এই উৎসব বিজয়ের, যুদ্ধাপরাধীদের পরাজয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে আজ শুধু স্মৃতিসৌধ নয়, কেন্দ্রীয় শহীদ মিনার, চারুকলা, টিএসসি চত্বরেও ছিল মানুষের ভিড়। যারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যেতে পারেনি, তারা ভিড় করেছিল শহীদ মিনার চত্বরে। শিশু থেকে শুরু করে ছোট-বড় প্রায় সবাই আজ সেজেছিল লাল আর সবুজে। অনেকেই হাতে বা মুখে এঁকেছিল বাংলাদেশের পতাকা। প্রায় সবার হাতেই ছিল ছোট-বড় বাংলাদেশের পতাকা। আজ পতাকা ওড়ানোর দিন। শিশুরা আনন্দে উড়িয়েছে পতাকা। বড়রাও বাদ যাননি।শহীদ মিনার, চারুকলা আর টিএসসি চত্বরে ছোটখাটো মেলাই বসে গিয়েছিল। পতাকা, বাঁশি, বেলুন, মুড়ি, বাদাম, আচার—কী পাওয়া যায়নি সেখানে। এসব কিনে বিজয় দিবসের আনন্দ বাড়িয়ে তুলেছে অনেকেই। ঘোড়ার গাড়িতে করে ঘুরতেও দেখা গেছে অনেককে। চারুকলা থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বের হয়েছিল বিজয় শোভাযাত্রা। এবারের শোভাযাত্রাটি ছিল একটু অন্য রকম। ‘মহান বিজয় দিবস’, ‘১৬ ডিসেম্বর’—এসবের পাশাপাশি সব ব্যানার ও পোস্টারেই জ্বলজ্বল করেছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। শহীদ মিনারেও ছিল যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে বিভিন্ন পোস্টার ও ব্যানার। চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় যা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হলো বিরাট আকারের এক যুদ্ধাপরাধীর চেহারা। তার মুখটি ছিল রূপকথার রাক্ষসের মতো। দৈত্য-দানবের মতোই সবকিছু ধ্বংস করার ভঙ্গিমায় হাত নাড়ছিল সে। শোভাযাত্রায় আরও ছিল রাক্ষস, দানব ও হায়েনার সাজে চিহ্নিত যুদ্ধাপরাধীদের মুখ। তাদের অনেকেই এখন কারাগারে। শোভাযাত্রায় কয়েকজন কালো পোশাক পরে, মুখে কালো কাপড় বেঁধে, হাতে তরোয়াল নিয়ে যুদ্ধাপরাধীদের দমন করতে প্রতীকী সাজেও সেজেছিলেন। শোভাযাত্রার পাশ দিয়ে যাঁরা যাচ্ছিলেন, যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই ধিক্কার দিয়েছেন এসব যুদ্ধাপরাধীকে। শুধু শোভাযাত্রাই নয়, বের হয়েছে মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিলও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাই আজ পরিণত হয়েছিল উৎসব আর আনন্দের দিনে। এই উৎসব বিজয়ের। এই উত্সব যুদ্ধাপরাধীদের পরাজয়ের।