড়ে যাওয়ার কোনো জায়গা পায় না।বর্ষায় পশ্চিম শেওড়াপাড়া নরকের উদাহরণ হয়ে ওঠে। মানুষের ভিড়, বৃষ্টির পানি, কাদার স্তূপ—সব একাকার হয়ে তৈরি করে এমন সব অপরিকল্পিত স্থাপত্য। এরই মধ্যে পথ তৈরি করে মূল রাস্তায় যাওয়ার ধকল সহ্য করে পথিকেরা। তবে একটা চমত্কার ব্যাপারও এর মধ্যে থাকে। বৃষ্টির সময় ওই রাস্তায় কিছু কিছু জায়গা জলমগ্ন থাকে না কিংবা পাশ ঘেঁষে পা বাঁচিয়ে চলার মতো কিছু জায়গা অবশিষ্ট থাকে। নিয়মিত চলিষ্ণুরা সেগুলো খুঁজে বের করে ফেলে। ওই মানচিত্র অনুসরণ করে পা বাঁচানো ভ্রমণ সম্ভব।জীবনের মতোই আমাদের শেওড়াপাড়ার বায়োলজি। এই এলাকা তার অধিবাসীদের শত শত কষ্ট যেমন দেয়, সুখও দেয় হাজারটা। নইলে এত মানুষ এখানে থাকে কেন? যাওয়ার কোনো জায়গা নেই—এ কথা বলে পার পাওয়া যায় না এই প্রশ্নের উত্তরে। আর আমার তো মনে হয়, ঢাকা নামের বন্ধুহীন, স্বজনহীন এই কংক্রিটের জেলখানায় বাড়িওয়ালা, বাসার পাশের দোকানদার, বাজারের মাছওয়ালা, ইলেকট্রিক মিস্ত্রিরাই আমার সবচেয়ে আপন। এদের সঙ্গে পরিচয়ের একটা সখ্য তো তৈরি হয়েছেই। অপরিচয়ের অন্ধকারে ডুবে যাওয়ার চেয়ে পরিচিত আলোর পাশে শুয়ে থাকা কি ভালো নয়!অমিতাভ পালকবি ও সাংবাদিক, শেওড়াপাড়ার বাসিন্দারাস্তাঘাটে নেই উন্নয়নের ছোঁয়াওয়ার্ডের এলাকাগুলোর বেশির ভাগ রাস্তা বেহালে আছে। ওয়ার্ডে পাকা রাস্তাগুলো ভেঙে গেলেও সেগুলো মেরামত হচ্ছে না বছরের পর বছর। অপরিকল্পিতভাবে ভবন তৈরি হওয়ায় অনেক রাস্তা চিপাগলিতে পরিণত হয়েছে, আবার অনেক কাঁচা রাস্তার দেখাও পাওয়া গেল ওয়ার্ড ঘুরে। পীরেরবাগ রোডের প্রায় সব জায়গাতেই ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।৩৪১ ও ৪৫১/৪ পশ্চিম শেওড়াপাড়ার সামনের রাস্তা ভেঙে গর্তে পরিণত হয়েছে। এখানকার দোকানি আবদুল করিম প্রতিদিন এ রাস্তায় হাজার হাজার মানুষ যাতায়াত করে। অথচ রাস্তাটি অনেক দিন থেকেই ভাঙা। মেরামত করা হচ্ছে না। পশ্চিম শেওড়াপাড়ার অলি মিয়ার টেক নামের রাস্তাটিও এবড়োখেবড়ো। পশ্চিম কাজীপাড়ার অলিগলিও ভাঙাচোরা। পূর্ব কাজীপাড়ার মাদ্রাসা রোডটি ভাঙাচোরা। এ রাস্তার মাতবরের পুকুরপাড় এলাকার একাংশ পানিতে ডুবে আছে। কাজীপাড়া জামে মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিম কাজীপাড়ায় ঢোকার রাস্তাটিও এবড়োখেবড়ো। তালতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশের রাস্তাটিও ভাঙাচোরা, এবড়োখেবড়ো। ৯৮ পশ্চিম কাফরুলের পাশের রাস্তাটির অবস্থাও নাজুক। দেখে বোঝা যায় না, এটি পাকা না কাঁচা রাস্তা।মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ের শাহ আলী প্লাজার পেছনের প্রতিটি রাস্তাই ভাঙাচোরা। এগুলো বছরের পর বছর কোনো উন্নয়নের ছোঁয়া পাচ্ছে না। সেনপাড়া পর্বতা থেকে ইব্রাহিমপুরের দিকে চলে যাওয়া প্রধান সড়কটি দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া পাচ্ছে না। এলাকাবাসী জানায়, বর্তমানে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর সড়কটিতে যানজট সৃষ্টি হয়। সেনপাড়া পর্বতা থেকে ইব্রাহিমপুর পর্যন্ত বিকল্প সড়কটির উন্নয়ন করা হলে যানজট অনেক কমে যেত। সড়কটির জায়গা খালি পড়ে থাকায় অস্থায়ী দোকানপাট, বিভিন্ন রাজনৈতিক দলের থানা কার্যালয় গড়ে উঠেছে। এ ছাড়া ১৪ নম্বর স্টাফ কোয়ার্টার, তৈরি পোশাক কারখানা ও বেসরকারি ভবন নির্মাতা প্রতিষ্ঠানের নির্মিত বহুতল ভবনের একাংশ রাস্তায় চলে আসছে। রাজউক বিষয়টি দেখছে না। পরে সড়কটির উন্নয়নকাজ করার সময় বহুতল ভবনের একাংশ ভাঙা কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে এখনই রাজউকের নজরদারি বাড়ানো দরকার বলে এলাকার সচেতন বাসিন্দারা জানায়।আলো ছড়ায় সূর্য-শিশির পাঠাগারওয়ার্ডে ঘুরে সমস্যার ফিরিস্তি শোনার সময় ১০৫৫ পূর্ব শেওড়াপাড়ার জামতলায় একটি পাঠাগার পাওয়া গেল। এর নাম সূর্য-শিশির পাঠাগার। এই পাঠাগার নগরের পাড়াকেন্দ্রিক বই পড়ার চর্চাটি ধরে রেখেছে। সূর্য-শিশির পাঠাগারের পরিচালক রাসেল মাহমুদ জানান, ১৯৮৯ সালে কয়েকজন বন্ধু মিলে খেলার জন্য একটা দল গঠন করেন, নাম দেওয়া হয়েছিল ‘সূর্য-শিশির’। ২০০১ সালে তাঁরা একটি পাঠাগার গড়ার চিন্তা করেন। তাঁরা সমমনা কয়েকজন নিজেদের অর্থে পাঠাগারের ঘরটি তোলেন। এখানে এখন রয়েছে পাঁচ শতাধিক বই। এর সদস্যসংখ্যা প্রায় ২০০। এখানকার সদস্য হলে এলাকার যে কেউ বাসায় বই নিয়ে পড়তে পারে।বিভিন্ন জাতীয় দিবসে সূর্য-শিশির পাঠাগার এলাকায় আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থা করে থাকে বলে জানান এর পরিচালনা পর্ষদের সদস্য মাহবুব আলম।বেহাল হয়ে পড়েছে সেবার মানসেবা সংস্থা কেমন সেবা দিচ্ছে—এমন প্রশ্নে সেনপাড়া পর্বতার বাসিন্দা তাজুল ইসলাম জানান, এলাকায় ডিসিসি মশক নিয়ন্ত্রণে তেমন কোনো কাজ করছে বলে মনে হয় না। মশার উত্পাতের মধ্যে বাস করতে হচ্ছে। এলাকাবাসী অর্থ খরচ করে নর্দমা পরিচ্ছন্ন করে থাকে। গত গ্রীষ্মে পানিসংকটে পড়তে হয়েছিল। অন্যদিকে কাজীপাড়ার হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘প্রায়ই ওয়াসার পানি খেয়ে আমাদের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। দুর্গন্ধে এই পানি পান করা খুবই কষ্টকর।’পুরো ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অলিগলিতে জমে আছে ধুলোবালি ও আবর্জনা। বৃষ্টি হলেই বেশির ভাগ রাস্তায় পানি জমে থাকে বলে জানায় ওয়ার্ডবাসী। বর্ষার বৃষ্টিতে প্রায়ই তলিয়ে যায় রোকেয়া সরণির একাংশ। এ জন্য মিরপুর থেকে ঢাকার অন্যান্য এলাকায় চলাচলকারী যানগুলো তখন তীব্র জটে পড়ে। সেনপাড়া পর্বতার আমতলার বাসিন্দা আবদুল মান্নান জানান, বেশির ভাগ এলাকায় এখন গ্যাস-সংকট রয়েছে। চুলায় গ্যাস না থাকায় দুপুরের রান্না করা কঠিন হয়ে পড়েছে। অনেকে লাকড়ির চুলায় রান্না সারতে বাধ্য হচ্ছে।পশ্চিম কাফরুলে গ্যাসের সংকট আরও ভয়াবহ। এলাকায় গ্যাস না থাকায় এর আগে কয়েক দিন চুলা জ্বলেনি। বিকল্প জ্বালানি জোগাড় করে রান্না করতে না পারায় অনেকে রুটি-কেক খেয়ে দিন কাটিয়েছে বলে জানান এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি আরও জানান, গরমকালে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়।এদিকে ওয়ার্ডবাসী জানায়, এলাকার গলিঘুপচিতে কোথাও রাস্তার বাতি আছে, কোথাও নেই। বাতি বিকল হয়ে গেলে ডিসিসি সহজে তা ঠিক করে না। অন্ধকার গলিতে তাই ছিনতাইকারীরা তত্পর হয়ে ওঠে। আবার তৈরি পোশাক কারখানার নারীশ্রমিকেরা ভয় নিয়ে অন্ধকার পথে রাতে বাসায় ফেরে। পুরো ওয়ার্ডে সেবা সংস্থাগুলোর সেবার মানের কথা জানতে চাইলে অনেকটা খেপে যান পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো রকম সেবা নেই বললেই চলে।’দশে মিলে করি কাজ...পূর্ব কাজীপাড়ার ভেতরের প্রধান সড়ক ধরে সেনপাড়া পর্বতার দিকে যাওয়ার সময় একটি বাড়ির ফটকে সাঁটানো একটি সাইনবোর্ড দেখা গেল। এতে ওই বাড়িকে উল্লেখ করা হয়েছে কাজীপাড়া সেনপাড়া পর্বতার কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয় হিসেবে। ১৮৬ পূর্ব কাজীপাড়ার ওই বাড়িতে ঢুকে কথা হয় বাড়ির মালিক অহিদ উদ্দিনের সঙ্গে। কাজীপাড়া সেনপাড়া পর্বতার কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা তিনি। এই কমিটি গঠনের নয় বছর আগে তাঁরা এলাকার উন্নয়ন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাড়ি মালিক সমিতি করেন। সেই প্রেক্ষাপট বর্ণনা করলেন অহিদ উদ্দিন। তিনি জানান, ১৯৮৬ সাল থেকে তিনি এখানে বাস করছেন। কাজীপাড়া সেনপাড়ার নাম শুনলে আগে মানুষ চমকে উঠত। কারণ, এক সময় এই এলাকা সন্ত্রাসকবলিত হিসেবে পরিচিত ছিল। নগরের বড় বড় সন্ত্রাসীর আস্তানা ছিল এখানে। নাগরিক সমস্যা ও সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়েই ২০০০ সালে গঠিত হয় সেনপাড়া কাজীপাড়া বাড়ি মালিক সমিতি। এই সমিতির উদ্যোগে আগে প্রতি মাসে এলাকার শ তিনেক বাড়িওয়ালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সভা বসত। এই সভার ফলে সন্ত্রাসীদের মধ্যে কিছুটা ভয় তৈরি হয়। এই সমিতির মাধ্যমে এলাকার রাস্তাঘাটও উন্নয়ন করা হয়। চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে বছর দুয়েক আগে তারা নৈশপ্রহরীর ব্যবস্থা করেছে। প্রহরীদের লাঠি, বাঁশি, বল্লম, টর্চলাইট ও মোবাইল ফোনসেট দেওয়া হয়েছে। প্রায় সাত মাস আগে ডিএমপির উদ্যোগে সেনপাড়া কাজীপাড়া বাড়ি মালিক সমিতি পরিণত হয় কাজীপাড়া সেনপাড়া পর্বতা কমিউনিটি পুলিশিং কমিটিতে। বর্তমানে এলাকার মানুষ শুধু খুনের মামলার জন্য থানায় যায়। বাকি সব সামাজিক ঝগড়াঝাঁটি, দ্বন্দ্ব কমিউনিটি পুলিশিং কমিটি সালিসির মাধ্যমে সমাধান করে থাকে।অহিদ উদ্দিন জানান, এখনো তাঁদের এলাকার প্রধান সমস্যা সন্ত্রাস ও চাঁদাবাজি। প্রশাসন সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমনে দলনিরপেক্ষভাবে কাজ করলেই কেবল সমাজ থেকে এদের দমন করা যাবে। কমিটি দলনিরপেক্ষভাবে কাজ করায় কিছুটা সফলতার মুখ দেখছে। কিন্তু ওয়ার্ডের অন্যান্য কমিউনিটি পুলিশিংয়ের শাখা কমিটিতে দলীয়করণ হওয়ায় সেগুলো অনেকটা মুখ থুবড়ে পড়েছে। দলনিরপেক্ষ কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সামাজিকভাবে সন্ত্রাস ও মাদকব্যবসা প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।নেই ভালো শিক্ষাপ্রতিষ্ঠানআকার, আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে নগরের বড় ওয়ার্ডগুলোর মধ্যে পড়ে ১৪ নম্বর ওয়ার্ড। কিন্তু বিশাল ওয়ার্ডটিতে আছে একটিমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তা পড়েছে পূর্ব কাজীপাড়ায়। এর নাম কাজীপাড়া হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার ৬০০, আর শিক্ষক সংখ্যা ১৬ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশতারী বেগম জানান, তাঁদের বিদ্যালয়ের কোনো খেলার মাঠ নেই। তাই শিক্ষার্থীরা শুধু ইনডোর গেমস খেলতে পারছে। ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ থাকায় বিদ্যালয়ে পানি পান করা যায় না। পানি পান করলে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। তিনি আরও জানান, জেলা পর্যায়ে গত বছর তাঁদের স্কুল শ্রেষ্ঠ নির্বাচিত হয়। গত বছর তিনজন বৃত্তি পায়। শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক করা, সাহিত্য পড়া, দেয়ালিকা প্রকাশ করার ব্যবস্থা আছে। নিয়মিত জনসচেতনতামূলক শোভাযাত্রা করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। বর্তমানে দুই শিফটে ১১টি শ্রেণীকক্ষে পাঠদান করা হয়। তাঁদের বিদ্যালয়ে আরও শিক্ষক প্রয়োজন। ক্লাসরুমও বাড়ানো দরকার বলে প্রধান শিক্ষক জানান।১৪ নম্বর ওয়ার্ডে আরও সরকারি প্রাথমিক বিদ্যালয় দরকার। সরকারি উচ্চবিদ্যালয় করারও দাবি করলেন অনেকে। পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম শিকদার জানান, তাঁদের এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকার সুযোগ কাজে লাগাচ্ছে কিন্ডারগার্টেনগুলো। শুধু মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত লোকজন তাঁদের সন্তানকে কিন্ডারগার্টেনে পাঠাতে পারছেন। কিন্তু নিম্নবিত্ত পরিবারের শিশুরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পশ্চিম কাফরুলের সুবিধাবঞ্চিত শিশুরাও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে।তৈরি পোশাক কারখানার কথারোকেয়া সরণির দুুই পাশে কাজীপাড়া, শেওড়াপাড়ায় রয়েছে অনেক তৈরি পোশাক কারখানা। এগুলোর সংখ্যা অর্ধশতাধিক বলে ওয়ার্ড কার্যালয় থেকে জানা যায়। কারখানাগুলোর কর্মীরা বাস করেন মূলত রোকেয়া সরণি থেকে অনেক ভেতরে চলে যাওয়া এলাকাগুলোয়। প্রতিদিন সকালে তাই রোকেয়া সরণিতে শত শত নারী ও পুরুষ কর্মীর স্রোত দেখা যায়। প্রায় সবার হাতেই থাকে একটি টিফিন বক্স। তবে যথাযথ মূল্যায়ন না পেয়ে প্রায়ই পোশাকশ্রমিকেরা রাস্তায় নেমে আন্দোলন করেন। তখন রোকেয়া সরণিতে যানজট তৈরি হয়। আবার বেশির ভাগ কারখানার গাড়ি রাখার জায়গা না থাকায় মালবাহী যান রাখা হয় সড়কের ওপর। এ জন্য যানজটের কবলে পড়ে এলাকাবাসী। আবার আবাসিক এলাকায় কারখানা থাকায় তিতাস গ্যাসের শিল্পগ্রাহকের চাপে আবাসিক গ্রাহকেরা চরম গ্যাস-সংকটে পড়ছে।সমস্যার খতিয়ান ৫৩২ পশ্চিম শেওড়াপাড়া, ৫৪৫/৩ সেনপাড়া পর্বতার বাইতুল ফজল জামে মসজিদের পাশের রাস্তায় ম্যানহোলে ঢাকনা নেই। মিরপুর ১০ নম্বর মোড়সংলগ্ন খ ব্লকের রোড ১-এর একটি ম্যানহোলের কংক্রিট ঢাকনা অর্ধভগ্ন অবস্থায় আছে। ৪ পশ্চিম শেওড়াপাড়ায় ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। ৩৬৫/১ ও ৮১৬/২ পশ্চিম শেওড়াপাড়ার পাশে বিদ্যুতের একটি খুঁটি হেলে আছে। এগুলো ঠেকনা দিয়ে রাখা হয়েছে। পূর্ব কাজীপাড়ার অনেক জায়গায় আছে অস্বাস্থ্যকর কাঁচা পায়খানা।কর্তারা যা বলেনপুরো ওয়ার্ডের রাস্তাঘাট ও বর্জ্য ব্যবস্থাপনার বেহাল সম্পর্কে জানতে চাইলে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের জানান, ওয়ার্ডটি আয়তনে অনেক বড়; কিন্তু নগর ভবনের বার্ষিক বরাদ্দ থেকে অন্যান্য ওয়ার্ডের সমান অর্থ পাওয়া যায়। সে ক্ষেত্রে ওয়ার্ডের একদিকে উন্নয়নকাজ করতে গেলে অন্যদিকে করা যায় না। এ জন্য পুরো ওয়ার্ডের অবকাঠামো অন্যান্য ওয়ার্ডের তুলনায় পিছিয়ে আছে। তবে এখন ওয়ার্ডের উন্নয়নকাজে তিনি কোনো ভূমিকা পালন করতে পারছেন না। পুরো বিষয়টা স্থানীয় সাংসদ দেখছেন বলে আবদুল কাদের জানান।চাঁদাবাজদের দমনে থানার ভূমিকা কী? এমন প্রশ্নে কাফরুল থানার সেকেন্ড অফিসার আরশেদুল বলেন, চাঁদাবাজির মতো অপরাধ দমনে থানার কর্মীরা কাজ করছে। আবার র্যাবও চাঁদাবাজি দমনে সক্রিয় আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম আট মাস তাঁদের থানার এলাকাগুলোতে চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছিল। বিগত এক বছরে অনেক চাঁদাবাজকে ধরে চালান দেওয়া হয়েছে। বর্তমানে চাঁদাবাজির অভিযোগ আগের চেয়ে কমেছে। এ ছাড়া চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগ পেলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি দাবি করেন।