এই আমার গেন্ডারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬১ সালের দিকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন ঢাকার দুটি অভিজাত এলাকা ওয়ারী ও গেন্ডারিয়া। এক সুন্দর সকালে ঘাঁটি গাড়তে চলে আসি গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে। সেই থেকে ঢাকায় বসবাসের গোড়াপত্তন।তখন গেন্ডারিয়ার রাস্তার দুই পাশে ছিল সারি সারি কৃষ্ণচূড়া গাছ। ফুল ফুটলে সেগুলো হতো অতুলনীয়। পুরো গেন্ডারিয়ায় দোতলার ওপরে কোনো বাড়ি ছিল না। শুধু সরকারি চাকুরেরা এখানে বাস করতেন। ইস্ট অ্যান্ড ক্লাব তখন পূর্ব বাংলার নামকরা ক্লাব ছিল। পরিপূর্ণ এলাকা ছিল গেন্ডারিয়া। এখনকার মনীজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজ তখন ছিল গেন্ডারিয়া গার্লস স্কুল নামে। আমাদের বাড়ির কাছেই ছিল বিশাল দিঘি—সেই দিঘি এখন মরা পুকুর। গেন্ডারিয়া রেল স্টেশন ছিল ছিমছাম পরিচ্ছন্ন। এখন রেল লাইন ঘেঁষে বিরাট এলাকাজুড়ে বস্তি গড়ে উঠেছে; যা বর্তমান গেন্ডারিয়ার বিষফোড়া। রেল বস্তিকে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠছে অধঃপতিত একটি প্রজন্ম। এটি যুবসমাজকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে অন্ধকারের অতলে। আবাসিক এলাকাটিতে গড়ে উঠেছে কলকারখানা। কারখানার মালামাল নিয়ে আসছে বিরাট বিরাট গাড়ি। রাস্তা বন্ধ করে মাল ওঠানো-নামানো হচ্ছে। এর শব্দে ঘুমানো মুশকিল। একটা আবাসিক এলাকায় এটি কতটা যুক্তিযুক্ত? এলাকার পরিবর্তনে নতুন কিছু আশা করি না। নতুন আর কী হবে?বলা উচিত, নতুন কিছু সংযোজিত না হোক। যেমন সুউচ্চ বিল্ডিংগুলো যদি আর না হয়, তবেই শান্তি। তবেই ছোঁয়া মিলবে সুশীতল গেন্ডারিয়ার।দীননাথ সেন রোড, গেন্ডারিয়া