এই আমাদের ওয়ার্ড ৬৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০টি ওয়ার্ডের শহর ঢাকা। ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সমস্যা অনেক, কিন্তু সমাধান নেই। অভিযোগ অনেক, অথচ শোনার কেউ নেই। আমরা শুনতে চাই আপনার সমস্যার কথা। সেই সঙ্গে জানতে চাই আপনার সাফল্য, সম্ভাবনা আর ঐতিহ্যের খবরও। আর সে জন্যই ‘ঢাকায় থাকি’র ওয়ার্ডভিত্তিক এ নিয়মিত আয়োজন। আজ ছাপা হলো ৬৩ নম্বর ওয়ার্ডের কথাঢাকা মহানগরের ইতিহাসের অনেক স্মারক বহন করছে ডিসিসির ৬৩ নম্বর ওয়ার্ড। এখানে একাধিক ধর্ম আর মতের মানুষ বাস করছে। রয়েছে তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা নেওয়ার নানা রকম শিক্ষাপ্রতিষ্ঠান আছে এখানে। ঢাকাই খাবারের দোকানও রয়েছে অনেক। ওয়ার্ডে অভিজাত পরিবার যেমন আছে, তেমনি আছে সাধারণ মানুষের পদচারণ। ৬৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্য ও ওয়ার্ডবাসীর যাপিত জীবন লেখাতে তুলে ধরেছেন মিল্লাত হোসেন ও আজহার হোসেনশিয়া সম্প্রদায় ও হোসেনি দালাননগরের পুরাকীর্তির মধ্যে অন্যতম হচ্ছে হোসেনি দালান। এটি প্রতিষ্ঠার পর শিয়া সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিতি পায় ডিসিসির ৬৩ নম্বর ওয়ার্ড। হোসেনি দালান ইমামবাড়া শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থাপনা। এটি নির্মিত হয় ১৬৪২ সালে। হোসেনি দালানের নির্মাতা মীর মুরাদ। তিনি ছিলেন শাহ সুজার নৌবহরের সেনাপতি। কথিত আছে, একদিন মীর মুরাদ স্বপ্নে হজরত ইমাম হোসেনের নির্দেশ পান একটি সৌধ নির্মাণের। নির্দেশনা অনুসারে মীর মুরাদ এ হোসেনি দালান নির্মাণ করেন। নির্মাণের পর দালানের গায়ে যে ফলক দেওয়া হয় তাতে উল্লেখ আছে, ‘ওই মর্যাদাবান পরাক্রান্ত ও প্রসিদ্ধ বাদশাহের আমলে সৈয়দ মুরাদ এক হাজার বায়ান্ন সালে এ শোকাগারটি নির্মাণ করেন।’হোসেনি দালান রোড থেকে হোসেনি দালান ইমামবাড়ার মূল ফটকে ঢুকতেই চোখে পড়ে দারুল কোরআন শেফাখানা ও ডেন্টাল ক্লিনিক। দ্বিতল এ ভবনটিতে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ভবনটি পেরোলেই একটি কবরস্থান। এখানে শিয়া ধর্মাবলম্বীদের কবর দেওয়া হয়। কবরস্থানের ঠিক সামনেই হোসেনি দালানের মূল ভবন। ভবনের দোতলায় ইমাম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি প্রতীকী কবর বানানো হয়েছে। তার পাশে রয়েছে নামাজ আদায়ের কক্ষ। ভবনের ভেতর ‘শিরনী হল নামে একটি হলঘর রয়েছে। ঘরটির কারুকাজ ও রঙের বিন্যাসে শোকাবহ একটি অবস্থা সৃষ্টি করা হয়েছে। হোসেনি দালানের আয়তন ছয় বিঘা। বিশাল এ জায়গায় রয়েছে একটি পুকুর। হোসেনি দালানের ভেতরের অংশে ‘গ্যাস গার্ডেন’ নামে একটি বাগান ছিল। সেটি ১৯৫৭ সালে মোতাওয়াল্লি নবাব হাবিবুল্লাহ লিজ দিয়েছিলেন এলাকার পেয়ারু সর্দারকে। কিন্তু ইজারার লিজের মেয়াদ পেরিয়ে গেলেও পেয়ারু সর্দারের বংশধরেরা গ্যাস গার্ডেন দখল করে রেখেছেন। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানান হোসেনি দালানের তত্ত্বাবধায়ক ফিরোজ হোসাইন।হোসেনি দালানের পূর্ব পাশে একটি কবরস্থান দেখা গেল। দালানের কর্মচারী মির্জা ইমদাদ আলী জানান, প্রাচীন এ কবরস্থানে শায়িত আছেন ঢাকার নায়েবে নাজিম নুসরাত জং, শামস্উদ্দৌলাহ, কামারউদ্দৌলাহ ও গাজীউদ্দিন। এ কবরস্থানের সামনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ডে এটিকে পুরাকীর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। মীর মুরাদের ইমামবাড়া ছাড়া ১ নম্বর হোসেনি দালান রোডে রয়েছে মীর ইয়াকুব ইমামবাড়া। এটি ১৮৯১ সালে প্রতিষ্ঠিত হয়। শিয়া আঞ্জুমানে হোসাইনী এর পরিচালনা করছে।পুরো ওয়ার্ডে হাজার তিনেক শিয়া জনগোষ্ঠী বাস করছেন। ধর্মীয় দিবসগুলোতে তাদের নিজস্ব বৈশিষ্ট্য দেখা যায়। বিশেষ করে মহররম মাসে তাদের শোক আর মাতমে থাকে ভিন্নতা। মহররম মাসের প্রথম দিন থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা, চলে টানা ১০ দিন। এ সময় দালান চত্বরে মেলা বসে। নগরের নানা সম্প্রদায়ের মানুষ জড়ো হয় দালানে। মহররমের দশম দিনে বের করা হয় মিছিল। এতে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে শোক প্রকাশ করে। নান্দনিক ভবনের পাশে ডাস্টবিননাজিমুদ্দিন রোড ৫০ নম্বর বাড়িটি আর দশটা বাড়ির মতো নয়। এর স্থাপত্যশৈলী যে কারও নজর কাড়তে বাধ্য। এটি নির্মাণ করেছিলেন সৈয়দ আবী মোহাম্মদ আহসান। তিনি মিরপুরের বিখ্যাত আউলিয়া হজরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর বংশধর বলে জানা যায়। বাড়ির কাজ শুরু করেন ১৯০৫ সালে এবং ১৯১১ সালে বাড়িটির প্রথম তলা নির্মিত হয়। সৈয়দ আবী মোহাম্মদ আহসান তাঁর স্ত্রী হাসিনা খাতুনের নামে বাড়ির নাম রাখেন ‘হাসিনা মনজিল’। ১৯১৮ সালে বাড়িটির দ্বিতীয় তলার নির্মাণকাজে হাত দেওয়া হয়। তা শেষ হয় ১৯২১ সালে। বাড়ির প্রধান ফটকের পাশে থাকা ফলকে ১৯২১ সালকে বাড়িটির প্রতিষ্ঠা সাল হিসেবে ধরা হয়েছে। লাল রঙের বাড়িটি স্থানীয় লোকজনের কাছে ‘লাল দালান’ হিসেবে পরিচিত।হাসিনা মনজিলের প্রতিষ্ঠাতা আবী মোহাম্মদ আহসানের নাতি সৈয়দ নাসরুল আহসান জানান, এ দালান নির্মাণে সেই আমলেই দুই লাখ টাকা ব্যয় হয়েছিল। তাঁর দাদা হাসিনা মনজিলের বিপরীত পাশেই ১০৯ নাজিমুদ্দিন রোডে ১৯৪০ সালে নির্মাণ করেন একটি একতলা বাড়ি। এ বাড়ির নাম তাঁর মেয়ে জোহরা বেগমের নামে রাখেন ‘জোহরা মনজিল’। এ বাড়িটি পরে দোতলা করা হয়। সাদা রঙের ওই বাড়িটিও ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে আছে।এদিকে হাসিনা মনজিল ও জোহরা মনজিলের মাঝখানে ক্ষত হয়ে দাঁড়িয়ে আছে ডিসিসির একটি ডাস্টবিন। হাসিনা মনজিলের পাশে নাজিমুদ্দিন রোডের চওড়ার অর্ধেকটাজুড়ে আছে এটি। ডাস্টবিনের আবর্জনা রাস্তার এদিক-সেদিক ছড়িয়ে আছে। সৈয়দ নাসরুল আহসান বলেন, ‘ডাস্টবিন থেকে আসা দুর্গন্ধে আমাদের খুব সমস্যা হচ্ছে। এ সমস্যার কথা বিভিন্ন সময় কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ এটি সরানোর উদ্যোগ নেয়নি।’মসজিদের সমাহারএ ওয়ার্ডে রয়েছে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের বাস। হোসেনি দালান ইমামবাড়ার ভেতর রয়েছে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদ।পুরো ওয়ার্ডে সুন্নি সম্প্রদায়ের রয়েছে ১২টি মসজিদ। এগুলো হচ্ছে—এমদাদীয়া প্রেস মসজিদ, চাদ খাঁর মসজিদ, জয়নাগ রোড বায়তুল আমান মসজিদ, তাঁতখান লেন জামে মসজিদ (কবিরাজ মসজিদ), বুয়েট কেন্দ্রীয় মসজিদ, নাজিমুদ্দিন রোড জামে মসজিদ, বকশীবাজার ছোট মসজিদ, বকশীবাজার জামে মসজিদ, মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রাবাস মসজিদ, হোসেনি দালান জামে মসজিদ, সৈয়দ শাহ জামে মসজিদ।এ ওয়ার্ডের আদি মসজিদগুলোর মধ্যে তাঁতখানা লেন জামে মসজিদ অন্যতম। এলাকায় এটি ‘কবিরাজ জামে মসজিদ’ নামে পরিচিত। মো. আবদুর রশীদের ঢাকা নগরীর মসজিদ নির্দেশিকা থেকে জানা যায়, মসজিদটির প্রতিষ্ঠাতা কবিরাজ আফতাব উদ্দিন বিশ্বাস। তাঁর নামেই এলাকায় এটি কবিরাজ মসজিদ নামে পরিচিত। মসজিদটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত। আদি মসজিদটিতে সাতটি গম্বুজ ছিল। মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছে। ফলে এটি আদি চেহারা হারিয়েছে। বর্তমানে মসজিদের ফটকে প্রতিষ্ঠাতা হিসেবে কবিরাজ আফতাব উদ্দিন বিশ্বাসের নাম শ্বেতপাথরের ফলকে লেখা রয়েছে।হোসেনি দালান জামে মসজিদ প্রায় ১০০ বছর আগে প্রতিষ্ঠিত। তিন হাজার বর্গফুটের মসজিদটির প্রতিষ্ঠাতা আবদুল করিম। আদি মসজিদটি টিনশেডের ছিল বলে আবদুর রশীদ উল্লেখ করেছেন। এর বর্তমান ভবন দোতলা। বাইরের দিকে চিনি ঠিকরির কারুকাজ বিশেষভাবে লক্ষণীয়।ঢাকাই খাবারের গলিঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের দিক থেকে নাজিমুদ্দিন রোডে ঢুকতেই চোখে পড়ে একের পর এক খাবারের দোকান। ঢাকার ঐতিহ্যবাহী নানা খাবারের ডালা নিয়ে বসে আছে দোকানগুলো। বাকরখানি, মোরগ-পোলাও, ভাত-ভর্তা, লুচি-পরোটা, রসগোল্লা; কত যে খাবারের আয়োজন তার তালিকা করাও কঠিন! খাবারের দাম তুলনামূলক কম, কিন্তু স্বাদ বেশি—প্রায় প্রতিটি খাবারের দোকানের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। ভোজনরসিকদের ভিড় লেগেই আছে দোকানগুলোয়। ৭৭/১ নাজিমুদ্দিন রোডের মমিন সুইটমিটে প্রায় সব ক্রেতার পাতেই দেখা গেল লুচি-পরোটা। এর সঙ্গে অনেকেই নিয়েছে হালুয়া। এখানে এই দুটি পদই বেশি চলে বলে জানা গেল। মমিন সুইটমিটের ক্যাশে বসে থাকা বর্ষীয়ান এক ব্যক্তি দাবি করেন, প্রায় ৮০ বছর আগে গড়ে ওঠে এ দোকান। নাজিমুদ্দিন রোডে এটাই প্রথম খাবারের দোকান।বাকরখানি রুটির জন্যও খ্যাতি পেয়েছে নাজিমুদ্দিন রোড। বাকরখানি তৈরি ও বিক্রির বেশ কয়েকটি দোকান আছে এখানে। তবে বেচা-বিক্রিতে এগিয়ে আছে নাসু ফারুক রুটি বিতান। পুরান ঢাকার বিখ্যাত নান্না মিয়ার মোরগ-পোলাওয়ের শাখাও বসেছে নাজিমুদ্দিন রোডে। তবে এখানে সুনামে সবাইকে ছাড়িয়ে গেছে নীরব হোটেল। ভাত-ভর্তা খেতে এখানে ক্রেতার ভিড় লেগেই থাকে।ঢাকেশ্বরী মন্দিরের কথাঢাকা নগরের ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এর অবস্থান ১০ অরফানেজ রোডে। এই মন্দির সম্পর্কে ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থে মুনতাসীর মামুন লিখেছেন, অনেকেই মনে করেন, ঢাকা নামের উৎপত্তি ঢাকেশ্বরী নাম থেকে। কিংবদন্তি অনুসারে, একবার রাজা বিজয় সেনের রানি লাঙ্গলবন্দের স্নানে গিয়েছিলেন। ফেরার সময় জন্মেছিল তাঁর একটি পুত্রসন্তান, ইতিহাসে যিনি বল্লাল সেন নামে পরিচিত। বল্লাল সেন সিংহাসনে আরোহণের পর নিজের জন্মস্থানকে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করেন ঢাকেশ্বরী মন্দির।ঢাকেশ্বরী মন্দির চত্বরে আছে দুই রকমের স্থাপত্যরীতির মন্দির। প্রাচীনতমটি হচ্ছে দেবী দুর্গার, যা সংস্কারের ফলে মূল চেহারা হারিয়েছে। বর্তমান মন্দিরটি ২০০ বছরের পুরোনো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট এটি নির্মাণ করেছে। তিনিই প্রাচীন মন্দিরটি সংস্কার করেছেন বলে মুনতাসীর মামুন ধারণা করেছেন। ঢাকেশ্বরী মন্দিরে আরও আছে চারটি শিবমন্দির। কিংবদন্তি আছে, ষোড়শ শতকে রাজা মানসিংহ এখানে চারটি শিবলিঙ্গ বসিয়ে নির্মাণ করেন চারটি শিবমন্দির। বাংলা চৌচালা ও গুরুদুয়ারার মিশ্রণ লক্ষ করা যায় ঢাকেশ্বরী মন্দিরের স্থাপত্যে। পঞ্চায়েতের কাজকর্মএই ওয়ার্ডে আছে তিনটি পঞ্চায়েত কমিটি। এগুলো হচ্ছে হোসেনি দালান সমাজকল্যাণ সংস্থা (পঞ্চায়েত), বকশীবাজার মৈত্রী সমাজকল্যাণ সংসদ, নূর ফাত্তাহ লেন পঞ্চায়েত। নূর ফাত্তাহ লেনের নূর ফাত্তাহ লেন পঞ্চায়েত কমিটির বয়স ৬০ বছর। এই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন, ‘আর দশটা পঞ্চায়েতের মতোই সামাজিক কল্যাণমূলক কাজ করে চলেছে নূর ফাত্তাহ লেন পঞ্চায়েত।’৬৬ হোসেনি দালান রোডে রয়েছে হোসেনি দালান পঞ্চায়েতের বসার ঘর। সেখানে গিয়ে দেখা গেল, ঘরটিতে আড্ডা দিচ্ছেন এলাকার বর্ষীয়ান অনেকে। সেখানে কথা হয় পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানান, হোসেনি দালান সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২ অক্টোবর। তাঁদের লক্ষ্য এলাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা। এ সংস্থার রয়েছে কাসিদার গায়ক দল।জয়নাগ রোডে দেখা গেল আবর্জনা পরিবাহী রিকশা-ভ্যান। এই পরিবহন পরিচালনা করছে বকশীবাজার মৈত্রী সমাজকল্যাণ সংসদ। জয়নাগ রোডের প্রতিটি বাড়ি থেকে আবর্জনা বহন করছে সংসদের রিকশা-ভ্যান। বকশীবাজার মৈত্রী সমাজকল্যাণ সংসদের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন জানান, সংসদটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত। এলাকার তরুণদের ভালো কাজে জড়িত করার জন্যেই এর জন্ম। এ সংসদ থেকেই দেয়াল পত্রিকা প্রকাশ, চক্ষুশিবিরের আয়োজন, ছোটখাটো সালিস মীমাংসা প্রভৃতি কার্যক্রম চালানো হয়।ছিঁচকে চাঁদাবাজদের উৎপাতবড় অপরাধী নয়, ওয়ার্ডের ব্যবসায়ীরা ছিঁচকে অপরাধীদের উৎপাতের মধ্যে দিন যাপন করছে। ছিঁচকে চোর, ছিনতাইকারী তো আছেই, ছিঁচকে চাঁদাবাজদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে রাস্তা ও গলির দোকানিদের। নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানি জানান, ছিঁচকে চাঁদাবাজেরা মাঝেমধ্যে এসে ১০০ থেকে ২০০ টাকা চাঁদা নিয়ে যায়। তাদের চাঁদা না দিলেই ছিনতাইয়ের শিকার হতে হয়। ব্যবসায়ীরা চাঁদাবাজদের চিনলেও ভয়ে কেউ মুখ খুলতে পারেন না। এই চাঁদাবাজি প্রতিরোধে নাম গোপন রেখে অনেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) অভিযোগ করেছেন। কিন্তু র‌্যাব চাঁদাবাজি বন্ধে কোনো উদ্যোগ নেয়নি। প্রতিদিন যদি একবার র‌্যাবের গাড়ি এলাকা ঘুরে যেত, তবে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমত বলে মনে করেন ব্যবসায়ীরা।প্রধান সমস্যা ‘জলাবদ্ধতা’‘আমাদের এখানে পানিনিষ্কাশনব্যবস্থা ভালো নয়। বৃষ্টি হলে রাস্তা তলিয়ে যায়। একটু ভারী বৃষ্টি হলে দোকানে পর্যন্ত পানি উঠে যায়।’ বলছিলেন বকশীবাজার লেনের ব্যবসায়ী মো. শাহজাহান।৬৩ নম্বর ওয়ার্ডবাসীর নাগরিক সমস্যার তালিকা খুব বেশি নয়। তাদের কাছে প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টি হলেই অচল হয়ে যায় অনেক সড়ক। এর মধ্যে রয়েছে জয়নাগ রোড, নাজিমুদ্দিন রোড, নবাব বাগিচা, হোসেনি দালান রোড, বকশীবাজার লেন। পলাশী ব্যারাক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের বাসিন্দারা জানান, বৃষ্টি হলে তাঁদের ঘরে পানি ঢুকে পড়ে।আমলাপাড়া সিটি রোডের বুয়েট টিচার্স কোয়ার্টার ও স্টাফ কোয়ার্টারের ভেতর বৃষ্টি হলেই জমে থাকে পানি। এ প্রসঙ্গে বুয়েট কর্মচারী কল্যাণ ক্লাবের সভাপতি নাসির আহমেদ জানান, ভারী বৃষ্টি হলে কোয়ার্টার দুটোর ভেতরের রাস্তায় এক থেকে দুই দিন পানি জমে থাকে। নিচতলার কক্ষগুলোয় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। কোয়ার্টারের পাশের রাস্তায় ঢাকা ওয়াসার একটি পানিনিষ্কাশন নালা আছে। সেটি এখান থেকে সোয়ারীঘাট হয়ে বুড়িগঙ্গা নদীতে নেমেছে। এ নালা দীর্ঘদিন পরিষ্কার করা হচ্ছে না। নালাটি বন্ধ হয়ে যাওয়ায় মূলত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, আজিমপুর ও লালবাগের রাস্তার তুলনায় তাঁদের এলাকার রাস্তা নিচু বলে বৃষ্টির পানি তাঁদের এলাকায় চলে আসে। তাঁদের এলাকা থেকে বেড়িবাঁধ হয়ে বুড়িগঙ্গা নদীতে চলে যাওয়া পানিনিষ্কাশন নালা ঠিকমতো পরিষ্কার না করায় পানি ঠিকমতো সরতে পারে না। আর বেড়িবাঁধের দিকে পানি সরার নলও সরু। এ জন্য পানি সরতে বাধা পায়।পড়াশোনার আলোয়ঐতিহ্যবাহী বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডে। এর মধ্যে আছে স্কুল, কলেজ ও মাদ্রাসা। শতাব্দীপ্রাচীন ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ার অবস্থান এই ওয়ার্ডেই। এটি প্রতিষ্ঠিত হয় ১৮৭৩ সালে। তবে কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকাল উল্লেখ করেছে ১৭৮০ সাল। ওই বছর প্রতিষ্ঠিত হয়েছে মূলত কলকাতার মাদ্রাসা-ই-আলিয়া। এ ক্ষেত্রে কলকাতার মাদ্রাসার শাখা হিসেবে ঢাকার মাদ্রাসা চালু হওয়ায় মূল মাদ্রাসার প্রতিষ্ঠার সময়কে বিবেচেনা করেছে কর্তৃপক্ষ।ওয়ার্ডে রয়েছে ১৯১৬ সালে প্রতিষ্ঠিত নবকুমার ইনস্টিটিউট। জমিদার নবকুমারের নামে নামকরণ করা হয়েছে স্কুলটির। ১৯৭৩ সালে স্কুলটির একটি কলেজ শাখা খোলা হয়। পরবর্তী সময়ে কলেজ শাখাটি শহীদুল্লাহ কলেজ নামে একটি স্বতন্ত্র কলেজে উন্নীত হয়।নবকুমার ইনস্টিটিউটের সঙ্গে জড়িয়ে আছে শহীদ মতিউরের নাম। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মতিউর এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিদ্যালয়ে আছে শহীদ মতিউর রহমান স্মৃতি পাঠাগার ও শহীদ মতিউর রহমান জাদুঘর।ওয়ার্ডে রয়েছে ইউনানী চিকিৎসাবিদ্যা শিক্ষার প্রতিষ্ঠান তিব্বিয়া হাবিবিয়া কলেজ। হাকিম হাবিবুর রহমান ১৯৩০ সালে এটি প্রতিষ্ঠা করেন। এর প্রথম ক্যাম্পাস ছিল ছোট কাটারার পাশের একটি ভবনে। পরে চলে আসে ২৫ উমেশ দত্ত রোডে। এখানেই চলছে কলেজটির কার্যক্রম। এদিকে ৬২ নাজিমুদ্দিন রোডের শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ হচ্ছে ঢাকার প্রথম বেসরকারি কলেজ। এখানে এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর-পর্যায়ে পড়াশোনার ব্যবস্থা আছে। নারীশিক্ষার ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় হচ্ছে আনোয়ারা বেগম মুসলিম উচ্চবালিকা বিদ্যালয়। এটি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত। পাকিস্তান আমলে এর নাম ছিল মুসলিম বালিকা বিদ্যালয়। স্বাধীনতার পর নাম বদলে রাখা হয় এলাকার আনোয়ারা বেগমের নামে। আনোয়ারা বেগম স্কুলের জন্য জমি দান করেন। প্রতিষ্ঠানটিতে এখন কলেজ শাখাও চালু হয়েছে। ৬৩ নম্বর ওয়ার্ডের পেয়ারু সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৬২ সালে। এর নামকরণ করা হয়েছে পেয়ারু সর্দারের নামে।ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে ভরা ওয়ার্ডটিতে আছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান দপ্তর।বৃষ্টি আতঙ্কে ফায়ার সার্ভিসের কর্মীরা!পলাশী ব্যারাক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দোচালা টিনের ঘরে ২৫ জন দমকল বাহিনীর সদস্য বাস করছে। চালে ছিদ্র থাকায় বৃষ্টি হলে ঘরজুড়েই পানি পড়তে থাকে, তখন রাতেরবেলা তাদের আর ঘুমানোর উপায় থাকে না। আবার ভারী বৃষ্টিতে ঘরের ভেতর হাঁটু পানি জমে যায়। তাই যে পানি দিয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজ করেন, সেই পানি এখানকার কর্মীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।পলাশী ব্যারাক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মসজিদের ইমাম কাজী শরীফুল্লাহ বলেন, পাকিস্তান আমলে ঢাকায় যেসব ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে তার মধ্যে এটি অন্যতম। এখন সব স্টেশনে আধুনিক ভবন করা হয়েছে। কিন্তু এখানকার স্টেশনের থাকার ঘর আর নতুন করে করা হয়নি।কেমন আছেন বুয়েটের শিক্ষক-কর্মচারীরা?আমলাপাড়া সিটি রোডে রয়েছে বুয়েটের স্টাফ কোয়ার্টার ও টিচার্স কোয়ার্টার। কোয়ার্টারের বাসিন্দা বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক নিজাম উদ্দিন জানান, তাঁরা শুধু নাগরিকত্ব সনদের জন্য কাউন্সিলরের কার্যালয়ে যান। কোয়ার্টারে সব সেবার ব্যবস্থা বুয়েট কর্তৃপক্ষই করে দিয়েছে।বুয়েটের শিক্ষক ও কর্মচারীদের কোয়ার্টারে নিজস্ব পানির ব্যবস্থা রয়েছে। দুই কোয়ার্টারেই আছে সুপরিসর খেলার মাঠ। লোডশেডিংয়ের এই ভরা মৌসুমেও লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্ত কোয়ার্টারের বাসিন্দারা। এ প্রসঙ্গে বুয়েট কর্মচারী কল্যাণ ক্লাবের সভাপতি নাসির আহমেদ জানান, সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত বুয়েটের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয় কোয়ার্টারে। আর বাকি সময় নেওয়া হয় ডিপিডিসির বিদ্যুৎ সরবরাহ। বুয়েট স্টাফ কোয়ার্টারের বাসিন্দাদের কিছু সমস্যার কথা জানালেন নাসির আহমেদ। তিনি জানান, অনেক বাসায় দুটি পরিবারকে থাকতে হচ্ছে। এক পরিবারের জন্য তৈরি বাসায় দুটি পরিবার থাকায় তাঁদের গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে।ডেকোরেটর দেয় তৈজসনগরের প্রথম সারির দুটি ডেকোরেটর ব্যবসার দোকান আছে এই ওয়ার্ডে। একটি হচ্ছে মেসার্স পেয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর অপরটি হাজি চান মিয়া ডেকোরেটর। নানা সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজন হয় একই সঙ্গে অনেক বাসনকোসন, রান্নার বড় বড় হাঁড়ি, চেয়ার, টেবিল ও প্যান্ডেল। ভাড়ার বিনিময়ে এগুলো যোগান দেওয়াই ডেকোরেটর ব্যবসার উদ্দেশ্য।পেয়ারু সর্দার চানখাঁরপুল এলাকার সর্দার ছিলেন। প্রথম জীবনে তিনি ঠিকাদারি ব্যবসা করতেন। পরে তিনি প্রতিষ্ঠা করেন মেসার্স পেয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর। ১৪/১ হোসেনি দালান রোডে তাঁর ডেকোরেটরের দোকান দেখা গেল।অন্যদিকে হাজি চান মিয়া ডেকোরেটরের প্রতিষ্ঠাতা হাজি চান মিয়া। হোসেনি দালান মসজিদ থেকে একটু এগোলেই হাজি চাঁন মিয়া ডেকোরেটরের দোকান। তাঁর এই ডেকোরেটরের ব্যবসা বিস্তৃত হয়েছে কমিউনিটি সেন্টার পর্যন্ত। চানখাঁরপুল এলাকায় আছে চান-তারা কমিউনিটি সেন্টার।নামের ইতিবৃত্তঅরফানেজ রোডের নামকরণের সঙ্গে জড়িয়ে আছে একটি এতিমখানার স্মৃতি। মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী (দ্বিতীয় খণ্ড) থেকে জানা যায়, সন্তোষের রানী দিনমণি চৌধুরানীর পৃষ্ঠপোষকতায় এখানে একটি এতিমখানা (অরফানেজ) চালু ছিল। তখন রাস্তাটির কোনো নাম ছিল না। বর্তমান নামটি রাখা হয় ১৯২৩ সালে। মুনতাসীর মামুন ধারণা করেন, সরকারি ছোট মাপের চাকুরে বা আমলারা বসবাসের জন্য এখানে কিছু কুটির বা বাড়িঘর গড়ে তুলেছিলেন। সে থেকে আমলাপাড়া নামটির উদ্ভব। আমলাপাড়ার জায়গায় এখন রয়েছে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কোয়ার্টার। কোয়ার্টারগুলোর মধ্যে থাকা সড়কটিকে ডিসিসির তালিকায় আমলাপাড়া সিটি রোড নামে উল্লেখ করা হয়েছে।নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা গ্রন্থ থেকে জানা যায়, ১৯৩৮ সালে বকশীবাজার ও গির্দ্দা উর্দু রোডের একটি অংশ নিয়ে ঢাকা পৌরসভার ওয়ার্ড কমিশনার উমেশ দত্তের নামানুসারে একটি সড়কের নাম রাখা হয় উমেশ দত্ত রোড। উর্দু তুর্কি শব্দ। যার অর্থ শিবির। যেখানে মোগল সৈন্যদের শিবির ছিল সেটি উর্দু নামে পরিচিতি পায়। পরে ওই জায়গার একটি রাস্তার নাম হয়ে যায় উর্দু রোড। উর্দু রোডের যে অংশটি কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে সেটি গির্দ্দা উর্দু রোড নামে পরিচিত। গির্দ্দা উর্দু রোডের একটি অংশ আবার কমলদহ রোড নামে পরিচিত। কেন্দ্রীয় কারাগারের ভেতর একটি পুকুর ছিল, যার নাম কমলদহ। তা থেকেই রোডের নামটি এসেছে।মোগল আমলে বকশীবাজারের কাছে চুহারবাজার নামে একটি জায়গা ছিল। উর্দু চুহার মানে হচ্ছে ইঁদুর। ঘরে পোষা সাদা ইঁদুরের বাজার বসত বলে ওই বাজারের নাম চুহারবাজার হয়েছে বলে নাজির হোসেন ধারণা করেছেন। ১৯২১ সালে ৩০০ টাকার বিনিময়ে ঢাকা পৌরসভা চুহারবাজারের নাম দেয় জয়নাগ রোড। জয়নাগ বাবু বিক্রমপুরের জমিদার ছিলেন।কেন্দ্রীয় কারাগারের উত্তর দিকে রয়েছে তাঁতখানা রোড। মোগল আমলে রাজকীয় তত্ত্বাবধানে মসলিন বস্ত্র তৈরির একটি কারখানা স্থাপন করা হয়। সে কারখানা অনেককাল আগে উঠে গেলেও রাস্তার নাম রয়ে গেছে তাঁতখানা লেন। নাজির হোসেন লিখেছেন, হোসেনি দালানের পাশের ছোট্ট একটি অংশকে মোগল আমলের নবাবদের নামানুসারে নবাব বাগিচা নামে অভিহিত করা হয়।মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী (দ্বিতীয় খণ্ড) থেকে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন (১৮৯৪-১৯৫৪) ১৯২৪ সালে তিনি ঢাকা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর নামে ১৯২৬ সালে সড়কের নাম রাখা হয় নাজিমুদ্দিন রোড। নাজির হোসেনের বিবরণ থেকে জানা যায়, মোগল আমলে সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন নুর ফাত্তাহ। তাঁর নামেই হয়েছে নুর ফাত্তাহ লেন। মুনতাসীর মামুন উল্লেখ করেছেন, সশস্ত্র বিপ্লবীদের দমন করতে ১৯৩৩ সালে ইংরেজ সরকার একদল সেনা মোতায়েন করে। তাদের জন্য নির্মিত হয় ব্যারাক। পলাশী যুদ্ধের স্মৃতি ধরে রাখতে এর নাম দেওয়া হয় পলাশী ব্যারাক। এখন এলাকার নামই হয়ে গেছে ‘পলাশী’। ওই এলাকায় আছে পাকিস্তান আমলে গড়ে ওঠা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।মুনতাসীর মামুন উল্লেখ করেছেন, মোগল প্রশাসনে খাজাঞ্চিকে বলা হতো বকশী। খুব সম্ভব মোগল আমলে কয়েকজন বকশী মিলে একটি বাজার তৈরি করে। এমনো হতে পারে, বকশীদের সরকারি আবাসস্থল ছিল ওই এলাকায়। ১৯৩৮ সালে বকশীবাজারের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাতে বাধা দেয় স্থানীয় অনেকে। তারা আবেদনপত্রে বলে মোগলরা বকশীদের কাজে সন্তুষ্ট হয়ে তাদের এ জমি দিয়েছিল। ডিসিসির ৬৩ নম্বর ওয়ার্ডে এখন আছে বকশীবাজার রোড ও লেন।হোসেনি দালান হচ্ছে, শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থাপনা। ২০০৬ সালে ইমামবাড়া প্রকাশিত তথ্য পুস্তিকা হোসেনী দালান থেকে জানা যায়, এটি নির্মিত হয় ১৬৪২ সালে। এর নির্মাতা মীর মুরাদ। হোসেনি দালান ইমামবাড়ার পাশের রোডটির নাম রাখা হয়েছে হোসেনি দালান রোড।সমস্যার খতিয়ান ৩০ উমেশ দত্ত রোডের ডিআইজি (প্রিজন) ও অতিরিক্ত ডিআইজির (প্রিজন) সরকারি বাসভবনের সামনে ময়লা জমে থাকে। গোলাম মোরশেদ কমিউনিটি সেন্টারের সামনে রয়েছে ডিসিসির ভ্রাম্যমাণ ডাস্টবিন। বকশীবাজারের সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার সামনে সদরঘাট-গাবতলী রুটের বাসগুলো অবৈধভাবে রাখা হয়। বাসের হর্নে আল্লামা কাশগরি হলের আবাসিক শিক্ষার্থীরা ভোগান্তিতে আছেন। উমেশ দত্ত রোডের তিব্বিয়া হাবিবিয়া কলেজের বিপরীতে খেলার মাঠে মাদকসেবীদের আড্ডা বসে। হোসেনি দালান রোডে হোসেনি দালান কমপ্লেক্সের বেষ্টনী ঘেঁষে অবৈধ টং দোকান গড়ে উঠেছে। ১৬ বকশীবাজার রোডের সামনে আছে ময়লার ভাগাড়। ময়লা উপচে পড়ে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি করছে। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটকের পাশেই সড়কের ওপর চলছে ওয়েল্ডিং ও গাড়ি মেরামতের কাজ। ফলে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে ঢুকতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নাজিমুদ্দিন রোডের বিভিন্ন দোকান ও বাড়িতে প্রায়ই ছিঁচকে চুরির ঘটনা ঘটছে। চানখাঁর পুলের মাদকসেবীরা এই চুরির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানায়। চকবাজার ও কেন্দ্রীয় কারাগারে চলাচলকারী যানবাহনের ভিড়ে নাজিমুদ্দিন রোডে প্রায়ই যানবাহনের জটলা তৈরি হয়। রাত ১০টার আগেই ট্রাক ঢুকে পড়ায় ওই সড়কে রাতেও যানজটে পড়তে হয় চলাচলকারীদের।একনজরেআয়তন: প্রায় ১১৮ একর জনসংখ্যা: প্রায় ৫৫ হাজারভোটার সংখ্যা: ১৫ হাজার ৪৫৭ডিএমপি থানার নাম: চকবাজারশিক্ষাপ্রতিষ্ঠান: তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি মহাবিদ্যালয় ও দুটি মাদ্রাসা।উপাসনালয়: মসজিদ ১৪টি ও মন্দির দুটি।স্বাস্থ্যকেন্দ্র: তিনটিমাঠ: একটিডাকঘর: চারটিপুকুর: দুটি (হোসেনি দালান পুকুর, ঢাকেশ্বরী মন্দির পুকুর)।বাজার: তিনটি।কমিউনিটি সেন্টার: ডিসিসির মালিকানাধীন একটি (গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার)।সংঘ: তিনটি পঞ্চায়েত (হোসেনি দালান সমাজকল্যাণ সংস্থা, বকশীবাজার মৈত্রী সমাজকল্যাণ সংসদ, নূর ফাত্তাহ লেন পঞ্চায়েত)।কর্তারা যা বলেনওয়ার্ডের এলাকাগুলোর বৃষ্টির পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে কী করা হচ্ছে, জানতে চাইলে ডিসিসির ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদা মোরশেদ জানান, তাঁর ওয়ার্ডের নিষ্কাশনব্যবস্থা আগে আরও খারাপ ছিল। এক দিন বৃষ্টি হলে অনেক গলিতে সাত-আট দিনও পানি জমে থাকত। বিগত দুই বছরে তিন কোটি টাকা ব্যয়ে হোসেনি দালান ও বকশীবাজার এলাকায় পানিনিষ্কাশন নালা করা হয়েছে। এই কাজ হওয়ার পর জলাবদ্ধতা অনেকটা কমেছে। তবে অন্যান্য ওয়ার্ডের তুলনায় নিচু হওয়ায় তাঁর ওয়ার্ডের অনেক গলিতে এখনো বৃষ্টির পানি জমে থাকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পানিও চলে আসে তাঁর এলাকায়। তাঁর এলাকায় আরও পানিনিষ্কাশন নালা উন্নয়নের কাজ করার পরিকল্পনা আছে। তবে কারাগার কর্তৃপক্ষেরও উচিত তাদের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা। তা না হলে ওয়ার্ডবাসীর দুর্ভোগ কমানো সম্ভব হবে না বলে সাহিদা মোরশেদ জানান।তিনি আরও বলেন, জায়গা না থাকায় রাস্তার ওপর ভ্রাম্যমাণ ডাস্টবিন রাখতে হচ্ছে। একটি মিনি ট্রান্সফার স্টেশন করতে পারলে সেখানেই ডাস্টবিন রাখা যেত। কিন্তু এটা করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না। তার পরও এটা করার জন্য ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।ওয়ার্ডের ব্যবসায়ীদের নীরব চাঁদাবাজির হাত থেকে রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ২২ এপ্রিল এ থানায় দায়িত্ব নিয়েছি। থানার সব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। চাঁদাবাজি বন্ধে কাজ করব। প্রতিটি এলাকা থেকে মাদকের ব্যবসা নির্মূলে অভিযান চালানো হচ্ছে।’