এই আমাদের ওয়ার্ড... ৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আহসান উল্লাহ রোড  ইসলামপুর রোড (হোল্ডিং ১-৫২)  ওয়াইজঘাট  কবিরাজ লেন  কুমারটুলী লেন  চিত্তরঞ্জন এভিনিউ  জি এল গার্থ লেন  নর্থব্রুক হল রোড  পাটুয়াটুলী রোড  পাটুয়াটুলী লেন  প্রসন্ন কুমার (পি কে) রায় রোড (বাংলাবাজার)  রমাকান্ত নন্দী লেন  লয়াল স্ট্রিট  লিয়াকত এভিনিউ  শাঁখারীবাজার (হোল্ডিং ৬৬-১৪২)  সিমসন রোড  হকার্স মার্কেটঢাকার ইতিহাস-ঐতিহ্যের নানা উপাদান ছড়িয়ে আছে ৭৩ নম্বর ওয়ার্ডের এলাকাগুলোয়। রাজধানী ঢাকার প্রতিষ্ঠাতা মোগল সুবাদার ইসলাম খাঁর পায়ের চিহ্ন পড়েছিল এখানে। আবার ব্রিটিশ আমলে ঢাকার নবাবদের আবাস ছিল এই ওয়ার্ডে। নদীবন্দর থাকায় মোগল ও ব্রিটিশ আমল থেকে ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল ছিল ওয়ার্ডের একাধিক এলাকা। বর্তমানে আবাসিক ও বাণিজ্যিক উভয় এলাকা হিসেবে পরিচিত পুরো এলাকা। ফলে ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী—দুই ধারার মানুষই পড়ছে নানামুখী সমস্যায়। ওয়ার্ডবাসীর এসব সমস্যা, ওয়ার্ডের ইতিহাস-ঐতিহ্যের চিত্র লেখা আর ছবিতে তুলে ধরেছেন মিল্লাত হোসেন ও আজহার হোসেন।এ ক ন জ রেজনসংখ্যা ৩২ হাজার (২০০১ সালের আদমশুমারি অনুযায়ী)।ভোটারসংখ্যা১১ হাজার ৩০০।ডিএমপি থানার নামকোতোয়ালি ও সূত্রাপুর (একাংশ)।সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানউচ্চবিদ্যালয় দুটি (ঢাকা কলেজিয়েট স্কুল ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) এবং বিশ্ববিদ্যালয় একটি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।উপাসনালয়১৪টি মসজিদ, তিনটি মন্দির ও একটি গির্জা।স্বাস্থ্যকেন্দ্রএকটি।পুকুরএকটি (গোল তালাব)।বাজারচারটি (আহসান মঞ্জিল সুপার মার্কেট, সিমসন রোড ডিসিসি মার্কেট, সদরঘাট সিটি করপোরেশন হকার্স মার্কেট, সিটি করপোরেশন লেডিস মার্কেট)।নবাববাড়িকে ঘিরে নানা স্মৃতিপুরান ঢাকার নবাব আহসান উল্লাহ সড়কের মুখে দাঁড়ানো নবাববাড়ির প্রধান ফটক একসময় নবাববাড়ির আভিজাত্য ও নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করত। এখন দুই পাশে থাকা বহুতল ভবন যেন এর গলা চেপে ধরেছে। এ অবস্থায় ফটকের নিচের দিকের ফোকরে করা হয়েছে কাপড়ের দোকান। অথচ ভগ্নপ্রায় ফটকটি আছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায়।১৮৭২ সালে আহসান মঞ্জিলের উন্নয়নকাজের সময় নবাব আবদুল গনি নবাববাড়ির প্রধান ফটকটি তৈরি করেছিলেন। দোতলা ফটক নির্মাণের উদ্দেশ্য ছিল, উঁচু থেকে নিরাপত্তারক্ষীরা যাতে দূরের শত্রুও দেখতে পান। এই ফটক থেকেই নবাববাড়ির অতিথিদের বাদ্যযন্ত্র বাজিয়ে অন্দরমহলে অভ্যর্থনা জানানো হতো। নবাববাড়ির ঐতিহ্যের সঙ্গে ফটক জড়িত। অথচ ১৯৮৫ সালে আহসান মঞ্জিলকে জাদুুঘরে রূপান্তরের সময় ফটক সংরক্ষণে কোনো উদ্যোগ নেয়নি সরকার। নবাববাড়িতে প্রবেশের প্রধান ফটক সংস্কার-সংরক্ষণের বাইরে থেকে যায়। এই সুযোগে স্থানীয় একাধিক ব্যবসায়ী ফটকের চারপাশ ও ফোকরে দোকানপাট নির্মাণ করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০০২ সালে ফটকটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। তার পরও তা দখল করে রেখেছেন বস্ত্র ব্যবসায়ীরা।এদিকে আহসান মঞ্জিল জাদুঘরের দক্ষিণ পাশের ফটক বন্ধ আছে রাস্তার ওপর ফলের দোকান থাকায়। অথচ এই ফটক খোলা থাকলে বাকল্যান্ড বাঁধ দিয়ে আসা দর্শনার্থীরা সহজেই জাদুঘরে ঢুকে পড়তে পারত। একসময় নবাবদের আমলে আহসান মঞ্জিলের উত্তর দিকেও একটি ফটক ছিল। সেই ফটকের সামনের জায়গায় এখন বাড়িঘর দাঁড়িয়ে আছে। এখন আহসান উল্লাহ সড়ক প্রান্তের ফটকটি আহসান মঞ্জিল জাদুঘরের প্রধান ফটক হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এর পাশে রিকশাসহ নানা যানের জট লেগে থাকায় জাদুঘরে ঢুকতে দর্শনার্থীদের পোহাতে হয় ঝঞ্ঝাট। তবে সব ঝামেলা পেরিয়ে ঐতিহ্যপ্রেমীরা ছুটে আসেন আহসান মঞ্জিলে। কেননা, এখানে রয়েছে ঢাকার নবাব পরিবারের স্মৃতিবিজড়িত বৈঠকখানা, গ্রন্থাগার, কার্ডরুম, মেহমানকক্ষ, নাচঘর, হিন্দুস্তানি কক্ষ, ডাইনিং হল, বিলিয়ার্ড কক্ষ, দরবার হল, কোষাগার, নবাবদের অন্দরমহল প্রভৃতি। আহসান মঞ্জিলের সবুজ প্রাঙ্গণ এবং গাছপালাশোভিত বাগানও অনেকের কাছে আকর্ষণীয়। নবাববাড়ির আরেক কীর্তি হচ্ছে এই বাড়ির পুকুর। গোলাকার এই পুকুর স্থানীয় লোকজনের কাছে ‘গোল তালাব’ নামে পরিচিত। পুকুরের চারদিকে রয়েছে গোটা পঞ্চাশেক নারকেলগাছ। পুকুরের চারপাশ বেষ্টনীতে ঘেরা। ফটক গলে ভেতরে ঢুকে পুকুরে গোসল করতে বা সাঁতার কাটতে দুই টাকা খরচ করতে হয় সবাইকে। এই অর্থ আদায় করে মৌলভি খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট। আহসান মঞ্জিল ও গোল তালাব—দুই-ই রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রকাশিত ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায়।ঢাকার বুকে ব্রাহ্মসমাজএকসময় ঢাকার শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চায় অগ্রণী ভূমিকা পালন করেছে ব্রাহ্মসমাজ। নয় বিঘা জমির ওপর ১৮৪৬ সালের ৬ ডিসেম্বর গঠিত হয় ঢাকা ব্রাহ্মসমাজ। পাটুয়াটুলীর ২-৪ লয়াল স্ট্রিটে এখনো দাঁড়িয়ে আছে ব্রাহ্মসমাজ মন্দির। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি রাজউক এটিকে এতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছে। কিন্তু ১৮৬৯ সালে নির্মিত এই মন্দির এবং ১৯১০ সালে প্রতিষ্ঠিত রাজা রামমোহন রায় পাঠাগার ও একাধিক প্রচারক ভবন সংরক্ষণ-সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি তারা।ঢাকায় ব্রাহ্মসমাজ গঠনে ভূমিকা রাখেন ঢাকা গভর্নমেন্ট স্কুলের (কলেজিয়েট স্কুল) ছাত্র ব্রজসুন্দর মিত্র। তিনি এন্ট্রান্স পাস করে উচ্চশিক্ষার জন্য কলকাতা যান। সেখানে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। এরপর ঢাকায় এসে তিনি ব্রাহ্মসমাজের একটি শাখা প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মধর্ম আন্দোলনে ব্রজসুন্দর মিত্রের সহযোদ্ধা হন রাসবিহারী মুখোপাধ্যায়, পণ্ডিত রামকুমার বেদপঞ্চানন, পণ্ডিত কৃষ্ণকমল গোস্বামী, রামলোচন ঘোষ, রামশংকর সেন, কৃষ্ণ কিশোর বসু, ঈশ্বরচন্দ্র মিত্র প্রমুখ। ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার পর কিছুদিন এর কার্যক্রম চলে বাংলাবাজারের একটি বাড়িতে। এরপর ব্রজসুন্দর মিত্রের ভাড়া বাড়িতে সাত বছর এর কর্মকাণ্ড চলার পর আরমানীটোলায় কেনা বাড়িতে ঢাকা ব্রাহ্মসমাজ উঠে আসে। এরই মধ্যে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, দীননাথ সেন, ভগবানচন্দ্র বসু, অভয়াচরণ দাস, কালীপ্রসন্ন ঘোষের মতো বিখ্যাত ব্যক্তিরা।ঢাকা গবেষক শরীফ উদ্দীন আহমেদের মতে, ১৮৬০-এর দশকের মধ্যেই ব্রাহ্মরা একটি গুরুত্বপূর্ণ সম্প্রদায় হিসেবে বেড়ে ওঠে এবং ঢাকার ধর্মীয় ও সামাজিক জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। তাদের উদ্যোগেই ঢাকার সর্বপ্রথম বাংলা পত্রিকা ঢাকা প্রকাশ ১৮৬১ সালে প্রকাশিত হয়। ১৮৪৬—১৯১০ সালকে ঢাকা ব্রাহ্মসমাজের স্বর্ণযুগ বলা হয়।পথের বাঁকে ইতিহাসইসলামপুর রোডের এক জায়গায় দাঁড়িয়ে আছে নবাববাড়ির ফটক। এই ফটক থেকে আহসান মঞ্জিলের দিকে চলে যাওয়া সড়কটির নাম হচ্ছে আহসান উল্লাহ রোড। এই সড়কের নামকরণ করা হয়েছে নবাব আবদুল গনির ছেলে নবাব আহসান উল্লাহর (১৮৪৬—১৯০১) নামে। মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী থেকে জানা যায়, নবাব আহসান উল্লাহ ১৮৬৮ সালে নবাব পরিবারের মোতোয়ালি নিযুক্ত হন। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেন।ইসলামপুর রোডের নামের সঙ্গে জড়িয়ে আছে মোগল সুবাদার ইসলাম খাঁর নাম। তিনি ১৬১০ সালে ঢাকায় এসে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। তখন থেকেই সুবা বাংলার রাজধানী হয় জাহাঙ্গীরনগর।মুনতাসীর মামুন উল্লেখ করেছেন, ব্রিটিশ আমলে ঢাকায় তিনজন ওয়াইজ পরিচিত ছিলেন। একজন ঢাকা কলেজের অধ্যক্ষ ওয়াইজ, একজন নীলকর ওয়াইজ, আরেকজন সিভিল সার্জন ওয়াইজ। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন নীলকর ওয়াইজ। তাঁর নামেই ওয়াইজঘাটের নামকরণ করা হয়েছে।নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা গ্রন্থ থেকে জানা যায়, ইসলামপুর এলাকার একাংশে একসময় কুমারদের বসতি ছিল। তাদের নামেই এলাকার নাম হয়ে যায় কুমারটুলী। সেই এলাকার স্মৃতি বহন করছে কুমারটুলী লেন। সদরঘাটের প্রধান সড়কের নাম চিত্তরঞ্জন এভিনিউ। এই এভিনিউয়ের নাম রাখা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের (১৮৭০—১৯২৫) নামে।মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থ থেকে জানা যায়, নবাব আবদুল গনির সময়ে ঢাকার নবাববাড়ির ম্যানেজার ছিলেন ইংরেজ জি এল গার্থ। তাঁর নামের স্মৃতি ধরে রেখেছে জি এল গার্থ লেন। নর্থব্রুক হল রোডের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ শাসিত ভারতের বড়লাট নর্থ ব্রুকের নাম। ১৮৮০ সালে তাঁর ঢাকায় আগমনকে কেন্দ্র করে তাঁরই নামে করা হয় নর্থব্রুক হল।পাটুয়াটুলীতে একসময় পটুয়ারা বাস করতেন। পূর্ববঙ্গে যেসব মুসলমান ফিতা, রজ্জু, পাজামার দড়ি, টাকা রাখার থলে তৈরি করতেন, তাঁদের পাটেয়া বা পটুয়া বলা হতো। তাঁদের নামেই এলাকার নাম হয়েছে পাটুয়াটুলী রোড ও পাটুয়াটুলী লেন।ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী (দ্বিতীয় খণ্ড) গ্রন্থ থেকে জানা যায়, প্রসন্নকুমার রায় (১৮৪৯—১৯৩২) ঢাকায় পি কে রায় নামে পরিচিত ছিলেন। তিনি ঢাকা কলেজে শিক্ষকতা করার একপর্যায়ে প্রেসিডেন্সি কলেজে (১৯৫২-৫৫) অধ্যক্ষ হিসেবে যোগ দেন। তাঁর নামেই বাংলাবাজারের একটি সড়কের নাম রাখা হয়েছে পি কে রায় রোড।নাজির হোসেন উল্লেখ করেছেন, মোগল আমলের আগে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাবাজার। তখন এলাকাটি ছিল ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র। কিছু পরিব্রাজক ‘বেঙ্গলা নগর’-এর কথা উল্লেখ করেছেন। অনেকে মনে করেন, বাংলাবাজার ছিল সেই নগরের কেন্দ্রস্থল।রমাকান্ত নন্দী লেন নাম রাখা হয়েছে রমাকান্ত নন্দীর নামে। ১৮৮৫-৮৬ সালে তিনি ঢাকা পৌরসভার একজন কমিশনার ছিলেন বলে নাজির হোসেন উল্লেখ করেছেন। ডি আর লয়াল ১৮৬৬ সালের দিকে ঢাকার কালেক্টর ও পদাধিকারবলে ঢাকা পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৮৭৪-৭৬ সালে ছিলেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। তাঁর নামে এখনো টিকে আছে লয়াল স্ট্রিট।১৮৯৩ সালে লটমন জনসন ছিলেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট। ১৯০৯-১০ সালের দিকে তিনি বিভাগীয় কমিশনার হয়েছিলেন। তাঁর নামে রাখা হয় জনসন রোডের নাম। পাকিস্তান আমলে এই সড়কের নাম বদল করে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের নামে রাখা হয় লিয়াকত এভিনিউ। কিন্তু সে নাম আজ হারিয়ে গেছে। জনসন রোডই লেখা আছে সড়কের দুই পাশের সব দোকানে। ১৮৮১ সালে সিমসন ছিলেন ঢাকার কমিশনার। তাঁর নামেই হয়েছে সিমসন রোড।মুনতাসীর মামুন উল্লেখ করেছেন, সতেরো শতকে মোগলরা ঢাকায় এলে শাঁখারীদের নতুন শহর ঢাকায় নিয়ে আসা হয়েছিল লাখেরাজ জমির প্রলোভন দেখিয়ে। শাঁখারীরা যে এলাকায় বসবাস শুরু করেছিলেন, তা এখন শাঁখারীবাজার নামেই পরিচিত। এই এলাকার ৬৬ থেকে ১৪২ নম্বর পর্যন্ত বাড়ি পড়েছে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে। সদরঘাট এলাকা পড়েছে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে। নাজির হোসেন কিংবদন্তির ঢাকা গ্রন্থে উল্লেখ করেছেন, এই এলাকা ব্রিটিশ আমল থেকেই ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহূত হয়ে আসছে। এখানে নদীপথে পণ্য আমদানি-রপ্তানি ছাড়াও যাত্রীবাহী ও পণ্যবাহী বিভিন্ন জলযান চলাচল করে। জলযান ভেড়ানো, মালপত্র ওঠানো-নামানো ও যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ১৭৬৫ সালে নদীর তীরে একটি বাঁধ নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য ছিল চার মাইল। ধীরে ধীরে এই বাঁধের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের কিছুকাল পরে ঢাকা বিভাগীয় কমিশনার সি টি বাকল্যান্ডের আগ্রহে ফরাশগঞ্জ থেকে বাবুবাজার পর্যন্ত বাঁধটি পুনর্নির্মাণ করা হয়। এটি বাকল্যান্ড বাঁধ নামে পরিচিত হয়ে আসছে।ঢাকার প্রাচীন বিদ্যাপীঠঢাকার প্রথম স্কুল ও প্রথম কলেজের যাত্রা শুরু হয়েছে এই ওয়ার্ডে। ঢাকার প্রথম বইয়ে মুনতাসীর মামুন উল্লেখ করেছেন, স্কুলটি চালু হয় ১৮৩৫ সালের ১৫ জুলাই। সে সময় ঢাকাবাসীর কাছে স্কুলটি ‘ইংলিশ সেমিনারী’ নামে পরিচিত ছিল। ১৮৪১ সালে স্কুলে একটি কলেজ শাখা খোলা হয়। পরে সেটি ঢাকার প্রথম সরকারি কলেজ ঢাকা কলেজ নামে খ্যাতি পায়। ওয়ার্ডের আরেকটি সরকারি বিদ্যালয় হচ্ছে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ১৯৫১ সালে সরকার এটিকে অধিগ্রহণ করে। ঢাকা কলেজিয়েট স্কুল হচ্ছে বাংলদেশের প্রথম স্কুল।এই ওয়ার্ডে রয়েছে পোগোজ স্কুল, কে এল জুবিলী স্কুল ও কলেজ এবং ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এককালে কে এল জুবিলী স্কুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। ১৮৮৭ সালে এটি আলাদা স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। আর্মেনীয় জমিদার এন পি পোগোজ ১৮৪৮ সালে পোগোজ স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলের আদি ভবনটি জমিদার পেগোজের বাসভবন ছিল।এই ওয়ার্ডেই রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সময়ের বদলে একটি স্কুল থেকে পরিণত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ১৮৬৩ সালের ২৩ ফেব্রুয়ারি আরমানিটোলার ব্রাহ্মসমাজের একটি ঘরে ‘ব্রাহ্ম স্কুল’ গড়ে উঠেছিল। ১৮৭২ সালে বলিয়াদির জমিদার কিশোরীলাল চৌধুরী স্কুলটির দায়িত্ব নেন। সে সময় কিশোরীলাল বাবুর বাবার নামে স্কুলটির নামকরণ করা হয় ‘জগন্নাথ স্কুল’। ১৮৮৪ সালে এটি দ্বিতীয় শ্রেণীর কলেজে উন্নীত হয়। এটিই ছিল ঢাকার প্রথম বেসরকারি কলেজ। সে সময় এখানে স্নাতক পর্যায়েও পড়ানো শুরু হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেলে জগন্নাথ কলেজের স্নাতক পাঠদান বন্ধ করে দেওয়া হয়। এটি পরিণত হয় উচ্চমাধ্যমিক কলেজে। ১৯৪৯ সালে আবার স্নাতক পাঠদান শুরু হয়। ২০০৫ সালের ২০ আক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে এটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এখন এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরে ২৮টি বিষয়ে পড়ানো হচ্ছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার।সমস্যার খতিয়ান পর্যাপ্ত পানি ও পয়োনালা না থাকায় বৃষ্টি হলে পানি জমে থাকে ওয়ার্ডের একাধিক রাস্তায়। নর্থব্রুক হল রোডে পয়োনালা প্রায়ই আটকে থাকে। এতে নোংরা পানি উপচে সড়কে এসে পড়ে। রাস্তা সরু থাকায় পুরো ওয়ার্ডে যান ও জনজট লেগেই থাকে। শাঁখারীবাজার থেকে ঘিপট্টিতে যাওয়া গলিটি এতই সরু যে এটিতে পর্যাপ্ত হাঁটার জায়গাও নেই। জি এল গার্থ লেনে থাকা রেস্তোরাঁগুলোর রান্নাঘর রয়েছে কুমারটুলী লেনের পাশে। তাই রান্নাঘর থেকে বের হয়ে আসা তাপে কুমারটুলী লেনের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়াইজঘাট রোডে সড়কের ওপর অবৈধ টং দোকান গড়ে উঠেছে। বাফা চত্বর ঘিরেও আছে টং দোকান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেছনের দিকে রাস্তার ওপর আবর্জনা ফেলা হয়। শিক্ষার্থীদের দুর্গন্ধ সহ্য করে ক্লাস করতে হয়। ঢাকা কলেজিয়েট স্কুলের পাশে রয়েছে হিউম্যান হলারের স্ট্যান্ড। এতে শিক্ষার্থীদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ফটক অবরুদ্ধ করেও আছে একটি হিউম্যান হলারের স্ট্যান্ড। ঢাকা নগর সদর ডাকঘরের সামনে পোস্তগোলাগামী হিউম্যান হলারের আরও একটি অবৈধ স্ট্যান্ড দেখা গেছে। বাংলাবাজার রোডে ঢাকা সদর ডাকঘরের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে বইয়ের অবৈধ দোকান।  জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদরঘাট টার্মিনাল পর্যন্ত সড়কের দুই ধারে আছে ফল আর কাপড়ের অবৈধ দোকান। নথব্রুক হল রোড, ইসলামপুর রোড আর পাটুয়াটুলীতে ডিসিসির আবর্জনা অপসারণের গাড়ি ঠিকমতো আসে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে পাটুয়াটুলী যাওয়ার সড়কে রয়েছে আবর্জনার স্তূপ।ওয়াইজের নীলকুঠিতে বাফাবাজছে পায়ের ঘুঙুর। দেশের গানের সঙ্গে নাচছে একদল শিশু। ৭ নম্বর ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমীর (বাফা) প্রধান কার্যালয়ে গিয়ে দেখা গেল এ দৃশ্য। একতলার নাচ শেখার ঘর থেকে বের হয়ে দেখা গেল, সারি সারি শিক্ষার্থী মাঠের সবুজ ঘাসে বসে ছবি আঁকছে। তারা আঁকছে নীলকর জেমস ওয়াইজের বাসভবন বা নীলকুঠি। এটাই এখন ব্যবহূত হচ্ছে বাফার প্রধান কার্যালয় হিসেবে। বাফায় সংগীত, গিটার, কি-বোর্ড, তবলা, বেহালা, চিত্রকলা, নৃত্যকলা, নাট্যকলা শেখানোর ব্যবস্থা রয়েছে।বাফার ভেতরে ঢোকার ফটকেই একটি সাইনবোর্ড টাঙানো। তাতে উল্লেখ করা হয়েছে, ১ দশমিক ২১ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে বাফা। এই জমির মালিক কোর্ট অব ওয়ার্ডস, ঢাকা নওয়াব এস্টেট। বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড এর দেখভাল করছে।ভবনটির ওপরের তলায় যাওয়ার কাঠের সিঁড়িটি কারুকার্যময়। ঢাকা গবেষক মুনতাসীর মামুনের পুরানো ঢাকা: উৎসব ও ঘরবাড়ি গ্রন্থ থেকে জানা যায়, ওয়াইজের বাড়িতে ঢোকার পথের সদর দরজাটিও কাঠের কারুকার্যময় ছিল। এখন সেটির অস্তিত্ব নেই।ওয়াইজের বাড়িটি ঐতিহাসিক ও নন্দনতাত্ত্বিক ভবনের তালিকায় স্থান পেয়েছে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত রাজউকের গেজেটে ভবনটি সংরক্ষণ করতে নির্দেশনা রয়েছে।ভবনের চারপাশের দেয়ালঘেঁষে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এগুলো ভবনের পরিবেশ নষ্ট করছে বলে জানান এলাকাবাসির অনেকেই।বাহারি ঢাকাই খাবারবলা হয়ে থেকে, দিল্লির লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। যাঁরা দিল্লির লাড্ডু খেতে চান, তাঁদের দিল্লি না গিয়ে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডে গেলেই চলবে। কারণ এখানকার ইসলামপুর রোডেই রয়েছে দিল্লি সুইট মিটের লাড্ডু। লাড্ডু ছাড়াও এখানে পাওয়া যায় বালুসাই, আমিত্তি, ছোট জিলাপি আর নানা রকম হালুয়া।শুধু দিল্লি সুইট মিট নয়, এই ওয়ার্ডে আছে ঐতিহ্যবাহী আরও অনেক ঢাকাই খাবারের রেস্তোরাঁ। ওয়ার্ডের কাছেই জনসন রোডের দুই পাশে আছে একাধিক রেস্তোরাঁ। এর মধ্যে নগরের প্রথম দিকের রেস্তোরাঁ ইসলামিয়া হোটেল এখনো টিকে আছে। এখানকার ক্যাফে ইউসুফ ও ঘরোয়া রেস্তোরাঁয় ভোজনবিলাসীদের ভিড় বেশি থাকে। আবার লেবুর শরবত, লাচ্ছি, ফালুদায় প্রাণ ঠান্ডা করতে অনেকে ঢুঁ মারেন বিউটির ফালুদার দোকানে। এই গরমে যাঁরা দই-চিঁড়া খান, তাঁদের দেখা যায় ২৮ জনসন রোডের মানিক সুইট মিটে।সকালের নাশতা সারতে অনেকেই ছুটে আসেন ৭৩ নম্বর ওয়ার্ডে। তাঁদের প্রিয় হচ্ছে চৌরঙ্গী রেস্তোরাঁর লুচি-ডাল। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে নর্থব্রুক হল রোড দিয়ে ভেতরের দিকে গেলে একদম মাথায় হাতের বাঁয়ে পড়ে চৌরঙ্গী রেস্তোরাঁ। অর্ধশতাধিক বছর ধরে টিকে আছে এই রেস্তোরাঁ। এর পাশেই ৬০ বছর পার করেছে ক্যাফে কর্নার। বিলাতি ক্র্যাম্প চপ, কাটলেট ঢাকাবাসীর প্রিয় হয়ে উঠেছে ক্যাফে কর্নারের কল্যাণে। এই ওয়ার্ডের পথের ধারের খাবারও খ্যাতি পেয়েছে। তিন দশক ধরে রমজান মাসে পাটুয়াটুলীতে কাচঘেরা গাড়িতে রুস্তম আলী বিক্রি করেছেন মুক্তাচানা। এটা মূলত আলু আর ছোলা মেশানো এক রকমের খাবার। তিনিই এর নাম রেখেছেন মুক্তাচানা। রমজান মাসে ইফতারে অনেকের প্রিয় এই মুক্তাচানা।বাণিজ্যে বসতি লক্ষ্মীইসলামপুর রোড ও আহসান উল্লাহ রোডের দুই পাশেই রয়েছে বিপণিবিতান। বেশির ভাগ বিপণিবিতানেই দেখা গেছে কাপড়ের পাইকারি দোকান। থরে থরে সাজানো কাপড়ের গাইড থেকে বেছে বেছে কাপড় দেখে ক্রেতারা। দেশের বড় বড় বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র আছে ইসলামপুর রোডে। সদরঘাটের হকার্স মার্কেট এলাকায় রয়েছে স্থানীয় তৈরি পোশাকের অসংখ্য দোকান।ইসলামপুর রোডের পাশেই রয়েছে পাটুয়াটুলী। পাটুয়াটুলী রোডের বিপণিবিতানগুলোতে রয়েছে অডিও ক্যাসেট, ভিসিডি, ডিভিডি, মাইক, ঘড়ি ও চশমার দোকান। এখানকার ইস্টার্ন কোম্পানির স্বত্বাধিকারী আবু তালেব জানান, তাঁদের যাত্রা শুরু হয়েছিল গ্রামোফোন রেকর্ড দিয়ে। রেকর্ডের যুগ চলে যাওয়ায় অডিও ক্যাসেট বিক্রি করেছেন। এখন ক্যাসেটের যুগ পেরিয়ে দোকান ভরেছেন সিডি ও ডিভিডিতে।দেশের সবচেয়ে বড় বইয়ের বাজার রয়েছে বাংলাবাজারে। দেশসেরা সব প্রকাশনাপ্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র আছে এখানে। বাংলাবাজারে কাঁসা-পিতলের সামগ্রীর দোকানও চোখে পড়ল। শ্রী ঢাকেশ্বরী বাসনালয়ের স্বত্বাধিকারী সুবল চন্দ্র জানান, তাঁদের দোকানটি প্রায় শত বছরের পুরোনো।বাংলাবাজারের অদূরেই শ্যামবাজারে রয়েছে তরিতরকারি ও দেশীয় ফলের পাইকারি বাজার। পুরো বাকল্যান্ড বাঁধে নানা মৌসুমি ফলের আড়ত পড়েছে এ ওয়ার্ডেই। ওয়াইজঘাটের বাকল্যান্ড বাঁধ রোডে রয়েছে নৌযানের নানা উপকরণের দোকান। উপকরণের মধ্যে আছে জালিবাতি, আইনবাতি, ঘণ্টা, বৈদ্যুতিক সাইরেন, পাখা প্রভৃতি।শাঁখারীবাজার রোডের দুই পাশেই রয়েছে শাঁখার দোকান। সেই মোগল আমল থেকেই এখানে শাঁখা তৈরি ও বেচাবিক্রি চলছে। এই রোড থেকে রমাকান্ত নন্দী লেনে ঢুকে পাওয়া গেছে টকদই ও ঘিয়ের দোকান। তাই শাঁখারীবাজার থেকে পাটুয়াটুলী পর্যন্ত একটি গলির নাম হয়ে গেছে ঘিপট্টি। ব্রিটিশ আমল থেকেই এখানে পাওয়া যাচ্ছে ঘি, টকদই, মাখন, মাওয়াসহ দুগ্ধজাত প্রভৃতি খাবারের উপকরণ।কর্তারা যা বলেনএলাকাগুলোয় পানি ও পয়োনিষ্কাশন সমস্যা সম্পর্কে জানতে চাইলে ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ সামাদ বলেন, ‘আমাদের এলাকায় পানি ও পয়োনিষ্কাশন নালা ব্রিটিশ ও পাকিস্তান আমলে করা। এরপর আর এগুলোর সংস্কার বা উন্নয়ন কিছুই করা হয়নি। এগুলোর উন্নয়নকাজের জন্য ডিসিসিতে প্রস্তাবনা জমা দিয়েছি। এখন ডিসিসি থেকে অর্থ বরাদ্দ করলে এগুলোর উন্নয়ন করা যাবে।’ ওয়ার্ডবাসীকে যানজট থেকে মুক্তি দিতে চিপা গলি চওড়া করার কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে এম এ সামাদ বলেন, ওয়ার্ডের সব হচ্ছে ব্যবসায়ী এলাকা। সব জায়গায় রয়েছে ঘরবাড়ি ও মার্কেট। এগুলো ভাঙা সম্ভব নয়, তাই রাস্তার চওড়া বাড়ানোরও কোনো সুযোগ নেই বলে তিনি জানান।