এই আমাদের ওয়ার্ড-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লেকের এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’—এখানে চিত্রটা আক্ষরিক অর্থে অনেকটা এ রকমই। গুলশান-১, ২, বনানী আর কড়াইল বস্তি নিয়ে গড়ে ওঠা ওয়ার্ড-১৯-এ কী করে যেন সমাজের দুই প্রান্ত এসে মিশে গেছে একে অপরের সঙ্গে। গুলশান-বনানীর নামিদামি রেস্তোরাঁর মৃদু আলোয় খানাপিনার টুংটাং, রাস্তায় বিএমডব্লিউ-মার্সিডিজের ছড়াছড়ি, বিদেশিদের আনাগোনা, দূতাবাসপাড়ার নিরাপত্তার তোড়জোড় আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আঙিনায় তারুণ্যের উচ্ছ্বাসের পাশেই প্রদীপের নিচে অন্ধকারের মতো আছে কড়াইল বস্তি। এই ওয়ার্ডে পাশাপাশি বাস করছে এ দেশের অভিজাত আর দরিদ্রশ্রেণী। ওয়ার্ডের সব শ্রেণীর বাসিন্দার সুখ-দুঃখের খবর নিয়েছেন কাওছার শাকিল, আলী আসিফ ও আজহার হোসেনবিদেশিদের হরদম আনাগোনাএক দোকানেই এতজন বিদেশি—কেউ এসেছে আফ্রিকার কোনো দেশ থেকে, কেউ আবার ইউরোপের কোনো শীতের দেশ থেকে। সবার হাতেই একটি করে ট্রলি। প্রয়োজনীয় বাজার-সদাই তুলছেন নিজের ট্রলিতে। গুলশান-১ আর ২ নম্বরের মাঝামাঝি অবস্থিত চেইন শপ আগোরায় গিয়ে দেখা গেল এ দৃশ্য। গুলশানের রাস্তায় হাঁটলেই কিছুক্ষণ পর পরই এসব বিদেশির দেখা পাওয়া যায়। তাঁদের অনেকেই আবার রীতিমতো এই নগরের অধিবাসী।গুলশান লেডিস পার্কে হরিণের খাঁচায় হরিণকে খাবার খাওয়াচ্ছিলেন কয়েকজন কোরিয়ান তরুণ-তরুণী। বললেন, তাঁরা একটি গবেষণার কাজে এখানে এসেছেন। প্রায় তিন মাস হলো আছেন ঢাকায়। গুলশান-২-এর মোড়ে দেখা হলো শ্রীলঙ্কান এক দম্পতির সঙ্গে। তাঁদের দুজনের পিঠেই দুটি বাচ্চা। তাঁরাও বেশ কয়েক বছর ধরে আমাদের এই নগরে আছেন। অনেকে আবার শুধু ঘুরতেও আসেন। যেমন, অস্ট্রেলিয়ান তরুণ মাইক ওয়াক্সির নেশা হলো দেশ ঘোরা। এ পর্যন্ত ৩৫টি দেশে তিনি গেছেন। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। অস্ট্রেলিয়ান এই তরুণ বারবার জানালেন, এখানকার মানুষ খুবই ‘ফ্রেন্ডলি’। মাঝেমধ্যে তাঁদের অবশ্য হরেক রকমের বিড়ম্বনার মধ্যেও পড়তে হয়। বিশেষ করে রাস্তাঘাটে কোনো টোকাই বা হকার তাঁদের দেখলেই পিছু লাগে। গুলশানের ১১৩ নম্বর রোড দিয়ে একজন বিদেশিকে বেশ ব্যস্ত ভঙ্গিতে হেঁটে যেতে দেখা গেল। চারদিকে সবকিছুই স্বভাবিক, অথচ তিনি দৌড়ানোর মতো করে হাঁটছেন কেন তা বোঝা গেল কিছুক্ষণ পর। তাঁর পেছন পেছন আসছে দুই টোকাই। পরদেশি ভদ্রলোকটি নিতান্তই কাতর ভঙ্গিতে বলছেন, ‘বাংটি টাকা নাই’।গলিতে গলিতে বিশ্ববিদ্যালয়বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ঘেঁষে আকাশছোঁয়া অট্টালিকার বাহার। প্রতিটি ভবনই পাশের ভবনের সঙ্গে টেক্কা দিয়ে মাথা উঁচিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। এখানে এক সরু রাস্তার ধারেই রয়েছে অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়। শুরুতেই রয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি, তার পাশের ভবনেই রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)। গায়ে গা লাগিয়ে আছে সাউথইস্ট, প্রাইম, এশিয়া, সিটি, প্রেসিডেন্সি ও রয়েল ইউনিভার্সিটি। এ তো গেল রাস্তার এক পাশের কথা। অন্য পাশেও রয়েছে এআইইউবি, নর্দার্নসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভবন।গলিতে গলিতে গড়ে ওঠা এসব বিশ্ববিদ্যালয়ে খোলা প্রান্তরের অস্তিত্ব খুঁজতে যাওয়াটা বোকামি হবে। গলা ছেড়ে গান গাওয়ার সুযোগ না থাকলেও গলা তো আর বন্ধ থাকে না। তাই এখানেও জমে ওঠে আড্ডা; সকাল থেকে শুরু করে চলে সন্ধ্যা অবধি। গল্প, গান আর আড্ডা প্রায়ই চোখে পড়ে বিভিন্ন ভবনের সিঁড়িতে আর পাশের ফাস্টফুডের দোকানে। এআইইউবির শিক্ষার্থী সিলভিয়া তো বলেই ফেললেন, ‘আমাদের কাঁঠালতলা কিন্তু অনেক জনপ্রিয়। বনানীতে ক্লাস করে অথচ কাঁঠালতলায় আড্ডা দেয়নি, এ রকম পোলাপান খুঁজে পাওয়া যাবে না, এক সিঁড়িতে বসেই একাধিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে—এ রকম দৃশ্য কেবল এখানেই সম্ভব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বেশ ভিড় দেখা গেল ফটোকপির দোকানগুলোতে।সংযোগ সেতুতে সেতুবন্ধওয়ার্ডের দুই এলাকা গুলশান আর বনানীর মাঝখানে রয়েছে ‘গুলশান লেক’। গুলশান আর বনানীকে একসঙ্গে যোগ করতেই লেকের ওপর তৈরি করা হয়েছে মনোরম একটি সেতু। দৃষ্টিনন্দন এ সেতুর নামফলক বলছে—এর নাম ‘বনানী-গুলশান সংযোগ সেতু’। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সেতুটি নির্মাণ করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। সেতুটি চালু হয় ৭ ডিসেম্বর ২০০৮ সালে। লেকের স্থির পানিতে যখন সেতুটির ছায়া পড়ে তখন দূর থেকে তাকালে অনেকটা বৃত্তের মতো মনে হয়। সংযোগ সেতুতে যান চলাচলের পাশাপাশি পথচারী চলাচলের জন্য রয়েছে আলাদা লেন।রাতের বেলা সেতুর বাতিগুলো জ্বালানোর পর এর চেহারাই পাল্টে যায়। নানা আলোয় আলোকিত সেতুটির ছায়া পড়ে লেকের শান্ত পানিতে। অন্য রকম এক স্নিগ্ধতা ভর করে তখন। সন্ধ্যা নামলে এখানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসে অনেকে। হাতের মোবাইল ফোনসেট বা ক্যামেরায় ছবি তুলতেও ভোলে না তারা। গরমকালে লেকের ঠান্ডা হাওয়া খেতে খেতে গভীর রাত পর্যন্ত চলে আড্ডা। গুলশান-বনানী সংযোগ সেতু কেবল এ দুটি এলাকাকেই যোগ করে না, মানুষে মানুষে অন্য রকম এক সেতুবন্ধন তৈরি করে দেয়।দখলের কবলে অভিজাত বাজার ১৯ নম্বর ওয়ার্ডে রয়েছে ডিসিসির ছয়টি মার্কেট। এর মধ্যে তিনটি সুপার মার্কেট, আর তিনটি কাঁচাবাজার। এগুলো হলো—গুলশান-১ দক্ষিণ পাকা মার্কেট, গুলশান-২ উত্তর পাকা মার্কেট, বনানী সুপার মার্কেট, গুলশান-২ উত্তর কাঁচা মার্কেট, গুলশান-১ দক্ষিণ কাঁচা মার্কেট ও বনানী কাঁচাবাজার।অভিজাত এলাকায় অবস্থিত হয়েও দখল হওয়া থেকে রেহাই পায়নি বাজারগুলো। গুলশান-১-এর ডিসিসির নির্ধারিত প্রতিদিনের বাজারদরের বোর্ডের পাশে গড়ে উঠেছে অবৈধ দোকান। আবার বনানী কাঁচাবাজারে ঢোকার পথে সড়কের ওপর যত্রতত্র রয়েছে অবৈধ টং দোকান। গুলশান-১ ও ২-এর দুটি পাকা মার্কেটের গাড়ি রাখার স্থানে গড়ে উঠেছে আরও বেশ কিছু টং দোকান। আবার বনানী সুপার মার্কেটের সামনের সড়কে রয়েছে ভ্রাম্যমাণ দোকান। গুলশান-১-এর দক্ষিণ কাঁচাবাজারের ভেতরে সবজির উঁচু ঢিবির পাশে বিদেশিদের জটলা চোখে পড়ল। গুলশান-বনানী এলাকার আশপাশে থাকা বিদেশিরা নিয়মিত বাজার করেন এখানে। দোকানিরাও চলার মতো ইংরেজি শিখে নিয়েছেন ব্যবসার খাতিরে। অভিজাত এলাকা বলে দোকানিরা বেছে সেরা পণ্যটাই নিয়ে আসেন। তা ছাড়া বাজারের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন।গুলশান-১ ও ২-এর পাকা মার্কেট দুটি ডিসিসি মার্কেট নামে পরিচিত। পোশাক-পরিচ্ছদ, আসবাব থেকে গয়নাগাঁটি সবই মেলে পাকা মার্কেট দুটিতে। বনানীতেও রয়েছে এমন একটি বাজার। সেটির নাম বনানী সুপার মার্কেট।অভিজাত এলাকার বাইরে থাকায় এই ওয়ার্ডের কড়াইল বস্তির একমাত্র কাঁচাবাজারটি অবহেলিতই রয়ে গেছে। কড়াইল বৌবাজারের সহসভাপতি আবদুল কাদের বলেন, ‘বাজারটি ডিসিসির আওতাভুক্ত। কিন্তু বাজারের ময়লা-আবর্জনা অপসারণ করছে বেশ কয়েকটি এনজিও। ডিসিসি এ বাজারের ব্যাপারে উদাসীন।’উঁচু ভবনের ছায়ায় বস্তিজীবনমহাখালীর যক্ষ্মা হাসপাতাল থেকে একটু এগিয়ে গুলশান লেকে গেলে একটি খেয়াঘাটের দেখা মেলে। নৌকায় লেক পার হলে অপর পাড়ে কড়াইল বৌবাজার ঘাটে ওঠা যায়। কড়াইল বস্তিতে পৌঁছানোর একমাত্র পথ এটিই। বছরখানেক আগেও কড়াইলে আসা-যাওয়ার একটি সড়কপথ ছিল। পথটি বন্ধ করে দিয়েছে মহাখালী নাগরিক কল্যাণ পরিষদ ‘জ’ ব্লক। কড়াইল বস্তির বাসিন্দা রেবেকা ক্ষোভের সঙ্গে বলেন, ‘কড়াইল অইলো গিয়া গরিবের বস্তি। এর লাইগ্যা গেইটটা বন্ধ কইরা দিছে মহাখালীর লোকজন।’কড়াইলের আবদুল কাদের জানান, বহু দেনদরবার করার পরও গেটটি খোলা রাখার ব্যবস্থা করা যায়নি। গেটটি ১৯ নম্বর আর ২০ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। দুই কাউন্সিলরের দেনদরবারেও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই মহাখালীর বাসিন্দারা গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। দেয়ালে লিখে দিয়েছে গেট না টপকানোর সতর্কবাণী।কড়াইল বস্তির লোকসংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার। এদের মধ্যে বিদ্যালয়গামী শিক্ষার্থী ১৬ হাজারের মতো। কিন্তু পুরো কড়াইলে নেই প্রাথমিক শিক্ষার সরকারি উদ্যোগ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার বা ‘রিক’ বাস্তবায়ন করছে কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প। শিশুশ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করছে তারা। আলাদা ছাউনির নিচে পুরো কড়াইলে রয়েছে মোট ১০টি স্কুলঘর। কড়াইল বেলতলার ‘রিক’ স্কুলের শিক্ষিকা সৈয়দা শামীম আরা বলেন, ‘কড়াইলের অভিভাবকেরা সচেতন নন। সন্তানকে স্কুলে পাঠাতে তাঁদের কোনো আগ্রহ নেই। স্কুলের পক্ষ থেকে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর প্রচারণা চালাতে হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী ডেকে এনে পড়ানোর ব্যবস্থাও করা হয়েছে।’‘রিক’ প্রকল্পের বাইরে কড়াইলে রয়েছে একটি ‘টাকার স্কুল’। কিন্ডারগার্টেনের আদলে গড়া স্কুলটি টাকার বিনিময়ে শিক্ষা দেয় বলে এলাকায় এ নামটি প্রচলিত হয়েছে। এটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। ‘রিক’ প্রকল্পের বিদ্যালয়গুলোতে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। কড়াইলের আউয়াল হোসেন বলেন, ‘এলাকায় একটি বিনা মূল্যের প্রাথমিক বিদ্যালয় থাকা দরকার।’হোটেল আর রেস্তোরাঁয় উদরপূর্তিএই ওয়ার্ডের মতো এত নামীদামি হোটেল-রেস্তোরাঁ আর কোথাও নেই। এখানকার সব হোটেলই বিদেশিদের জন্যই বানানো। তাই প্রতিটিতেই রয়েছে আরাম-আয়েশের সব রকম ব্যবস্থা। এর মধ্যে ওয়েস্টিনের নামটা বিশেষ করে বলতে হয়; কেননা শুধু কাগজে-কলমেই নয়, সেবার মানেও ওয়েস্টিন পাঁচতারা হোটেলের যোগ্য দাবিদার। নিজস্ব লিমুজিন সার্ভিস থেকে শুরু করে, সুইমিং পুল, হেলথ ক্লাব, অত্যাধুনিক রেস্তোরাঁ, বার—সবকিছুই রয়েছে আকাশচুম্বী এ হোটেলে। এদিক থেকে বনানীর হোটেল সারিনার নামও উল্লেখ করার মতো। অতিথিদের জন্য সব রকমের সুযোগ-সুবিধা আছে এখানে। এ ছাড়া হোটেল ওয়াশিংটন, হোটেল সুইট ড্রিমস, প্লাটিনাম সুইটস, মিড টাউন হোটেল—এগুলোতেও প্রচুর অতিথির সমাগম হয়। আসলে এ এলাকাগুলোতে বিদেশি অতিথিদের আনাগোনা বেশি বলে অনেকে তাঁদের নিজ বাড়িতেই ছোট্ট পরিসরের গেস্টহাউস খুলে বসে আছেন। খুব বিলাসবহুল না হলেও এসব জায়গায়ও নানা দেশ থেকে লোকজন এসে ওঠে।হোটেলের মতো রেস্তোরাঁর ব্যবসাটাও এখানে জমজমাট। কেএফসি, পিত্জাহাটের মতো নামীদামি ব্র্যান্ডের আউটলেট তো আছেই। তার সঙ্গে সঙ্গে নান্দুস, খাজানা, চিকেন কিং, অ্যান্ডারসনস অব ডেনমার্ক, থাই হাউস, মুজ বার্ন, ডু মি ওক, ওয়েস্টার্ন গ্রিলসহ বিভিন্ন রেস্তোরাঁর দেখা মেলে এখানে। তা ছাড়া দেশীয় উদ্যোক্তাদের নিজ চেষ্টায় গড়ে তোলা খ্যাতনামা ব্র্যান্ড ডেজাভু ক্যাফে, টপকাপি, গোল্ডেন রাইস, রসনা বিলাস, ধাবা, সাজনা, ডিশ এন্ড ডেসার্ট, ফকরুদ্দীন বিরিয়ানিসহ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে এ এলাকায়।ভিনদেশের প্রতিনিধি১৯ নম্বর ওয়ার্ডজুড়ে রয়েছে ৪৭টি দূতাবাস। দূতাবাসের বাইরে রাষ্ট্রদূতদের বসবাসের বাড়িও এখানে। এগুলোর নিরাপত্তার ব্যবস্থা করে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের একজন উপকমিশনারের (ডিসি চ্যান্সারি) মাধ্যমে পুরো দূতাবাসপাড়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রিত হয়।ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার এ কে এম হাফিজ আক্তার বর্তমানে ডিসি চ্যান্সারির অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘এখানে দূতাবাস ৪৭টি। এ ছাড়া রাষ্ট্রদূতদের বাড়ির নিরাপত্তার দায়িত্বেও রয়েছে ডিএমপি। পুলিশ লাইনের এক হাজার জন পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঁচ শ সদস্য সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। নিরাপত্তার ক্ষেত্রে চ্যান্সারি পুলিশ, আর্মড পুলিশ, ডিএমপির সাদা পোশাকের গোয়েন্দা দল ছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সেনা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) একসঙ্গে কাজ করছে।’ নিয়মিত অবস্থানের পাশাপাশি টহল ও পেট্রোল নিরাপত্তাব্যবস্থা বহাল রয়েছে।কেনাকাটার মক্কাকথায় বলে, ‘টাকা দিলে নাকি বাঘের চোখও মেলে’। কথাটা যে কী পরিমাণ সত্য, সেটা টের পাওয়া যায় গুলশান-বনানীতে ঘুরলে। হেন জিনিস নেই যা এখানে কিনতে পাওয়া যায় না। কোটি টাকার বিএমডব্লিউ থেকে শুরু করে দুষ্প্রাপ্য প্রত্ননিদর্শন—কী নেই এখানে! মুদি-মনোহারি কেনাকাটার জন্য রয়েছে নামকরা ব্র্যান্ডের সুপার শপ। কাপড়চোপড় কেনার জন্য আছে শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মল। ঈদের মৌসুমে এখানকার শপিং মলগুলোয় তিন-চার লাখ টাকা দামের শাড়ি ওঠে। বিলাসপণ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন পড়তে পারে, সবকিছু এখানেই কিনতে পাওয়া যায়।শহরের সেরা ফলমূল, শাকসবজি, তরিতরকারি পাওয়া যায় এখানকার বাজারে। শোনা যায়, গোপনে কোথাও কোথাও নাকি হরিণের মাংসও বিক্রি হয়। অসময়ে আম, কাঁঠাল, তরমুজ, বাঙি কিংবা বিদেশি ফল রামবুটান, চেরি, স্ট্রবেরি, বেবি মেলন—সবই পাওয়া যায় এখানে। তাই শহরের কোথাও যদি কোনো কিছু কিনতে গিয়ে হোঁচট খান, তাহলে গুলশান-বনানীতে এসে খোঁজ করতে পারেন। পকেটে যথেষ্ট পয়সা নিয়ে ঠিকমতো খুঁজলে এখানে পেয়ে যাওয়াটা খুব অবাক হওয়ার মতো কিছু নয়।নাগরিক দুর্ভোগ রয়েছেই‘গরমের সময় আমাদের এখানে প্রতিদিন ছয়-সাত বার লোডশেডিং হয়। আর একবার লোডশেডিং মানেই এক ঘণ্টা’, বলছিলেন গুলশান-২ নম্বরের এক ব্যবসায়ী। প্রায় একই রকম কথা শোনালেন গুলশানের ১১৩ নম্বর রোডের বাসিন্দা ওয়াসিফ আহমেদ। বিদ্যুতের সমস্যার পাশাপাশি তিনি অবশ্য ওয়ার্ডের পয়োনালা নিয়েও কম অভিযোগ জানালেন না। প্রায় সময়ই নাকি তাঁদের এলাকার পয়োনালা অকেজো হয়ে পড়ে বলে তিনি জানান। খোদ ওয়ার্ড কাউন্সিলর নিজেই জানালেন—তিনিও একজন ভুক্তভোগী।আসলে আবাসিক এলাকা হিসেবে এই ওয়ার্ডে যে পরিমাণ পানি, বিদ্যুতের প্রয়োজন ছিল তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেকেই। কারণ হিসেবে তাঁরা বলেন, এত বেশি উঁচু ভবন তৈরি হওয়ার ফলে পানি, গ্যাস, বিদ্যুত্—সবকিছুরই চাদিহা কয়েক গুণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরবরাহ তেমন বাড়েনি। রাতে বিজলি বাতি চলে গেলে বিকল্প বাতি থাকার কারণে সেটা বোঝা যায় না। তা না হলে গুলশান-বনানীতেও মাঝরাতে মোমমাতি জ্বলতে দেখা যেত। হতদরিদ্র গুলশান লেকগুলশান আর বনানীর লেকটিকে যদি যত্ন করা হতো, তাহলে এটি একটি দেখার মতো লেক হতো বলে দাবি করলেন গুলশান লেকের পাড়ে হাঁটতে আসা এক বাসিন্দা। গুলশানকে ঘিরে রেখেছে মনোরম লেক। লেকের তীরে গড়ে উঠেছে সুরম্য অট্টালিকা। কিন্তু সেই অট্টালিকার বাবুরা বরাবরই ছাদের ওপর থেকে নিচে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস বাদ দিতে পারেননি। তাই তো গুলশান লেকের পাড়ে হাঁটলে মাঝেমধ্যেই নাকে ভাপসা গন্ধ এসে লাগে। উত্কট এ গন্ধ অট্টালিকার ওপরতলা পর্যন্ত না পৌঁছালেও নিচতলার মানুষদের কিন্তু ঠিকই ভোগায়। ময়লা-আবর্জনা ফেলে একদিকে যেমন লেকের পানি দূষণ করা হচ্ছে, অন্যদিকে অতিচালাক কিছু দখলদার ময়লা আর কচুরিপানা দিয়েই দখল করছে গুলশান লেক। লেকের পাড়ে যাঁরা বাড়ি করেছেন তাঁদের অধিকাংশই বাড়ি নির্মাণের সময় একটু একটু করে ছুরি চালিয়েছেন লেকের শরীরে। লেক দখল করার কারণে লেকের কোনো কোনো অংশ এখন একেবারে সরু হয়ে গেছে। কোনো অংশ আবার সরু হওয়ার পথে। স্থায়ী দখলদারদের সঙ্গে আবার যোগ হয়েছে অস্থায়ী দখলদারেরাও। তারা আবার বাঁশের মাচা অথবা কাঠের ঘর বানিয়ে লেকের ওপরেই দিব্যি রয়েছে। বেশ কয়েকটি বস্তি গড়ে উঠেছে লেকের ধারে। লেকের জমিতে খুঁটি গেড়ে কাঁচাবাজার বসাতেও দেখা গেল। মসজিদের নামেও অনেকে দখল করে নিয়েছে লেকের জায়গা। গুলশান-বনানী সংযোগ সেতুর নিচে তাকালেই দেখা যাবে, বনানীর পয়োনালার মুখ এসে মিশেছে লেকের পানিতে, যা থেকে অনবরত নির্গত হচ্ছে দূষিত বর্জ্য।ভাঙা রাস্তা এখানেও!ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকায়ও যে বছরের পর বছর রাস্তা ভাঙা থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। গুলশান-২-এর গুলশান টাওয়ারের সামনের রাস্তায় খানাখন্দ আর ভাঙা দেখে বোঝা যায়, বহুদিন এখানে কোনো রকম মেরামতের ধারও ধারা হয়নি। এলাকার বাসিন্দারাও একই অভিযোগ করলেন। রাস্তাটা বহুদিন ধরে এ রকম পড়ে আছে। সারানোর উদ্যোগ নেই। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। তখন গাড়ি নিয়ে তো দূরের কথা, ঠিকমতো হাঁটাচলাও করা যায় না।বনানীতেও বেশ কিছু রাস্তার একই দশা। বনানীর বিভিন্ন ব্লকের রাস্তা খানাখন্দে ভরে আছে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, এগুলো বহুদিন ধরে সারানোর চেষ্টা করা হয় না। হাওয়া ভবনে যাওয়ার পথটিরও দুরবস্থা চোখে পড়ার মতো। অথচ এ বিষয়ে কোনো রকম উদ্যোগের ধারেকাছে দিয়েও যাচ্ছে না নগর কর্তৃপক্ষ। বনানীর রাস্তাগুলো নিয়ে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। কিন্তু এগুলো সারানোর কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে জানালেন তাঁরা। রাজধানীর সবচেয়ে বনেদি দুই এলাকার পথঘাটের যদি এই দশা হয়, তাহলে শহরের অন্যান্য অংশের কী অবস্থা, সেটা তো সহজেই অনুমেয়। বনানী পার্কে মায়েদের ক্রিকেটরাজধানীর বনানী মাঠে নজরে পড়ল এক ব্যতিক্রমী দৃশ্য। মধ্যবয়সী মহিলারা দলবেঁধে ক্রিকেট প্র্যাকটিস করছে। তাও যেমন-তেমন অনুশীলন নয়, একেবারে কোচ ডেকে খেলা শেখা।প্র্যাকটিস করছিলেন আইসিডিডিআরবি হাসপাতালের মহিলা ক্রিকেট দল। তাদের সাথে কথা বলে জানা গেল, প্রতি বছর দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলে তারা। এ খেলায় অংশ নেন আইসিডিডিআরবির দেশি-বিদেশি নারীকর্মীরা। নার্স, ডাক্তার সবাই কাঁধে কাঁধমিলিয়ে ক্রিকেট খেলেন। সারা দিন ডিউটি শেষ করে তারপর আবার খেলা! ধকল সামলাতে গিয়ে দম ধরে যাওয়ার কথা। কিন্তু তাঁদের মুখে ক্লান্তি কোথায়? তারচেয়ে আনন্দটাই উথলে পড়ছিল বেশি। ডা. শামসুন্নাহার মেরিনা বললেন, ‘আমরা নিজেরা নিজেরা খেলি এবং খেলাটা খুব এনজয় করি। খেলতেও ভালো লাগে, আবার এক্সারসাইজটাও হয়ে যায়।’ আর বাসার লোকজন? এ প্রশ্নের জবাব দিলেন আরেক খেলোয়াড় ফাহমিদা আনোয়ার, ‘আমিও যে তাঁদের মতো ক্রিকেট খেলি, পছন্দ করি, আমার ছেলেরা সেটা খুবই অ্যাপ্রিশিয়েট করে।’যে জীবন ফড়িঙের দোয়েলের...এই শহরে মানুষজনের নানা রকম ভোগান্তি দেখলে মাঝেমধ্যে গুলশান-বনানীর দিকে তর্জনী তুলে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত লাইনটা আওড়াতে ইচ্ছা করবে নগরবাসীর—‘ঈশ্বর থাকেন ঐ খানে, ঐ ভদ্র পল্লীতে...’। ক্ষোভে নয়, রাগে কিংবা দুঃখেও নয়, এ হচ্ছে সান্ত্বনা লাভের এক সহজতম পদ্ধতি। সেটা বুঝতে পারা যায় খানিক গুলশান-বনানীর পথে পথে হাঁটলেই। রাস্তার দুই ধারে বাড়ির গড়ন আর নমুনা দেখে এলাকাজুড়ে আধুনিক স্থাপত্যশিল্পের প্রদর্শনী হচ্ছে—এ রকমটাই মনে হয়। বারান্দা, ছাদ, কি সীমানাপ্রাচীর ঘেঁষে নাম না-জানা কত রকম গাছ, কত রকম ফুল উঁকি দিয়ে আছে পথচারীর দিকে! মাঝেমধ্যে গেটের ফাঁক দিয়ে পাহারাদার জার্মান শেফার্ড কুকুর মুখ বের করে দেয় দানবের মতো। পথচারীর পিলে চমকে দিয়ে হাঁক ছাড়ে—ঘেউ। ওয়ার্ডবাসীর পোশাক-আশাক দেখেও ঠাহর করা যায়, ‘অর্থ’ নামক শব্দটির সঙ্গে তাঁদের বেশ সখ্য রয়েছে। বাড়ি থেকে বের হলেই রয়েছে চোখজুড়ানো সুসজ্জিত বিপণিবিতান আর প্রাসাদতুল্য ভবন।সকাল থেকে রাত অবধি গুলশান-বনানী থাকে সরগরম। যাঁদের হাঁটার অভ্যাস আছে তাঁরা সবাই সাতসকালেই বেরিয়ে পড়েন। ট্র্যাকস্যুট আর কেডস পায়ে হেঁটে বেড়ান গুলশান লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাঁটার পাট চুকিয়ে চলে কাজে ফেরার পালা। সবাই যে যাঁর মতো নিত্যদিনের কাজে বেরিয়ে পড়েন। বাড়িতে কড়া নিরাপত্তাব্যবস্থা আর আভিজাত্য—এ দুটি বিষয়ে ওয়ার্ডবাসীকে বেশ সজাগ বলেই মনে হয়।সবাই জানে—উঁচুতলার মানুষেরা এখানে থাকেন। কেননা গুলশান-বনানীর সবকিছুর সঙ্গেই বনেদিয়ানা, বিলাসিতা আর আভিজাত্যের একটা সম্পর্ক রয়েছে। একে শহরের ভেতর এক টুকরো বিদেশ বললে খুব একটা বাড়িয়ে বলা হবে না। হয়তো সে কারণেই বিদেশিদের আনাগোনাটা এখানে বেশি। তা ছাড়া প্রায় সব বিদেশি দূতাবাস ঠাঁই করে নিয়েছে এখানেই। তাই গুলশান-বনানীর রাস্তায় হরহামেশাই দেখা মেলে সাদা, কালো আর হলদেটে চামড়ার মানুষের; ফুটপাত ধরে কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন; কখনো প্যারামবুলেটরে করে বাচ্চাদের ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছেন; শপিং মল, রেস্তোরাঁ থেকে বের হয়ে আসছেন।নগরের অন্যান্য এলাকায় আর যা-ই হোক এত ঘন ঘন দামি গাড়ি চোখে পড়ে না। গুলশান আর বনানীর রাস্তায় হরহামেশাই দেখা যায় বিএমডব্লিউ, মার্সিডিস, পোরশে। চারদিকে কাচে ঘেরা সুউচ্চ বাড়ি থেকে যে গাড়িগুলো বের হয়, তারা আবার মাঝেমধ্যেই রাস্তায় ‘রেস’ শুরু করে। তাই রাস্তা চলতে চলতে হঠাত্ হঠাত্ই আঁতকে উঠতে হয় উচ্চ আওয়াজে। কুঁজো ষাঁড়ের মতো গোঁ-গোঁ শব্দ করতে করতে দুর্দান্ত বেগে ধেয়ে আসে গাড়ি।সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে যে ‘প্রাইভেট ইউনিভার্সিটি’গুলো, তাদের সবার আখড়া বোধহয় এখানে। মোড়ে মোড়ে তাই তরুণ-তরুণীদের আড্ডা। সেসব আড্ডায় মিনিট পনেরো কান পাতলেই দুনিয়ার হাল-ফ্যাশনের তামাম হালহকিকত জানা যাবে। তবে এই ওয়ার্ডে দিনের চেয়ে রাতেই জেল্লাই বেশি চোখে পড়ে। ঝলমলে আলোয় ভেসে যায় চারদিক। হই-হল্লা শুরু হয় কাবাব-পরোটা অথবা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাইয়ের দোকানে। চলতে থাকে খাওয়া, চলতে থাকে আড্ডা।সমস্যার খতিয়ান গুলশান-বনানীর বেশ কিছু রাস্তায় কোনো সড়কবাতি নেই। ফলে মাঝেমধ্যেই সন্ধ্যার পর ছিনতাই হচ্ছে।  বনানীর ব্লক-ই, রোড নম্বর-১১-এর ৬৭ নম্বর বাড়ির সামনের সড়কে ওয়াসার পানি সরবরাহের নল ফেটে ্পানি জমে আছে। ফলে পথচারীদের পানি আর কাদায় দুর্ভোগ সয়ে রাস্তায় চলাচল করতে হয়। ৭৯ নম্বর বীর উত্তম মীর শওকত আলী (পুরাতন ৭৭ গুলশান এভিনিউ) সড়কে মেয়রের ভবনের কাছে টেলিফোন বক্সের ঢাকনা চুরি হয়ে গেছে। গুলশান-১ মোড় থেকে গুলশান-২-এর উত্তরে পাকা মার্কেট পর্যন্ত সড়ক বিভাজকে ভূগর্ভস্থ পয়ঃসংযোগ নালায় কোনো ঢাকনা নেই। বনানী সুপার মার্কেটের নির্মাণসামগ্রী সড়কের যত্রতত্র ফেলে রাখায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরের নিচতলায় দপ্তর নির্দেশক সাইনবোর্ডের পাশের সড়কে ভূগর্ভস্থ পয়ঃসংযোগ নালায় কোনো ঢাকনা নেই। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এইচসিডিপি, বনানী কার্যালয়ের সামনে বিদ্যুত্ সংযোগ বাক্সের ঢাকনা নেই। বিপজ্জনক অবস্থায় পড়ে আছে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। গুলশানের বিভিন্ন সড়কের পাশে খালি জায়গায় বসানো হয়েছে অবৈধ টং দোকান। সেখানে বহিরাগতরা আড্ডা দেয় বলে অভিযোগ করেছেন অনেক বাসিন্দা। বনানী এলাকায় ফুটপাত ও রাস্তার ধারেও গড়ে উঠেছে টং দোকান।কর্তারা যা বলেনরাস্তার মোড়ে মোড়ে টং দোকান প্রসঙ্গে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম বলেন, পুলিশকে সঙ্গে নিয়ে ঢাকা সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট যদি উচ্ছেদ অভিযান চালান তাহলে এগুলো অপসারণ করা সম্ভব।পথের ধারের বাতি নষ্ট নয়, জানিয়ে আলিম বলেন, একই সারির রাস্তার বাতিগুলো একটার পর একটা জ্বালিয়ে আরেকটা বন্ধ রাখা হয়, এ জন্য মাঝেমধ্যে কিছু জায়গায় মনে হয় যে বাতি জ্বলছে না।রাস্তার ওপর অথবা ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী রাখা প্রসঙ্গে আলিম বলেন, রাস্তার ওপর ফেলে রাখা নির্মাণসামগ্রী সরানোর জন্য ঢাকা সিটি করপোরেশনের নয় নম্বর এলাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এরই মধ্যে ৩০ জনকে চিঠি পাঠিয়েছে।ডাকবাক্সএ কোন ধরনের প্রতারণাবাবার শেষ সম্বলটুকু বিক্রি করে উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর হাজারো শিক্ষার্থী প্রতিবছর ঢাকায় আসেন। জীবনযাত্রার উচ্চ ব্যয় শিক্ষার্থীদের জীবন করে তোলে দুর্বিষহ। উন্নত বিশ্বে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য খণ্ডকালীন (পার্টটাইম) চাকরির ব্যবস্থা থাকলেও আমাদের দেশে সেই ধরনের ব্যবস্থার প্রচলন হয়নি। ফলে শিক্ষার্থীদের নিদারুণ অর্থকষ্টে পড়তে হয় প্রতিনিয়ত। অত্যন্ত দুঃখের বিষয়, অতি সম্প্রতি পার্টটাইম চাকরি নিয়ে শুরু হয়েছে প্রতারণা। বিভিন্ন পত্রিকা, লিফলেট ও দেয়াললিখনের মাধ্যমে পার্টটাইম চাকরির ঠিকানাবিহীন (শুধু মোবাইল নম্বর থাকে) বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। ওই মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাক্ষাত্কারের জন্য অপরিচিত নির্জন জায়গায় যেতে বলা হয়। পরবর্তী সময়ে অস্ত্রের মুখে শিক্ষার্থীদের সবকিছু কেড়ে নেওয়া হয়। আবার কখনো কখনো চাকরির জন্য মোটা অঙ্কের জামানতের কথাও বলা হয়। এতে নিরীহ শিক্ষার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান পার্টটাইম চাকরির কথা বলে শিক্ষার্থীদের ৮-১০ ঘণ্টা কাজ করতে বাধ্য করছে। ফলে শিক্ষাজীবন মারাত্মক ব্যাহত হয়। অথচ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল, রেস্টুরেন্ট ও বুটিক হাউসগুলো শিক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারত। তারা শিক্ষার্থীদের পড়াশোনার সময় ব্যতীত অন্য সময়ে তাঁদের জন্য কাজের ব্যবস্থা করতে পারে। এতে শিক্ষার্থীদের জন্য অর্থের ব্যবস্থাসহ চাকরির অভিজ্ঞতা হতো। তাই এ ধরনের প্রতারণা বন্ধ করাসহ শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির যথাযথ ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।নাম প্রকাশে অনিচ্ছুক, শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।