এই আমাদের ওয়ার্ড...৮২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ৮২ নম্বর ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে যেত ধোলাইখাল। সেই খালে এখন সড়ক। তবে খালটির স্মৃতি ধরে রেখেছে ওয়াসার একটি খোলা পানিনিষ্কাশন নালা, যা মূলত আছে খালের আদলেই। এমনি করে জনবসতি আর বাণিজ্যিক স্থাপনার চাপে মোগল আমল থেকে শুরু করে এখন পর্যন্ত পরিবর্তিত হচ্ছে এই ওয়ার্ডের কাঠামো। ফলে প্রতিটি আমলের নিদর্শনই মেলে বুড়িগঙ্গা নদীর পাশের এই ওয়ার্ডে। তবে এখন আর নগরায়ণে খুব একটা পরিকল্পনার ছোঁয়া পাওয়া যাচ্ছে না ওয়ার্ডের বেশির ভাগ এলাকায়। তাই ওয়ার্ডের কোথাও কোথাও জেঁকে বসেছে বিভিন্ন নাগরিক সমস্যা। এসব সমস্যার মধ্যেও গুটিকয় বিষয় ওয়ার্ডবাসীকে গর্বিত করে তোলে। তাঁদের সে গর্ব আর নাগরিক জীবনের সমস্যার কথা তুলে ধরেছেন মিল্লাত হোসেন ও আজহার হোসেন।একনজরেজনসংখ্যা: প্রায় এক লাখভোটার সংখ্যা: ২৩ হাজারডিএমপি থানার নাম : গেন্ডারিয়াশিক্ষাপ্রতিষ্ঠান: সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি, বেসরকারি বিদ্যালয় আটটি, বেসরকারি কলেজ একটি ও বেসরকারি মাদ্রাসা চারটিসাংস্কৃতিক কেন্দ্র: একটি (জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র)উপাসনালয়: মসজিদ ১১টি ও মন্দির দুটিস্বাস্থ্যকেন্দ্রএকটি (আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার)মাঠ: একটি (মোতালেব শাহ মাজার মাঠ)সরকারি প্রতিষ্ঠান: দুটি (ঢাকা জেলা পুলিশ লাইন ও সরকারি খাদ্যগুদাম)নামে নামে ইতিহাসব্রিটিশ আমলে আনন্দ কুমার দাস এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন। আনন্দ মাস্টার নামে সবাই তাঁকে চিনত। তাঁর নামে ছিল আনন্দ মাস্টারের মঠ। তাঁর ছেলে অক্ষয় কুমার দাস। তিনিও তাঁর বাবার মতোই শিক্ষিত ছিলেন। অক্ষয় কুমারের তিন ছেলে এই ধারাবাহিকতা ধরে রাখেন। তবে তাঁরা অর্থবিত্তে আরও এগিয়ে ছিলেন। অক্ষয় কুমারের ছেলে বসন্তবাবুর সুদৃশ্য একটি বাড়ি এখনো টিকে আছে ফরাশগঞ্জে। ৮২ নম্বর ওয়ার্ডের অক্ষয় দাস রোড নামের সঙ্গে অক্ষয় হয়ে আছে অক্ষয় কুমার দাসের নাম। এসব কথা জানান ৮২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু।এদিকে সম্রাট আলমগীরের স্মৃতি ধরে রেখেছে এই ওয়ার্ডের আলমগঞ্জ রোড ও লেনের নাম দুটি। নাজির হোসেন কিংবদন্তীর ঢাকা গ্রন্থে লিখেছেন, মিল ব্যারাকের কাছেই আলমগঞ্জ এলাকা। যাঁর নাম রাখা হয়েছে মোগল সম্রাট আলমগীরের (আওরঙ্গজেব) নামানুসারে। আলমগঞ্জ এলাকায় ছিল পাঠান দুর্গ। এটি বেগ মুরাদ খাঁ কেল্লা নামে পরিচিত ছিল। এখন সেসব বুড়িগঙ্গা নদীতে হারিয়ে গেছে। কালীচরণ সাহা রোডের আগের নাম কাপুড়িয়া নগর। কালীচরণ সাহার পুত্র ১৯২২ সালে ঢাকা পৌরসভাকে রাস্তার জন্য সাড়ে তিন হাজার বিজলিবাতি দিয়েছিলেন। এ জন্য তাঁদের এলাকার রাস্তার নাম রাখা হয় কালীচরণ সাহা রোড। কেশব ব্যানার্জি মুড়াপাড়ার জমিদার ছিলেন। তাঁর নামানুসারে ৮২ নম্বর ওয়ার্ডের একটি রাস্তার নাম রাখা হয়েছিল কেশব ব্যানার্জি রোড।ঢালকানগর নামের উৎপত্তির পেছনে দুটি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন নাজির হোসেন। তাঁর মতে, গেন্ডারিয়া এলাকার ঢালু একটি এলাকার নাম উর্দু ভাষায় ঢালকানগর নামে পরিচিতি পেয়েছে। আবার এখানে বর্ম ও তলোয়ারের আঘাত প্রতিরোধক ঢাল তৈরি হতো বলে এলাকার নাম হয়েছে ঢাল-কা-নগর।১৮৫৮ সালের আগে ঢাকা সুগার কোম্পানির অধীনে একটি সুগার মিল ছিল এখনকার মিল ব্যারাক এলাকায়। ১৭৮৫ সালে এখানে ফ্রান্সিস ফ্লাওয়ার মিল নামে একটি ময়দার কলও প্রতিষ্ঠিত হয়। ১৮৫৭ সালে ভারতে সিপাহি বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ দমনের জন্য ইংরেজ সেনারা এখানে অবস্থান করেন। এ জন্য এলাকাটি মিল ব্যারাক নামে পরিচিত হয়ে ওঠে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলে এখানে প্রাদেশিক পুলিশ ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা করা হয়। এখন এখানে সরকারি খাদ্যগুদামের দপ্তর আছে।একটা সময় ফরিদাবাদে শাঁখার কারিগরেরা পরিবার-পরিজন নিয়ে বাস করতেন। এখন আর সেখানে কোনো শাঁখারী পরিবার না থাকলেও শাঁখারীনগর লেন নামে এলাকার নাম রয়ে গেছে।পুরান ঢাকার সংস্কৃতিচর্চার পীঠস্থানঢাকাই চলচ্চিত্রের প্রবাদপুরুষ জহির রায়হান ছিলেন পুরান ঢাকার বাসিন্দা। তাঁদের সময়ের তুলনায় এখনকার পুরান ঢাকা সংস্কৃতিচর্চায় অনেকটা পিছিয়ে পড়েছে। পুরান ঢাকার শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুলতে ডিসিসির উদ্যোগে গড়ে উঠেছে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ১৫ কাঠা জমির ওপর নির্মিত হয়েছে অত্যাধুনিক এই কেন্দ্র। ২০০৮ সালে এর কার্যক্রম শুরু হয়। বিশাল ভবনের প্রথম তলায় আছে গাড়ি রাখার জায়গা। তার সঙ্গে আছে কমিশনারের কার্যালয় ও মেটারনিটি ক্লিনিক। দোতলায় আছে নাট্যমঞ্চ। একে শুধু নাট্যমঞ্চ বলেই শেষ করে দেওয়া যায় না। ঢাকা শহরে এটাই অত্যাধুনিক নাট্যমঞ্চ বলে অনেকে মনে করছেন। মঞ্চ তৈরিতে সর্বাধুনিক নির্মাণ উপকরণ ও প্রযুক্তি ব্যবহূত হয়েছে। মঞ্চের নিচের অংশে ব্যবহূত হয়েছে কাঠ। সঠিক শব্দ প্রক্ষেপণের জন্য পুরো মিলনায়তন পার্টিকেল বোর্ড দিয়ে মোড়ানো হয়েছে। মঞ্চের সামনে দর্শক-আসন রয়েছে দোতলা ও তিনতলায়, আসনসংখ্যা ৪০৮টি। এ ছাড়া মহড়া ও মেকআপের জন্য আলাদা কক্ষ আছে। দোতলা ও তিনতলা নিয়ে এই মিলনায়তনটি অনবদ্য একটি নাট্যবলয়। শুরুতে দিন কয়েক দেশসেরা নাট্যদল নাটক উপস্থাপন করলেও পড়ে এটি মুখ থুবড়ে পড়েছিল। কেবল স্থানীয় কিছু দল মাঝেমধ্যে এখানে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে গেছে। এই সুযোগে আবার কিছু ভুঁইফোড় দল সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতির চর্চাও করে।সম্প্রতি আবার সেখানে দেশের মূলধারার নাট্যদলগুলো তাঁদের নাটক নিয়ে হাজির হচ্ছে। এই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর সন্ধ্যায় বহুবচন নাট্যদলের তিন পয়সার পালা, ২৬ নভেম্বর সন্ধ্যায় পদাতিকের জলবালিকা, ২৭ নভেম্বর সন্ধ্যায় সুষম নাট্যসম্প্রদায়ের নিখোঁজ মহাজনে স্থানে এবং ২৮ নভেম্বর সন্ধ্যায় নটবর্ণের অমাবস্যার কাব্য পরিবেশিত হবে।জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে কর্মরত ডিসিসির কর্মীরা জানান, এখন থেকে নিয়মিত এখানে সুস্থ সংস্কৃতিচর্চা চলবে। এতে দেশের মূলধারার নাট্যদল যেমন থাকবে, তেমনি স্থানীয় দলও অংশ নিতে পারবে। এই কেন্দ্রের ভাড়া এক শিফট বা পালার জন্য ১০ হাজার চার টাকা। এক শিফট সকাল আটটা থেকে দুইটা, আরেক শিফট বেলা তিনটা থেকে রাত নয়টা।বুদ্দুর বিরিয়ানি ও অন্যান্যহরিচরণ রায় রোডে চোখে পড়ল বুদ্দুর বিরিয়ানির দোকান। এর বয়স প্রায় ৫০ বছর। শুরুতে করিম বক্স নামের স্থানীয় এক বাসিন্দা হরিচরণ রায় রোডের রাস্তায় বসেন বিরিয়ানির একটি ডেকচি নিয়ে। এলাকায় বেশ সাড়া পড়ে করিম বক্সের রান্নার স্বাদে। তিনি পরদিন সঙ্গে নেন ছেলে এলাহী বক্সকে। এলাহী বক্স এলাকায় পরিচিত ছিলেন বুদ্দু নামে। সেখান থেকেই নামকরণ হয় বুদ্দুর বিরিয়ানির। বিরিয়ানির দোকানটি ধীরে ধীরে পরিচিতি পেল বুদ্দুর বিরিয়ানি নামে। বাবার মৃত্যুর পর এলাহী বক্স (বুদ্দু) দোকানটির ভার নেন। সম্প্রতি বুদ্দুর ছেলে জাহিদ ইকবাল দোকানের হাল ধরেছেন।এখানে কাচ্চি বিরিয়ানি, খাসির তেহারি আর মোরগ পোলাও পাওয়া যাবে দিনের বেশির ভাগ সময়। এক প্লেট কাচ্চি বিরিয়ানি মিলবে ১২০ টাকায়, খাসির তেহারি ১০০ টাকা আর মোরগ পোলাও মিলবে ১২০ টাকায়। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে দোকানটি।ওয়ার্ডের কেশব ব্যানার্জি রোড থেকে হরিচরণ রায় রোড অব্দি সড়কে দেখা মিলবে নানা পদের মুখরোচক খাবারের। ৮ থেকে ১০ ঘর মিষ্টির দোকান রয়েছে এখানে। আধুনিক পরিপাটি মিষ্টির দোকানের পাশাপাশি আদি নামফলক দেওয়া কিছু মিষ্টির দোকানও আছে এখানে।চিনিকল থেকে খাদ্যগুদামকালীচরণ সাহা রোডে গিয়ে পাওয়া গেল সরকারি খাদ্য সংরক্ষণাগার। এটি মিল ব্যারাক খাদ্যগুদাম নামেও পরিচিত। ফটকের গায়ে বড় আকারের একটি সাইনবোর্ড টাঙানো আছে। তাতে লেখা, এলাকাটি সংরক্ষিত, অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। কিন্তু পুরো খাদ্যগুদাম এলাকার পাঁচটি ফটকের একটিতেও নেই নিরাপত্তারক্ষী। ফলে সংরক্ষিত এলাকাটি আসলে অরক্ষিত অবস্থায়ই আছে।মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থ থেকে জানা যায়, মিল ব্যারাক এলাকায় ১৮৫০ সালের আগে ঢাকা সুগার ওয়ার্কস কোম্পানির আওতায় একটি চিনিকল ছিল। ১৮৫০ সালে তা বন্ধ হয়ে যায়। উইলিয়াম ফালি নামের এক ইংরেজ কলটি কিনে নেন। তিনি গড়ে তোলেন ফ্লাসিস ফ্লাওয়ার মিল নামে একটি ময়দার কল। সিপাহি বিদ্রোহের সময় সেখানে ব্রিটিশ সেনাদলের একটি অংশ অবস্থান নেয়। ফলে এলাকাটি সেনাবাহিনীর হস্তগত হয়। সে সময় ক্লের রিপোর্ট থেকে জানা যায়, সেনাছাউনি বানানোর জন্য উইলিয়াম ফালির কাছ থেকে ব্রিটিশ সরকার মিলটি কিনে নেয়। পরে এটিকে সেনাছাউনি ঘোষণা করা হয়। বঙ্গভঙ্গ হওয়ার পর এখানে প্রাদেশিক পুলিশের ট্রেনিং কলেজ স্থাপন করা হয়। কালের বিবর্তনে এটি এখন সরকারি খাদ্য সংরক্ষণাগার হিসেবে ব্যবহূত হচ্ছে।খাদ্যগুদামের ভেতরে আছে টিনের সারি সারি চৌচালা ঘর। হলুদরঙা ভবনগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদীর ঘাট। একসময় সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে খাদ্য পরিবহন করা হতো। বুড়িগঙ্গার তীরে থাকা গুদামের ঘাটে একটি ক্রেন রয়েছে। এটি খাদ্যগুদামের মাল ওঠানো-নামানোর কাজে ব্যবহূত হয়। এখন নদীপথে কোনো খাদ্য পরিবহন হয় না। নদীর তীরে গিয়ে মরিচা পড়া ক্রেন এবং এর চাকা দেখে কেবল খাদ্যগুদাম ঘাটের স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়।সমস্যার খতিয়ান কেশব ব্যানার্জি রোড থেকে শুরু করে হরিচরণ রায় রোড হয়ে ফরিদাবাদ পর্যন্ত সড়কে যান ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের কোনো কর্মী নেই। এ কারণে যানজট তীব্র আকার ধারণ করে। এখানকার মূল সড়কে ট্রাফিক পুলিশ প্রয়োজন। আলমগঞ্জ রোডের সরু গলি নর্দমার জলে সয়লাব। পয়োনালার সংস্কার ও রক্ষণাবেক্ষণ নেই। লোহারপুলে ওয়াসা খালপাড়ের সড়কে পুলিশ লাইনের ভারী যানবাহন চলাচল করে। সড়কটির কংক্রিটের খোয়া উঠে গেছে। কোথাও স্লাব ভেঙে গেছে। আলমগঞ্জ লেনে একটিমাত্র ওয়াসার কল রয়েছে। এর পাশেই বসানো হয়েছে আবর্জনার ডাস্টবিন। ফলে ময়লা-আবর্জনা পেরিয়ে সেটি ব্যবহার করতে এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়। কেশব ব্যানার্জি রোড আর কালীচরণ সাহা রোডের একাংশে কোনো ডাস্টবিন নেই। এলাকাবাসীকে খালপাড় পেরিয়ে আবর্জনা ফেলতে যেতে হয়। কেউ কেউ খালপাড়েই ময়লার স্তূপ করেন। পুরো ওয়ার্ডে মশার উৎপাত রয়েছে। ওয়াসার খালটি পরিচ্ছন্নতার ছোঁয়া না পাওয়ায় মশা অবাধে বংশবিস্তার করছে। কেশব ব্যানার্জি রোডের ১৭/জি নম্বর হোল্ডিংয়ের সরু গলিপথে বিদ্যুতের খুঁটি সড়কের মাঝপথে বসানো হয়েছে। ফলে সেখানে রিকশা, মোটরসাইকেল ও সাইকেল চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ঢালকানগর লেন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। ঢালকানগর লেনের শেষ মাথায় সড়কে পানি, পয়োনালার সংযোগ নেই। এলাকাবাসীকে অনেক দূর থেকে নিজ উদ্যোগে সেসব সংযোগ আনতে হয়। সতীশ সরকার রোডের ‘একশ কাঠা’ প্লটে গ্যাসের চাপ কম। দিনের বেশির ভাগ সময় গ্যাস থাকে না। সতীশ সরকার রোডের প্রধান পানিনিষ্কাশন নালা অকেজো। তাই সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে। গেন্ডারিয়া স্টেশন এবং এর আশপাশে মাদকাসক্তের আনাগোনা রয়েছে। এলাকায় ছিঁচকে চুরির ঘটনা ঘটছে বলেও জানা যায়। কালীচরণ সাহা রোডের ১৭ নম্বর হোল্ডিংয়ে লোহা পেটানোর কারখানা রয়েছে। এ কারণে শব্দদূষণে টিকে থাকা দায় হয়ে পড়েছে। কালীচরণ সাহা রোডের ২৬ নম্বর হোল্ডিংয়ের পাশে ওয়াসার পানির নল ভাঙা। ফলে সব সময় পানি পড়ছে।পরিপাটি আবাসনওয়ার্ডের অনেক এলাকায় নগরায়ণ হয়েছে অপরিকল্পিত উপায়ে। তবে ব্রিটিশ আমলে গেন্ডারিয়ায় পরিকল্পিত আবাসন শুরু হয়। সেই প্রভাব কিছুটা পড়েছে এই ওয়ার্ডে। এখানকার সতীশ সরকার রোড, ঢালকানগর আর আলমগঞ্জ রোডে রয়েছে বেশ কটি আবাসিক প্লট। নানা নামে এই প্লটগুলো পরিচিত। সতীশ সরকার রোডে রয়েছে ‘একশ কাঠা’ আর ‘হুসাইনবাগ’ নামে দুটি মহল্লা। এগুলোর আছে আলাদা সমাজকল্যাণ সমিতি।সতীশ সরকার রোডের ৩৩/১ হোল্ডিং থেকে ৩৩/২০ নম্বর হোল্ডিং পর্যন্ত ‘একশ কাঠা’ মহল্লার অবস্থান। এখানকার বাসিন্দা ও একশ কাঠা সমাজকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ আবদুল মান্নান খান জানান, প্লটটি ১৯৯৩ সালে গড়ে উঠেছে। আয়তনে একশ কাঠা জমিতে এই প্লটগুলো রয়েছে বলে এমন নাম। পুরো জমির মালিক ছিলেন বাহাউদ্দিন নামের এক লোক। ক্রয়সূত্রে জমিটি এখন ৪৫টি প্লটে বিভক্ত। দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫০ পরিবার এখানে বসবাস করছে। এখানে ‘একশ কাঠা সমাজকল্যাণ সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে।সতীশ সরকার রোডের ২৯/এ নম্বর হোল্ডিংয়ে রয়েছে ‘হুসাইনবাগ’ নামে একটি প্লট। এটি আগে ছিল দমকল বাহিনীর জমি। ১৯৭৪ সালে দমকল বাহিনী এখানকার কার্যক্রম গুটিয়ে নেয়। ফলে সরকারি উদ্যোগেই জায়গাটির মালিকানা বদল হয়। আলাদাভাবে প্লট কিনে দেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে গড়ে তোলে হুসাইনবাগ আবাসিক এলাকা। পুরো হুসাইনবাগে এখন ৬৯টি প্লট রয়েছে। রয়েছে হুসাইনবাগ সমাজকল্যাণ সমিতিও। আবার ঢালকানগরে রয়েছে একতা আবাসিক প্লট ও ডিআইটির আবাসিক প্লট। ডিআইটির আবাসিক প্লটটি ১৯৬২ সালে গড়ে উঠেছে। ওয়ার্ডের আলমগঞ্জ রোডে বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক এলাকা। সেগুলো বিভিন্ন আবাসন কোম্পানির উদ্যোগে গড়ে উঠেছে।মসজিদে-মন্দিরে সম্প্রীতিএই ওয়ার্ডে একটা সময় হিন্দুধর্মাবলম্বী মানুষের সংখ্যা ছিল বেশি। আবার তারাই এখানে প্রভাবশালী ছিল। এখনো এর সাক্ষ্য বহন করছে বিভিন্ন রাস্তার নাম। তবে দেশভাগের পর কমেছে হিন্দুধর্মের মানুষ।পুরো ওয়ার্ডে মসজিদের সংখ্যা ১১টি। এগুলোর মধ্যে আলমগঞ্জ মসজিদ, আলমগঞ্জ জামে মসজিদ, আলমগঞ্জ বড় মসজিদ আর লোহারপুল জামে মসজিদ অন্যতম। মো. আবদুর রশিদের ঢাকা নগরীর মসজিদ নির্দেশিকা থেকে জানা যায়, আলমগঞ্জের তিনটি মসজিদই সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত। বর্তমানে এগুলোর আদি রূপ নেই। সংস্কারের ফলে মসজিদগুলো ঐতিহ্য হারিয়েছে।আবার ঢাকা নগরীর মসজিদ নির্দেশিকা থেকেই জানা গেছে, লোহারপুল জামে মসজিদটি ১৮৪০ সালে নির্মিত। এর নির্মাতা বারু মিয়া। মসজিদটি ওয়ার্ডের ৯ নম্বর কেশব ব্যানার্জি রোডে অবস্থিত। ২০০৭ সালে মসজিদটি সামান্য সংস্কার করা হয়েছে। মিহরাব মুড়ে দেওয়া হয়েছে টাইলস দিয়ে। ফলে চুন-সুরকির আদি স্থাপনা বোঝা যায় না। মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালে আছে কালিমাখচিত একটি ফলক।পুরো ওয়ার্ডে মন্দির আছে দুটি। একটি হচ্ছে ঢালকানগর লেনের যমুনাময়ী মা মন্দির, অন্যটি কালীচরণ সাহা রোডের শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভু জিউ বিগ্রহ মন্দির। মন্দিরের প্রধান ফটকের সামনে একটি বিশালকায় বটগাছ রয়েছে। ফলে মন্দির এলাকাটি বটতলা নামে পরিচিত। বটগাছ পেরিয়ে ফটক গলে ভেতরে যেতেই চোখে পড়ে মন্দির ভবন। ভবনের পাশের ফলক থেকে জানা যায়, মন্দিরটি ২০০৪ সালে সংস্কার করা হয়। পুরো মন্দিরের মেঝে ও দেয়াল টাইলসে মোড়ানো। বর্তমান মন্দিরের ওপরে রয়েছে তিনটি চূড়া। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি ছোট রথ, শিউলি ফুল আর তুলসীগাছের স্তম্ভ। প্রতিদিন সন্ধ্যায় এখানে বাতি দেওয়ার ব্যবস্থা আছে। এর পাশেই পড়ে রয়েছে মন্দিরের আদি ভবনের ভাঙা অংশ। মন্দিরের আশপাশের এসব ভবনে কয়েক ঘর সনাতন হিন্দু পরিবারের বাস। আবার শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভু জিউ বিগ্রহ মন্দির পেরোলেই চোখে পড়বে দোতলা একটি ভবন। সেটি দুর্গা মন্দির। ১৯৬২ সাল থেকে এখানে নিয়মিত দুর্গাপূজা হচ্ছে। এলাকার বাসিন্দারাই এই পূজার আয়োজক।স্টেশনে-বন্দরে-নদীতে বেড়ানোসতীশ সরকার রোড পেরোলেই গেন্ডারিয়া রেলস্টেশন। সেখানে রয়েছে ব্রিটিশ আমলের বেশ কটি দালান। স্টেশনের ভেতরে বসার ঘর, স্টেশন মাস্টারের ঘর আর টিকিট ঘর—সব কটিই লাল ইটের তৈরি। এই স্টেশন হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল করে। শুধু ট্রেনই চলে না, স্টেশনে আড্ডাও চলে সমান তালে। ওয়ার্ডের অনেক বয়স্ক বাসিন্দা স্টেশনে আসেন বিকেলে আড্ডা দিতে। কথা হয় এঁদের একজন লুৎফর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা স্টেশন-পারে আড্ডার জন্য আসি। তখন গেন্ডারিয়ার স্টেশনটিতে লোকের ভিড় থাকত। কখনো কখনো বন্ধুরা মিলে নারায়ণগঞ্জ ঘুরতে চলে যেতাম। স্টেশনটিতে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।’এই ওয়ার্ডেরই মিল ব্যারাকের খাদ্যগুদামের পাশে রয়েছে ট্রাকস্ট্যান্ড। সেখানে সারি সারি ট্রাক দাঁড় করানো। খাদ্যগুদাম থেকে মাল পরিবহনের জন্য এখান থেকেই ট্রাকগুলো যাত্রা শুরু করে। খাদ্যগুদামের পাশে একচিলতে জমিতে ট্রাকের কাঠের কাঠামো বানানোর কারখানাও রয়েছে। খাদ্যগুদামের বুড়িগঙ্গা তীরের ঘাটটি সিএসডি ঘাট নামে পরিচিত। ঘাটে রয়েছে বড় আকারের একটি জেটি। আবার ওয়ার্ডের সীমানায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে রয়েছে বাকল্যান্ড বাঁধ। বাঁধের বেশির ভাগ অংশই গাছগাছালির ছায়ায় পূর্ণ। আরও রয়েছে নদীর জল ছুঁয়ে থাকা সাতটি ছোট আকারের ঘাট। গরমের দিনে ওয়ার্ডের অনেক বাসিন্দা সেখানে গোসল সারেন নিয়মিত। আবার ঘাটগুলোয় সুন্দর সিঁড়ি থাকায় ছুটির দিনে এখানে বেড়াতে আসেন আশপাশের অনেক মানুষ। চাইলে নদীর জলে নৌকায় ঘোরার ব্যবস্থাও রয়েছে।কর্তারা যা বলেনবেশ কিছু রাস্তাঘাট খারাপ ও কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে বলে স্বীকার করেন ডিসিসির ৮২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ মিনু। তিনি বলেন, ২০১০-১১ অর্থবছরে বেশ কিছু রাস্তা এবং এগুলোর পাশের ড্রেনের সংস্কারকাজ শুরু হবে। এর মধ্যে আছে সতীশ সরকার রোড, ঢালকানগর রোড, হরিচরণ রায় রোড, কালীচরণ সাহা বাইলেন, আলমগঞ্জ লেন ও শাঁখারীনগর লেন। এ ছাড়া এলাকার প্রধান পয়োনালা উন্নয়নে এই অর্থবছরে ওয়াসা উদ্যোগ নিয়েছে। আশা করা যায়, পরিকল্পনায় থাকা সব কাজ শেষ করতে পারলে ওয়ার্ড থেকে অনেক সমস্যা কেটে যাবে।শহিদুল্লাহ মিনু আরও বলেন, ‘তাঁর ওয়ার্ডে যে পরিমাণ সড়কবাতি ও পরিচ্ছন্নতাকর্মী দরকার, তা ডিসিসির ঊর্ধ্বতন পর্যায় থেকে পাচ্ছেন না। এ জন্য কিছু সমস্যা হচ্ছে। এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সহায়তা চান।’