রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের দুই হাজার ২২২টি গান ডিভিডিতে ধারণ করেছে ‘সুরের ধারা’। সঙ্গে আছে গীতিনাট্য ও নৃত্যনাট্য মায়ার খেলা, শ্যামা, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া। সব কটি গান, গীতিনাট্য ও নৃত্যনাট্যে কণ্ঠ দিয়েছেন শুধু বাংলাদেশের শিল্পীরা। থাকছে রবীন্দ্রসংগীতের প্রয়াত শতাধিক বরেণ্য শিল্পীর গানও। অ্যালবামের নাম শ্রুতি গীতবিতান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ অ্যালবামটির মোড়ক খুলবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এরপর হবে সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘রবীন্দ্র-উৎসব: সুরের ধারা’ শিরোনামে তিন দিনের উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখাবে চ্যানেল আই। পুরো আয়োজনে সুরের ধারার সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই। কথা হলো উৎসব কমিটির সম্পাদক এবং সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে।গীতবিতানের গানগুলো ডিভিডিতে ধারণ করার জন্য আগ্রহী হলেন কেন?আমরা রবীন্দ্রনাথের গীতবিতানের হাতেগোনা কিছু গানই বারবার শুনি। কিন্তু রবীন্দ্রনাথের গানের তো বিশাল ভান্ডার। এর সঙ্গেও তো শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে হবে। আর যারা রবীন্দ্রসংগীত চর্চা করতে চান, তাঁদের জন্যও তো সব গান সংগ্রহে থাকা খুব প্রয়োজন। এ জন্যই গত বছর শ্রুতি গীতবিতান অ্যালবাম তৈরির ব্যাপারে উদ্যোগ নেই। শ্রুতি গীতবিতান রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ একটি আর্কাইভ। শুদ্ধ রবীন্দ্রসংগীত চর্চার ক্ষেত্রে শ্রুতি গীতবিতান অনন্য ভূমিকা রাখবে।গীতবিতানের সব গান ধারণ করতে কত সময় লেগেছে?শ্রুতি গীতবিতান-এর গান রেকর্ডিংয়ের কাজ শুরু হয় ১১ মে। মাত্র দুদিন আগেও আমরা কাজ করেছি। কয়েক দিন আগে হঠাৎ কালমৃগয়ার পুরো রেকর্ড প্রযুক্তিগত ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। শেষে মাত্র এক রাতে আবার পুরোটা ধারণ করা হয়। এখন আশা করছি, শ্রোতাদের পূর্ণাঙ্গ অ্যালবাম দিতে পারব।‘রবীন্দ্র-উৎসব: সুরের ধারা’ আয়োজনে কী কী থাকছে?রবীন্দ্রনাথকে নিয়ে নানা কিছু। যেমন—সেমিনার, গান, গীতিনাট্য, নৃত্যনাট্য, চলচ্চিত্র, মঞ্চনাটক, রবীন্দ্রনাথ নিয়ে বই এবং রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে তৈরি চলচ্চিত্রের প্রদর্শনী। সঙ্গে আরও আয়োজন থাকছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। এ ছাড়া তিন দিনের সব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। এগুলো হবে হল অব ফেম ও মিল্কিওয়েতে। এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।এই আয়োজনে কোন শিল্পীরা অংশ নিচ্ছেন?আজ উদ্বোধনী অনুষ্ঠানে সহস্র কণ্ঠের গানে সারা দেশের এক হাজার শিল্পী অংশ নিচ্ছেন। এরপর বিভিন্ন আয়োজনে বাংলাদেশের বিশিষ্ট এবং জনপ্রিয় প্রায় সব শিল্পীই গান করবেন, নাচ করবেন, নাটক করবেন। ভারতের কয়েকজন শিল্পী এসেছেন। এ ছাড়া পাশ্চাত্যের যন্ত্রানুষঙ্গে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবে গান্ধর্বলোক অর্কেস্ট্রা। ১৭টি দেশ থেকে এ দলের ৩৫ জন সদস্য ঢাকায় এসেছেন। তাঁদের সঙ্গে আছেন মঞ্চ ব্যবস্থাপক ও শব্দ প্রকৌশলী। এ দলের নেতৃত্ব দিচ্ছেন সুইজারল্যান্ডের পাঞ্চজন্য বুরি।সেমিনারগুলো নিয়ে কিছু বলুন।সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন শফি আহমেদ (রবীন্দ্রনাথের নাটক), বিশ্বজিৎ ঘোষ (রবীন্দ্রনাথের ছোটগল্প), রামকুমার মুখোপাধ্যায় (রবীন্দ্রনাথের উপন্যাস), আতিউর রহমান (রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা), স্বপন মজুমদার (রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা), অমিয় দেব (রবীন্দ্রনাথের কবিতা), আল্পনা রায় (রবীন্দ্রনাথের গান), সোমেন বন্দ্যোপাধ্যায় (রবীন্দ্রনাথের সাহিত্য ও চিত্রকলার সম্পর্ক), কেতকী কুশারি ডাইসন ও সুশোভন অধিকারী (রবীন্দ্রনাথের চিত্রকলা)। রবীন্দ্রবিষয়ক সেমিনারগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেমিনার হলে।