এই আমাদের ওয়ার্ড...৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শ্যামলী রিং রোড  মোহনপুর  আদাবর  সিঅ্যান্ডবি অফিস  গোল্ডেন স্ট্রিট  ঢাকা হাউজিং  বায়তুল আমান হাউজিং  ছায়ানীড় সোসাইটি  সুনিবিড় হাউজিং সোসাইটি  রামচন্দ্রপুর (আংশিক)  লতিফ রিয়েল এস্টেট  কমফোর্ট হাউজিং  বেড়িবাঁধ সড়কের একাংশঅপরিকল্পিত নগরায়ণের কারণে একের পর এক সমস্যা জেঁকে বসছে ডিসিসির ৪৩ নম্বর ওয়ার্ডের শহর-গ্রাম মিশ্র এলাকাগুলোয়। গর্ব করার মতো তেমন কিছু নেই ওয়ার্ডবাসীর জীবনে। তাদের জীবনে দুদণ্ড শান্তি দেয় কেবল বেড়িবাঁধ সড়কের খোলা হাওয়া, আর বছরে একবার মঙ্গলচণ্ডীর মেলা। ওয়ার্ডবাসীর নাগরিক সমস্যা আর গর্বের পাঁচালি লিখেছেন মিল্লাত হোসেন ও তানজিল আহমদএ ক ন জ রেআয়তনদুই বর্গকিলোমিটারজনসংখ্যাদুই লাখ ৫০ হাজারভোটার-সংখ্যা৯০ হাজারডিএমপি থানার নামআদাবরউপাসনালয়মসজিদ ২৩টিবাঁশের খুঁটিতে বিদ্যুৎঢাকা হাউজিংয়ের যেখানে শেষ, মেহেদীবাগ হাউজিংয়ের সেখানে শুরু। এই শুরু শুধু সীমানা দিয়েই নয়, আরও কিছু বিষয় মেহেদীবাগ এলাকাকে ঢাকা হাউজিং থেকে আলাদা করেছে। এর অন্যতম একটি হলো বৈদ্যুতিক তারের খুঁটি। মেহেদীবাগ এলাকায় ঢুকতেই যেটি প্রথম নজর কাড়ে, সেটি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা বৈদ্যুতিক তারের খুঁটি। ঢাকা হাউজিং থেকে বৈদ্যুতিক তার চলে গেছে মেহেদীবাগ হাউজিংয়ে। আর এই এলাকার সব বৈদ্যুতিক তার ঝুলে আছে বাঁশের খুঁটিতে। এগুলো মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। এসব বাঁশের খুঁটি এলাকাবাসীকে নিজ উদ্যোগে কিনে বসাতে হয়েছে। আর বাঁশের খুঁটিতে নেই কোনো বাতি। তাই সন্ধ্যা হলেই রাস্তায় নেমে আসে অন্ধকার। কোথাও কোথাও বাঁশের খুঁটিতে অসংখ্য তার ঝুলছে। ফলে খুঁটি হেলে পড়েছে। আবার কোথাও ভেঙে হেলে গেছে এসব বাঁশের খুঁটি। মেহেদীবাগ কো-অপারেটিভ সোসাইটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন বলেন, ‘এখানে ২০০-র বেশি বাঁশের খুঁটি আছে। বিদ্যুতের সংযোগ নিতে বাঁশ কিনে এসব খুঁটি বসাতে হয়েছে আমাদের। একটু জোরে বাতাস উঠলেই কোথাও কোথাও খুঁটি ভেঙে পড়ে। এলাকায় বৈদ্যুতিক তারের জন্য লোহা বা কংক্রিটের তৈরি খুঁটি দরকার।’ এদিকে গৈদারটেকে কংক্রিটের খুঁটি থাকলেও তা পর্যাপ্ত নয়। অনেক বাসাবাড়ি থেকেই বেশ দূরে এই খুঁটিগুলো। ফলে বাসায় বিদ্যুৎ নিতে সেসব বাসার বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে তার টেনে তাঁদের বাসায় বিদ্যুতের সংযোগ নিয়েছেন। এই খুুঁটিগুলো ঝড় হলে ভেঙে পড়ে। তখন ঝুঁকির মধ্যে থাকতে হয় এলাকাবাসীকে।আলো ছড়াচ্ছে ব্র্যাকঢাকা হাউজিং এলাকার একটি বস্তিতে থাকে সীমা। টাকার অভাবে মাস ছয়েক তার পড়াশোনা বন্ধ ছিল। মাসখানেক আবার স্কুলে যায় সে। এ জন্য তার বাবা-মাকে কোনো টাকাই খরচ করতে হয় না। স্কুলের ভর্তি থেকে শুরু করে বই-খাতাসহ লেখাপড়ার উপকরণ স্কুল থেকেই দেওয়া হয়েছে।ওয়ার্ডের একটি বিশাল অংশজুড়ে রয়েছে বস্তি এলাকা। ওয়ার্ডে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকলেও বস্তির ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে ব্র্যাক। ব্র্যাকের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাচ্ছে তারা। ব্র্যাক শ্যামলী শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানান, ডিসিসির ৪৩ নম্বর ওয়ার্ডে ৪৬টি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীসংখ্যা এক হাজার ৬৫৬। এর মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থী আছে ৫৭ জন। প্রতিটি বিদ্যালয়েই আছেন একজন করে শিক্ষক।ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির দিকেও উৎসাহ দেওয়া হয়। এ জন্য দেয়ালিকা প্রকাশ করা হয় নিয়মিত। নাচ-গান, গল্প বলা শেখানো হয় প্রতিটি বিদ্যালয়েই। অভিভাবকদের সচেতন করার জন্য মাসে একবার সভার আয়োজন করা হয়। এ ছাড়া বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত খাবার, বৃক্ষরোপণ, মাদকবিরোধী আন্দোলনসহ নানা বিষয়ে কর্মসূচি আয়োজন করে ব্র্যাকের স্কুলগুলো। ব্র্যাক শ্যামলী শাখার প্রোগ্রাম অর্গানাইজার আবদুল হাই চৌধুরী আরও জানান, এই ওয়ার্ডে ব্র্যাকের পাঁচটি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রে সব সময় একজন চিকিৎসক ও দাই থাকেন। সুবিধাবঞ্চিত নারীদের নিরাপদ প্রসবের ব্যবস্থার দিকে নজর দেন তাঁরা। শিশু ও মায়েরা বিনা মূল্যে আরও কিছু স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।হারিয়ে যেয়ো না ‘মঙ্গলচণ্ডী মেলা’একটা সময় হিন্দুধর্মাবলম্বী অধ্যুষিত ছিল ৪৩ নম্বর ওয়ার্ড। তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তখন বেশির ভাগ জায়গা ছিল খাল, জলাভূমি আর নিচু জমি। বর্ষায় থইথই পানিতে দ্বীপের মতো মনে হতো একেকটি বাড়ি। পূজা-পার্বণ লেগেই থাকত বাড়িতে বাড়িতে। পাকিস্তান আমল থেকে এখানে মুসলমান বসতি বাড়তে থাকে, আস্তে আস্তে ভরাট হতে থাকে জলাভূমি। আর হিন্দুরা সরে যেতে থাকে এ এলাকা থেকে। কেউ চলে যায় ভারতে। কেউ বা সরে যায় অন্য কোনো এলাকায়। এখন এই ওয়ার্ডে আদি হিন্দু পরিবার নেই বললেই চলে। এসব তথ্য জানান আদাবরের বাসিন্দা আকমল হোসেন।এই ওয়ার্ড থেকে আদি হিন্দুরা পাততাড়ি গুটিয়ে চলে গেলেও তাদের অনেকে এখনো বছরে একটা দিন এখানে জড়ো হয়। বৈশাখ মাসের প্রথম দিন গৈদারটেক বটতলায় পূজা দিতে দেখা যায় তাদের। ওই দিন বটতলাটি ঘিরে বসে যায় মেলা। এটি পরিণত হয় সর্বজনীন এক লোকজ উৎসবে। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি মঙ্গলচণ্ডী মেলা। মঙ্গলচণ্ডীর পূজাকে ঘিরেই এই মেলার গোড়াপত্তন। কারও মতে মেলার বয়স ৫০০ বছর, কারও মতে ৩০০ বছর, কেউ বা মনে করে মেলাটির বয়স ১০০ বছর। মঙ্গলচণ্ডী মেলা যে শত বছর পার করেছে, এ বিষয়ে সবাই একমত। শতবর্ষী এই মেলার জায়গা ক্রমেই কমছে। সেখানে বস্তিঘর তৈরি করে ভাড়া দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। বস্তিঘর আস্তে আস্তে এগিয়ে আসছে বটতলার দিকে। পুরোটা জায়গা বস্তিতে ভরে উঠলে মেলা আর পূজা বন্ধ হয়ে যেতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক হিন্দু সম্প্রদায়ের একজন। ঐতিহ্যবাহী মেলার জায়গা রক্ষা করতে প্রশাসনের প্রতি দাবি করেন তিনি।বেড়িবাঁধে এক দিনগাবতলী বাবুবাজার বেড়িবাঁধ সড়কের একাংশ চলে গেছে ৪৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে। যার এক প্রান্ত নবোদয় হাউজিং ও ঢাকা উদ্যান এলাকায়, আরেক প্রান্ত স্লুইসগেট। দুই পাশের এলাকা থেকে অনেক উঁচুতে সড়কটি। বেড়িবাঁধের সড়কে উঠতেই সাঁ সাঁ করে একটি ট্রাক সামনে দিয়ে চলে গেল। লহমায় সড়কের বাতাস ভরে গেল ধুলায়।বেড়িবাঁধের সড়কের দুই পাশে গড়ে উঠেছে রকমারি দোকান। এর মধ্যে আছে কয়েকটি বাঁশের দোকান। বাঁশবিক্রেতা রতন জানান, বাঁশ ছাড়াও বাঁশের তৈরি বেড়ার মতো উপকরণ পাওয়া যায় এখানে। এখানে ময়মনসিংহ, রংপুর, বগুড়া, চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে বাঁশ আনা হয়। সড়কের পাশে তৈরি পোশাক কারখানারও দেখা মিলল।বেড়িবাঁধের বাইরের পাশে কোথাও আছে ভূমি, আবার কোথাও আছে নদী। নদীর পানিতে ভেসে যাচ্ছে নৌকা ও মালবাহী ট্রলার। এক জায়গায় দেখা গেল অনেক নৌকা। এসব নৌকায় আনা হচ্ছে কচুরিপানা। নৌকা থেকে তুলে এসব বেড়িবাঁধের ওপর রাখা রিকশাভ্যানে বোঝাই করা হচ্ছে। কচুরিপানা সংগ্রাহকদের একজন জানালেন, গরুর খামারের জন্য এসব আনা হচ্ছে দূর থেকে।এখানে সড়কের দুই পাশে কয়েকটি চায়ের দোকান রয়েছে। এগুলোয় খাঁটি দুধের চা বিক্রি হচ্ছে। হাতের কাছেই গরুর খামার থাকায় দুধ পাচ্ছেন তাঁরা। বেড়িবাঁধে গ্রামের মতো অনেক দৃশ্য দেখা যাবে। এই যেমন দলবেঁধে রাজহাঁসের ছোটাছুটি; সড়কের ওপর দেশি ছাগল আর গরুর বিচরণ, সড়কের পাশের গাছের ওপর পাখির বসে থাকা।বেড়িবাঁধ সড়কে বেড়াতে গেলে সন্ধ্যা নামার আগেই ফেরার পথ ধরা ভালো। কেননা নির্জন সন্ধ্যায় বেড়িবাঁধে ওত পেতে থাকে সশস্ত্র ছিনতাইকারীরা। আবার দিনদপুরে রয়েছে টানা পার্টির দৌরাত্ম্য। সাবধান না থাকলে হাতের মুঠোফোন হেঁচকা টানে নিয়ে দৌড়ে পালাতে পারে তারা। টানা পার্টির লোক ধরতে তার পিছু পিছু দৌড়ানোর দৃশ্যও দেখা গেছে বেড়িবাঁধ সড়কে।‘কী রকমভাবে বেঁচে আছি’বায়তুল আমান সোসাইটি জামে মসজিদের পূর্ব দিকের পুরো সড়ক ভাঙা। বৃষ্টি এলে এলাকার সব সড়কই পানিতে ডুবে যায়। পানি সরাতে সড়কগুলোর মাঝখানের ম্যানহোলের ঢাকনা ওঠানো। ম্যানহোলে পড়ে তাই যেকোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে। এই ওয়ার্ডের প্রায় সব এলাকায় এটা পরিচিত দৃশ্য। কোনো কোনো এলাকায় অবশ্য পাকা রাস্তারও দেখা মেলে না। মাটির রাস্তার ওপর পা রাখতে হয় এলাকাবাসীকে। বৃষ্টি হলে সড়কে পা-ও ফেলা যায় না। গায়ে কাদা লেগে কাপড় নষ্ট হয়ে যায়। মেহেদীবাগ হাউজিং এলাকায় গিয়ে এমনটাই দেখা গেছে। হাঁটুপানি পাড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে আসছিলেন রাহেলা বেগম। তিনি বলেন, ‘রাস্তা থেকে আমার ঘরটা নিচে। টাকার জন্য মাটি কিনতে পারিনি। তাই একটু বৃষ্টি হলেই ঘরে পর্যন্ত পানি ঢুকে যায়।’এ এলাকার আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘আমরা সিটি করপোরেশনের এলাকায় থাকি, তা দেখে বোঝার কোনো উপায় নেই। রাস্তাগুলো পাকা করা দরকার। দরকার সুয়ারেজের লাইন।’ঢাকা উদ্যান এলাকার প্রধান সড়ক দিয়েও হাঁটা যায় না। সড়ক ভেঙে বড় বড় গর্তে পানি জমে আছে। ওই এলাকার বাসিন্দা জামাল উদ্দিন জানান, ওয়ার্ডের কোথাও মশার ওষুধ ছিটানো হয় না। মশার যন্ত্রণায় কোথাও বসে কিংবা দাঁড়িয়ে থাকা যায় না। দিনের বেলায় দোকানে ও ঘরে কয়েল জ্বালিয়ে রাখতে দেখা গেছে। ওয়ার্ডের অনেক এলাকায় আসে না ডিসিসির আবর্জনার গাড়ি, নেই ডাস্টবিন। এখানে-সেখানে গড়ে উঠেছে আবর্জনার স্তূপ। আলিফ হাউজিং এলাকার সড়কবাতি নষ্ট। তাই সন্ধ্যা নামলেও জ্বলে না বাতি। পুরো ওয়ার্ডেই অবশ্য সড়কবাতি অপ্রতুল।নেই আর নেই‘আমাদের এলাকায় কোনো সরকারি প্রাইমারি স্কুল নেই। অনেকেই ছেলেমেয়েকে স্কুলে পাঠায় না। বেসরকারি স্কুলে খরচ বেশি। যার সামর্থ্য আছে, তার পোলাপান স্কুলে যায়। একটা সরকারি স্কুল থাকলে গরিবের পোলাপান পড়তে পারত।’ বলছিলেন ঢাকা হাউজিংয়ের বাসিন্দা আলতাফ হোসেন। পুরো ওয়ার্ডেই আছে সুবিধাবঞ্চিত মানুষের বসবাস। অথচ নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই অনেক শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। ছেলে-বুড়োদের শরীর-মনের সুস্থতার জন্য এই ওয়ার্ডে নেই ডিসিসির কোনো খেলার মাঠ, শরীরচর্চাকেন্দ্র, শিশুপার্ক, পাঠাগার ও সংগীতশিক্ষাকেন্দ্র। ফলে শিশু-কিশোর-তরুণ-যুবাদের সময় কাটে অলসভাবে, আড্ডা দিয়ে। অনেকেই বখাটেপনা ও মাদকের পথে পা বাড়াচ্ছে বলে ওয়ার্ডবাসী জানান। ‘ছয় মাস আগে আমার ছোট ভাইয়ের নামে একটা চাকরির চিঠি আসার কথা। কিন্তু এখনো আসে নাই। এলাকার আশপাশে কোনো ডাকঘর নাই। তাই চিঠিপত্র ঠিকমতো আসে না।’ বলছিলেন ঢাকা হাউজিংয়ের বাসিন্দা আবুল হোসেন। ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে ঘরবাড়ি। ফলে বাড়ছে জনবসতি। কিন্তু ডিসিসি এখানে কোনো কাঁচাবাজার ও কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নিচ্ছে না।দিনের বেলায় ট্রাকের হানাশহরজুড়ে দিনের বেলা ট্রাক চলা নিষেধ। অথচ ৪৩ নম্বর ওয়ার্ডে দিনদুপুরে ট্রাক চলতে দেখা যায়। নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান ও বেড়িবাঁধ সড়ক এলাকায় সারা দিনই ট্রাকের রাজত্ব। নবোদয় হাউজিং এলাকায় নির্মাণাধীন বিভিন্ন ভবনের ইট, বালু, সিমেন্ট, রড নামানো হচ্ছিল ট্রাক থেকে। পাশেই আরও দুটি ট্রাক রাখা ছিল। অন্যদিকে, ঢাকা উদ্যান এলাকার প্রধান সড়কে ট্রাকের মহড়া দেখা গেল। কয়েক মিনিট পর পর একটার পর একটা সারি ধরে খালি ট্রাক ঢুকছে। আর বালুভর্তি ট্রাক বের হয়ে যাচ্ছে আশপাশের এলাকায়। এলাকাবাসী জানান, ওয়ার্ডের ওপর দিয়ে চলে গেছে বেড়িবাঁধ সড়ক। আবার ঢাকা উদ্যানের ওপর দিয়ে প্রধান সড়ক চলে গেছে তুরাগ নদের তীরে। এখান থেকে সারা দিন ট্রাক দিয়ে বালু পরিবহন করা হয়। ট্রাক চলাচলের কারণে ঢাকা উদ্যানের প্রধান সড়কের সব জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টিতে এসব গর্ত পরিণত হয় নালায়। শুধু সড়কই নয়, মাঝেমধ্যে দোকানপাটের ওপরও হানা দিয়ে বসে এসব ট্রাক। আর ট্রাক থেকে পড়া ধুলাবালুতে সয়লাব হয়ে আছে সড়ক।বেড়িবাঁধ সড়কটিতে যানবাহন কম থাকায় সারা দিনই ওখানে বেপরোয়াভাবে ট্রাক চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় ওয়ার্ডের লোকজন।খালের খবরওয়ার্ডে রকমারি নামে গড়ে উঠেছে অসংখ্য হাউজিং। এগুলোর ভিড়ে হারিয়েছে এবং হারিয়ে যাচ্ছে অসংখ্য খাল, জলাভূমি আর নিচু জমি। নগরায়ণের দাপটে কোনো রকমে এখন টিকে আছে রামচন্দ্রপুর খাল আর গৈদারটেক খাল। রামচন্দ্রপুর খালের বিস্তার কাটাসুর থেকে কল্যাণপুর পাম্পিং স্টেশন আর গৈদারটেক খাল কল্যাণপুর সেতু থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত বিস্তৃত। ভরাটের পাল্লায় পড়ে দিনে দিনে কমছে খাল দুটোর প্রবাহের জায়গা। এগুলোর কোথাও গড়ে উঠেছে ভবন। আবার খালের অনেক জায়গায় মাচা করে তৈরি হয়েছে বস্তিঘর, দোকানপাট। তবে খালের রক্ষাকর্তা ঢাকা ওয়াসা কেবল একটি সাইনবোর্ড দিয়েই দায় সেরেছে। যাতে বলা হয়েছে, খালের মধ্যে সাঁকো, পানির লাইন, মাচা, ঘর, শৌচাগার, দোকান, রিকশার গ্যারেজ করা দণ্ডনীয় অপরাধ। তবে ওয়াসা দণ্ড দিতে যে তৎপর নয়, তা বোঝা যায় সাইনবোর্ডের নাকের ডগায় সব অপরাধের চিত্র দেখে। রামচন্দ্রপুর খালের ওপর মাচা দিয়ে খোদ কমিউনিটি পুলিশিং কমিটির কার্যালয় করা হয়েছে।সাঁকো-নৌকায় পারাপার!মনসুরাবাদ হাউজিংয়ের ভেতর ঢুকলে একটু অবাক লাগে। এটি গ্রাম, না শহর! এখানকার প্রতিটি রাস্তা গণ্ডগ্রামের মতো কাঁচা মাটির। বৃষ্টি হলে ডুবে যায় রাস্তাগুলো। কেবল দুই পাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলো জানিয়ে দেয়, গ্রাম নয়, এটা ঢাকা শহর। মনসুরাবাদ হাউজিংয়ের পাশ দিয়ে বয়ে গেছে গৈদারটেক খাল। মনসুরাবাদের শেষ মাথায় গৈদারটেক খালের ওপর রয়েছে একটি সাঁকো। এই পারে মনসুরাবাদ আর অন্য পারে দারুসসালাম এলাকা। বাঁশের সাঁকো থাকায় তাদের যোগাযোগ সহজ হয়েছে। এলাকাবাসী জানান, সাঁকো না থাকলে এলাকা দুটি বিচ্ছিন্ন থাকত। মনসুরাবাদ আবাসিক এলাকায় আসতে হলে সবাইকে কল্যাণপুর-শ্যামলী ঘুরে রিং রোড দিয়ে আসতে হতো। এতে ঘণ্টাখানেক সময় লেগে যেত। সাঁকো দিয়ে ১০ মিনিটেই আসা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, ‘এখানে একটি সেতু হলে ভালো হতো। কারণ, খালে পানি বেড়ে গেলে কিংবা সাঁকোর বাঁশগুলো পুরোনো হয়ে গেলে সাঁকোয় উঠতে ভয় লাগে। এ ছাড়া সাঁকো দিয়ে ভারী কিছু আনা-নেওয়া করা যায় না।’ এদিকে গৈদারটেক বটতলা আর আদাবরের মধ্যে আছে গৈদার খালে রয়েছে গুদারা নৌকা। কম সময়ে আদাবর আসতে গৈদারটেকের বাসিন্দারা ব্যবহার করছে এই নৌকা। মাঝি খালের ওপর দুই ঘাট পর্যন্ত দড়ি বেঁধে নিয়েছেন। বৈঠার বদলে দড়ি টেনে টেনে যাত্রীদের এপার-ওপার করান তিনি।গরুর খাঁটি দুধ!ভেজালের ভিড়ে এই নগরে গরুর খাঁটি দুধের দেখা মেলা ভার। পাস্তুরিত তরল দুধের ওপর যাঁরা আস্থা রাখতে পারেন না, তাঁরা আবার গোয়ালার সঙ্গে মাস চুক্তি করে নিয়েছেন। কিন্তু নাগরিক গোয়ালারা তো আর গরু পালেন না। তাঁরা শহরতলি বা শহরের বাইরের এলাকা থেকে দুধ সংগ্রহ করে বাসায় বাসায় দুধ দেন। প্রায়ই অভিযোগ শোনা যায়, তাঁদের দুধে যতটা না দুধ, তার চেয়ে বেশি পানি। যাঁরা একেবারে খাঁটি দুধ পেতে চান, তাঁরা চলে যেতে পারেন মোহাম্মদপুরের সুনিবিড় হাউজিং এলাকায়। এখানে রামচন্দ্রপুর খালের পাশে চার-চারটি গরুর খামার রয়েছে। সাতসকাল কিংবা পড়ন্ত বিকেলের দিকে গেলে সেখান থেকে সদ্য দোহানো দুধ কেনা যাবে। দুধ দোহানোর ফাঁকে কথা হয় খামারি মহিউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘২৫ বছর ধইরা এই এলাকায় গরু পালি। আমরা দুধ বেচি পাইকারদের কাছে। তারা এই দুধ আবার বাসায় বাসায় বিক্রি করে।’ তিনি জানান, খইল-ভুসি বাজার থেকে কিনতে হয়। আর রোজই তিনি খাল, নদী থেকে কচুরিপানা এবং বেড়িবাঁধের আশপাশ থেকে ঘাস কেটে আনেন। ওয়ার্ডের বেড়িবাঁধের আশপাশে আরও কিছু খামার আছে বলে তিনি জানান।কর্তারা যা বলেনওয়ার্ডে নিত্যনতুন এলাকা গড়ে উঠছে, বাড়ছে রাস্তাঘাট। কিন্তু ডিসিসি থেকে বরাদ্দ বাড়ানো হচ্ছে না। চাহিদার চেয়ে অনেক কম বরাদ্দের অর্থ দিয়ে এলাকাগুলোর উন্নয়ন করা যাচ্ছে না। তাই অন্যান্য ওয়ার্ডের চেয়ে ৪৩ নম্বর ওয়ার্ডে নাগরিক সুযোগ-সুবিধা কম বলে জানান এই ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম। তিনি জানান, অর্থস্বল্পতার কারণেই রাস্তাঘাট ও পানিনিষ্কাশনের অবকাঠামো উন্নয়ন, আবর্জনা পরিবহন ও মশক নিধন কার্যক্রম জোরদার করা যাচ্ছে না। তবে চলতি অর্থবছরে ওয়ার্ডের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগবে। কেননা এবার অন্যান্য ওয়ার্ডের তুলনায় তাঁদের ওয়ার্ডের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। আবার জেলা পরিষদের বরাদ্দ থেকেও কিছু উন্নয়নকাজ হবে।