এই আমাদের ওয়ার্ড...৩
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকার কয়েকটি পড়েছে ডিসিসির ৩ নম্বর ওয়ার্ডে। একাত্তরের নিদর্শন হিসেবে একদিকে আছে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ, আরেক দিকে রয়ে গেছে একাধিক অবাঙালি ক্যাম্প। এসব ক্যাম্পে থাকা বানারসের তাঁতিদের হাত ধরেই গড়ে উঠেছে মিরপুর বেনারসিপল্লি। আবার ক্যাম্পগুলোকে ঘিরে এই ওয়ার্ডে সক্রিয় মাদক ব্যবসায়ীরা। ফলে সহজেই মাদকের ফাঁদে পা দিচ্ছে তরুণেরা। এ নিয়ে অভিভাবকদের দিন কাটে উদ্বেগে। অপর দিকে বেশ কয়েকটি রাস্তা সংস্কার না করায় চলাচলে ওয়ার্ডবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিসিসির ৩ নম্বর ওয়ার্ডের দুর্ভোগ আর গর্বের কথা তুলে ধরেছেন মিল্লাত হোসেন ও তানজিল আহমদ।একনজরেজনসংখ্যা: প্রায় তিন লাখ।ভোটারসংখ্যা: ৫৮ হাজার।ডিএমপি থানার নাম: পল্লবী, মিরপুর (আংশিক)।শিক্ষাপ্রতিষ্ঠান: সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি (সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়), বেসরকারি বিদ্যালয় ১৬টি, বেসরকারি কলেজ দুটি, বেসরকারি মাদ্রাসা পাঁচটি।উপাসনালয়: মসজিদ ১৬টি।স্বাস্থ্যকেন্দ্র: দুটি (নগরস্বাস্থ্যকেন্দ্র ও রাড্ডা বারনেন)।মাঠ: একটি (মুকুল ফৌজ মাঠ)।বাজার: একটি (নির্মাণাধীন নিউ সোসাইটি মার্কেট)।রাড্ডায় মেলে স্বাস্থ্যসেবাএই ওয়ার্ডে কোনো সরকারি হাসপাতাল নেই। তবে আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা (এনজিও) রাড্ডা-বারনেন মিরপুর ১০ নম্বর সেকশনে করেছে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র (বাড়ি ৩২৪, ব্লক বি, সড়ক ৬) স্থাপন করা হয়েছে। ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ নামের এই স্বাস্থ্যকেন্দ্র ১৯৭৩ সালে স্থাপিত হয়।এই স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের সাধারণ চিকিৎসা এবং নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ ছাড়া এখান থেকে সাধারণ মানুষ পায় স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা, পরিবার পরিকল্পনা ও এইচআইভি-এইডস প্রতিরোধবিষয়ক পরামর্শ। এখানে শিশুদের দেওয়া হয় সব ধরনের টিকা। সরকারি চিকিৎসাসেবাগুলো এখানে বিনা মূল্যে দেওয়া হয়। অন্যান্য সেবা পেতে টাকা লাগলেও তা তুলনামূলক কম। ওয়ার্ডের সাধারণ মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের সেবায় বেশ সন্তোষের কথা জানালেন। এমনই একজন শফিক মিয়া বলেন, ‘এইটা থাইকা তো ভালোই হয়েছে। বউ-বাচ্চার অসুখ-বিসুখে এইখানে চলে আসি।’মিরপুর ১০ নম্বর সেকশনের বি ব্লকের বাসিন্দা আবদুল মান্নান বলেন, ‘আগে রাড্ডার আরেকটি সেন্টার ছিল। যেখানে সবাই সেবা নিতে পারত। এখন সেটি বন্ধ হয়ে গেছে। এটাও চালু করা দরকার।’ তাঁর কথামতো রাড্ডার পেছনের দিকে গিয়ে দেখা গেল বহির্বিভাগের ছোট ফটকটি বন্ধ। ভেতরে একটি ছোট সাইনবোর্ডে লেখা, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার/বহির্বিভাগ চিকিৎসাকেন্দ্র’।খাবারের খোঁজ...বিহারিদের বসতি যেখানে, সেখানেই মেলে বাহারি কাবাবের দোকান। মিরপুর ১০ ও ১১ নম্বর সেকশনে ছড়িয়ে-ছিটিয়ে আছে বিহারি ক্যাম্প। স্বভাবতই এগুলোকে ঘিরে গড়ে উঠেছে কাবাবের দোকান। বিকেল হলেই জমে ওঠে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে ১১ নম্বর সেকশন পর্যন্ত হারুন আল রশীদ মোল্লা সড়কের দুপাশের কাবাব-পরোটার দোকানগুলো। তবে খ্যাতিতে এগুলোকে ছাপিয়ে গেছে বেনারসিপল্লীর এক গলিতে থাকা শওকতের কাবাবঘরের কাবাব।এই দোকানের রান্নাঘরটা পেছনে নয়, সামনের অংশে। সেখানে বিশাল এক অ্যালুমিনিয়ামের গামলায় মসলা-মাখা কাঁচা মাংস নিয়ে দাঁড়িয়ে থাকেন বাবুর্চি। ক্রেতার ফরমায়েশ পেলেই সঙ্গে সঙ্গে কড়াইয়ে ছেড়ে দেন মাংসের টুকরো।গরু আর মুরগির চাপ ফরমায়েশ দেওয়ার পর বেশিক্ষণ বসতে হয় না। সঙ্গে সঙ্গে ধোঁয়া বের হওয়া চাপ নিয়ে হাজির হন বেয়ারা। সঙ্গে পেঁপে-শসার সালাদ ও কাঁচামরিচ-পুদিনা পাতার সস। মাংসের চাপের সঙ্গে পরোটা নেওয়া যায়, কিংবা মন চাইলে লুচি। গরম গরম লুচি আর গরম গরম মাংসের চাপ। চাইলে গরুর মগজের কাবাবও মেলে এখানে। গুলি-কাবাব দিয়ে ব্যবসা শুরু হয়েছিল। এখনো সেই কাবাব মেলে সুলভে। শুধু মিরপুর নয়, অন্যান্য এলাকা থেকেও এই কাবাবের লোভে হাজির হন ভোজনবিলাসীরা। যাঁরা আবার এক কাঠি সরেস, তাঁরা কাবাব সাবাড় করে হাজির হন পাশেই ইদ্রিসের পানের দোকানে। সেখানে মিষ্টিপান খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে বাড়ি ফেরেন অনেকেই। ইদ্রিসের মিষ্টিপানের সুনামও ছড়িয়ে পড়েছে নগরের বিভিন্ন এলাকায়, এমসটাই জানালেন বেনারসিপল্লির ব্যবসায়ী মো. কাশেম।বানারস থেকে মিরপুরমিরপুর বেনারসিপল্লির নাম শোনেনি এমন মানুষ বোধহয় কমই আছে নগরে। একই সঙ্গে তাঁত আর বিক্রয়-প্রদর্শনকেন্দ্রের সমাহার কেবল এখানে। তাই সুলভেই বেনারসি শাড়ি মেলে এই পল্লিতে। কিন্তু বানারসের শাড়ির সঙ্গে মিরপুরের এই শাড়ির সম্পর্কটা কী, জানতে চাইলে বেনারসি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম ফিরে দেখলেন ইতিহাস। তাঁর ভাষ্যমতে, ১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতের উত্তর প্রদেশের বানারসের তাঁতিদের অনেকেই ঢাকায় চলে আসেন। তাদের কেউ কেউ পুরান ঢাকার নিমতলী, বেচারাম দেউড়ি, নারিন্দা এলাকায় তাঁত বসান। মুক্তিযুদ্ধের আগে এসব এলাকায় শখানেক তাঁত ছিল। মুক্তিযুদ্ধের পর মিরপুরের অবাঙালিদের অনেকের ঠাঁই হয় মিরপুরের বিহারি ক্যাম্পগুলোয়। সেখানে আদি তাঁতি পরিবারের কেউ কেউ তাঁত বসানো শুরু করেন। মুক্তিযুদ্ধের পর চাকরি না পেয়ে অবাঙালিদের একটা অংশ বেকার হয়ে পড়ে। তারাও এসব তাঁতে কাজ শিখতে থাকে। এভাবে আস্তে আস্তে তাঁত বাড়তে থাকে। এগুলো থেকে উৎপাদিত শাড়ি ঢাকা ও চট্টগ্রামের শাড়ি ব্যবসায়ীরা নিয়ে যেত। শুরুর দিকে এখানে তিনটি মাত্র শাড়ির দোকান ছিল। এগুলো হচ্ছে দিয়া শাড়ি, বাংলাদেশ জরি সিল্ক ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল শাড়ি। এদের সবার নিজস্ব তাঁত ছিল। এগুলোয় পাইকারির পাশাপাশি খুচরাভাবেও শাড়ি বিক্রি হতো। তবে খুচরো ক্রেতারা আসতেন মিরপুরের বিভিন্ন এলাকা থেকে। মূলত এরশাদ আমলের শেষদিকে মিরপুর বেনারসিপল্লির নাম ছড়াতে থাকে নগরজুড়ে। তখন থেকেই মিরপুর বেনারসিপল্লি নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়। এর পরিচিতিও বাড়তে থাকে। ১৯৯৫ সালের দিকে বেনারসিপল্লিতে অভিজাত প্রদর্শনকেন্দ্র বাড়তে শুরু করে, যা বর্তমানে শখানেকে দাঁড়িয়েছে। কিন্তু দেড় দশক আগে থেকেই আবার কমতে শুরু করে তাঁতের সংখ্যা। ওই সময়ে হাজার বিশেক তাঁত থাকলেও এখন আছে হাজার পাঁচেক। শাড়ির তৈরির খরচ বাড়া ও সেই অনুপাতে তাঁতিদের মজুরি না বাড়ায় তাঁতের সংখ্যা দিন দিন কমছে। মিরপুর বেনারসিপল্লির তাঁতিদের ঢাকার আশপাশে কোথাও পুনর্বাসন করা দরকার। কারণ, মিরপুরে বাড়িভাড়া বেড়ে যাওয়ায় অনেকেই তাঁত বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানান মোহাম্মদ কাশেম।কবে হবে টাউন হল?একটা সময় মিরপুরের সংস্কৃতিচর্চার কেন্দ্রবিন্দু ছিল টাউন হল। ২০০৫ সালে ওটা ভেঙে ফেলা হয়। ওই বছরই থেকেই টাউন হলের মুখে দাঁড়িয়ে আছে একটি সাইনবোর্ড। এতে টাউন হলকে উল্লেখ করা হয়েছে, ‘প্রস্তাবিত টাউন হল স্কয়ার’ নামে। তবে এই স্কয়ার আর আলোর মুখ দেখেনি। এখনো পর্যন্ত খালি পড়ে আছে জায়গাটা। ফলে মঞ্চের অভাবে মুখ থুবড়ে পড়েছে মিরপুরের সাংস্কৃতিক চর্চা। এ প্রসঙ্গে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক সগীর মোস্তফা জানান, ১৯৭৮ সালে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে টাউন হলটি নির্মাণ করা হয়। টাউন হলে নাটক, যাত্রাপালাসহ সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এ ছাড়া বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করা হতো। নগরের প্রথম সারির নাটকের দলগুলো এখানে নাটক মঞ্চায়ন করেছে। একটা সময় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু ডিসিসির হলটি সংস্কারের বদলে ভেঙে ফেলে।পরে সেই জায়গায় বহুতল বাণিজ্যিক নির্মাণের উদ্যোগে নয় ডিসিসি। সেখানে দোকানপাট, ফ্ল্যাটের পাশাপাশি নাট্যমঞ্চ এবং কমিউনিটি সেন্টার থাকার কথা। কিন্তু পাঁচ বছরেও এগুলো আলোর মুখ না দেখায় হতাশার মধ্যে আছেন মিরপুরের সংস্কৃতিকর্মীরা।এই কি মানবজীবন!‘সারা দিনে এক ঘণ্টার মতো পানি থাকে। পানির জন্য মারামারি লাইগা যায়। আবার মাইয়্যাদের পুরুষদের লগে গোসল করতে হয়।’ এভাবেই পানির সমস্যার কথা বলছিলেন গৃহিণী হোসনে আরা। তিনি থাকেন মুসলিম ক্যাম্পে। পুরো ওয়ার্ডেই রয়েছে বাংলাদেশে আটকে পড়া বিহারিদের ক্যাম্প। এগুলো হচ্ছে মুসলিম ক্যাম্প, মাদ্রাসা ক্যাম্প, শহীদ মিল্লাত ক্যাম্প, বিল্ডিং ক্যাম্প, ফুটবল মাঠ ক্যাম্প ও এমসিসি ক্যাম্প।মানবেতর জীবনযাপন করছে এসব ক্যাম্পের বাসিন্দারা। ঘুপচি ঘরে কোনো রকম বসবাস করে আসছে তারা। এমনটাই অভিযোগ করেন মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের মাক্কী মসজিদের পাশের এমসিসি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সাব্বির। তিনি বলেন, ‘ছোট্ট একটা ঘরে ছেলেমেয়ে নিয়ে কী একসঙ্গে থাকা যায়? ওরা এখন বড় হয়েছে। অন্য দিকে লেখাপড়ার ঠিক নাই। এক ক্লাস, দুই ক্লাস পড়েই আর পড়া হয় না। বাইরের স্কুলে ভর্তি করার সামর্থ্য নেই।’ক্যাম্পগুলোর বাসিন্দারা জানান, নাগরিক সুবিধার প্রায় সব দিক থেকেই তারা বঞ্চিত। গ্যাস সরবরাহ না থাকায় লাকড়ি দিয়ে রান্না করতে হয় সারা বছর। শত শত মানুষের জন্য অল্প কয়েকটি শৌচাগার। ফলে সকালবেলায় লম্বা লাইন পড়ে যায় এগুলোর সামনে।ক্যাম্পগুলোর সড়কে কোনো বাতি নেই। ফলে রাতের বেলায় অন্ধকার নেমে আসে। বৃষ্টি হলেই সব ঘরেই পানি ঢুকে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্যাম্পবাসী বলেন, ‘নির্বাচনের আগে নেতারা বলে গ্যাস দিবে, পানির ব্যবস্থা করবে। কিন্তু ভোটের পর আর কোনো খবর থাকে না।’‘শান্তি’তে স্বস্তি!গত বছরে ঢাকা ওয়াসার (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) যে কাজটা গতি পেয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ‘শান্তি’র কারবার। তাদের বোতলজাত এই পানি নগরের প্রায় সব প্রান্তেই পৌঁছে গেছে। দামে সাশ্রয়ী আর সুপেয় ‘শান্তি’ নগরবাসীর মন জয় করে নিয়েছে।মিরপুর ১০ নম্বর সেকশনে ২০০৬ সালের জুলাই মাসে ঢাকা ওয়াসা বোতলজাত পানি উৎপাদন প্ল্যান্ট চালু করে। এখানে কর্মরত আছেন প্রায় ৬৫ জন কর্মচারী। আধুনিক সব সরঞ্জাম দিয়ে তাঁরা বোতলজাত পানি উৎপাদনের কাজটি চালিয়ে যাচ্ছেন। প্রতি ঘণ্টায় ১০ হাজার লিটার পানি পরিশোধন করার ক্ষমতা আছে তাদের পানি উৎপাদন প্ল্যান্টের। প্ল্যান্টের বিক্রয়কেন্দ্রে এসে পাইকারি বা খুচরো যেকোনো ক্রেতাই বোতলজাত পানি কিনতে পারেন।মাদকের আখড়া ভাঙবে কেহাত বাড়ালেই মাদক মেলে ওয়ার্ডের জায়গায় জায়গায়, এমনটাই জানালেন একাধিক বাসিন্দা। তাঁরা জানান, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, মদের মতো মাদক সহজলভ্য হওয়ায় তরুণসমাজ এগুলোয় ঝুঁকে পড়ছে। পুরো ওয়ার্ডে রয়েছে মাদকের কিছু চিহ্নিত আখড়া। এর মধ্যে জান্নাতুল মাওয়া কবরস্থানের পাশে, জুটপট্টি, ফুলবাগান পানির পাম্প, ওয়াপদা বিল্ডিং এবং প্যারিস রোডে বেশ কয়েকটি মাদকের আখড়া আছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছেলেরা এসে মাদক কিনে নিয়ে যায়।ওয়ার্ডবাসীর অভিযোগ, মাদকের আখড়াগুলোর কথা থানা-পুলিশও জানে। তারা মাঝেমধ্যে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানও চালায়। কিন্তু কয়েক দিন না যেতেই আবার শুরু হয়ে যায় মাদকের ব্যবসা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসা পুরোপুরিভাবে উচ্ছেদ করছে না কেন, সেটাই হচ্ছে রহস্য।অন্যদিকে মাদকাসক্ত ব্যক্তিরা মাদক কেনার টাকা সংগ্রহ করতে ছিনতাই আর চুরিতে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় এর প্রভাব পড়ছে। দিন কয়েক আগে মুরাদ নামে একজন বাসিন্দাকে গুলি করে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেয় বলে এলাকাবাসী জানান।ফেলনা কাপড়ের বাজারমিরপুরে রয়েছে অসংখ্য তৈরি পোশাকের কারখানা। এসব কারখানায় বস্ত্র তৈরির সময় টুকরা-টাকরা কাপড় থেকে যায়। উচ্ছিষ্ট এসব কাপড় কিন্তু ফেলনা নয়। ‘জুট’ নামে পরিচিত এই কাপড়ের বিশাল বাজার গড়ে উঠেছে মিরপুর ১০ নম্বর সেকশনের এ, সি ও ডি ব্লকের একটি সড়কে (এভিনিউ ১)। পুরো সড়কটি ‘জুটপট্টি’ নামে পরিচিতি পেয়েছে।পোশাক কারখানা থেকে ফেলনা কাপড় এখানে চলে আসে। কাপড়ের সঙ্গে থাকা বোতাম, পিন, কাগজ, লুজ সুতা আলাদা করা হয়। এগুলো আলাদাভাবে বিক্রি হয়। ভিন্ন ভিন্ন রঙের কাটা কাপড় আলাদাভাবে রাখা হয়। এসব আবার নিয়ে যায় তুলা উৎপাদনকারী কারখানার লোকজন। এগুলো থেকে তারা আলাদা আলাদা রঙের তুলা তৈরি করে। কাটা কাপড়ে পাওয়া অন্য দ্রব্যগুলো আবার আলাদা আলাদাভাবে বিক্রি হয়।কর্তারা যা বলেনওয়ার্ডবাসীর নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয় ডিসিসির ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী ইমাম আসাদের সঙ্গে। তিনি বলেন, ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নে বেশকিছু কাজ হচ্ছে। আবার বিশ্বকাপের সময়ে ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার হবে। মশক নিধন কার্যক্রমে প্রয়োজনের তুলনায় জনবল ও ওষুধ কম থাকায় এ কাজে পুরোপুরি সাফল্য পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি এই কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়কবাতি দেওয়ার জন্য আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন সময় বলা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে অকেজো সড়কবাতি মেরামত করা হচ্ছে। আবার কোথাও কোথাও নতুন বাতি দেওয়া হচ্ছে।সমস্যার খতিয়ান মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লক এবং এভিনিউ ৫-এর আশপাশের সব বাসায় গ্যাসসংকট। প্রতিদিন সকাল সাতটার দিকে গ্যাস চলে যায় আর আসে বিকেল চারটার দিকে। ওয়ার্ডের বেশ কয়েকটি সড়ক ভাঙাচোরা। এখানে-সেখানে ইট, ইটের খোয়া, বালুর স্তূপ দেখা গেছে। মিরপুর ১০ নম্বর সেকশন সি ব্লকের ১৪ নম্বর সড়কের পাশের একটি নির্মাণাধীন ভবনের রড, বালু, ইট সড়কের ওপর রাখা হয়েছে। একই অবস্থা সি ব্লকের ৩, ১৬, ২০ ও ২১ নম্বর সড়কের। জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠের সামনে সড়ক ভাঙা। মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ৭, ৮ ও ২৫ নম্বর সড়ক ভাঙা। বি ব্লকের ১০ নম্বর লেনে রয়েছে আবর্জনা ও মাটির ভাগাড়। এ ছাড়া এভিনিউ ৫ ও প্যারিস রোডের শাখা সড়কগুলো ভাঙা। ওয়ার্ডের সড়কগুলোয় সড়কবাতি নেই। আবার কোথাও কোথাও থাকলেও কিছু কিছু আছে অকেজো অবস্থায়। শীত মৌসুম আসার পর থেকে মশার যন্ত্রণায় আছে ওয়ার্ডবাসী। মশক নিধনে ডিসিসি তেমন কোনো কার্যক্রম চালাচ্ছে না বলে তাদের অভিযোগ। বেনারসিপল্লির বেশির ভাগ সড়কই ধুলায় সয়লাব হয়ে আছে। ফলে এখানে অনেকে নাকে রুমাল চেপে চলাচল করেন। মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ১৮ নম্বর পানির পাম্প এবং এভিনিউ ৫-এর পানির পাম্পে কোনো জেনারেটর নেই। ফলে বিদ্যুৎ চলে গেলে পাম্পগুলোর পানি উত্তোলন করতে পারে না। শুকনো মৌসুমে তাই সংশ্লিষ্ট এলাকাবাসীকে ভোগান্তির মধ্যে পড়তে হয়।জল্লাদখানায় স্মৃতিপীঠবেনারসিপল্লি পার হয়ে জুটপট্টির এক প্রান্তে গেলেই জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠের দেখা মেলে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী, অবাঙালি বিহারি ও তাদের এ দেশীয় দোসরেরা এখানে ২০ হাজারেরও বেশি বাঙালিকে হত্যা করে। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় ছিল জল্লাদখানা। ১৯৯৯ সালে ওই বধ্যভূমির পরিত্যক্ত পাম্পহাউসটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় খননকাজ চালায় মুক্তিযুদ্ধ জাদুঘর। শহীদদের স্মৃতি ধরে রাখা ও একাত্তরের ঘাতকদের নারকীয়তা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট (মুক্তিযুদ্ধ জাদুঘর) সেখানে নির্মাণ করেছে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ।স্মৃতিপীঠটি গড়ে উঠেছে ছোট্ট একটু জায়গায়। তবে এর মধ্যেই মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন উপস্থাপিত হয়েছে চমৎকারভাবে। স্বচ্ছ কাচের বাক্সের ভেতর মাটির তৈরি সরায় দেশের কয়েকটি বধ্যভূমির মাটি সংরক্ষণ করা হয়েছে বধ্যভূমি স্মৃতিপীঠে। ছোট্ট ঘরের মধ্যে জল্লাদখানার কূপটি ঢেকে রাখা হয়েছে কাচ দিয়ে। আর বাইরের ছোট্ট প্রাঙ্গণ ছেয়ে আছে সবুজ ঘাসে।জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে রয়েছে রফিকুন নবীর দেয়ালচিত্র। এই দেয়ালচিত্রে প্রতীকীভাবে উঠে এসেছে শহীদদের কঙ্কাল-করোটি। পুরো স্মৃতিপীঠের পরিকল্পনা করেছিলেন স্থপতি রবিউল হুসাইন। এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় সংগ্রহের ব্যতিক্রমী একটি প্রয়াস দেখা গেল এই পরিকল্পনায়। বের হওয়ার সময় সবার চোখে পড়ে সাদা কাগজে সাঁটা একটি আবেদনপত্র। স্মৃতিপীঠের জন্য সহায়তা চাওয়া হয়েছে দর্শনার্থীদের কাছে। আবেদনপত্রের নিচেই রাখা তালাবদ্ধ একটি স্বচ্ছ কাচের বাক্সে যে যার মতো চাঁদা দিতে পারেন।