এই ওয়াদাও পূরণ করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টাকারীরাও সমান অপরাধী। যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, তাদেরও সম-অপরাধে বাংলার মাটিতে বিচার হবে। সব ওয়াদা যেমন একে একে পূরণ করছি। আজকের দেওয়া এই ওয়াদাও পূরণ করব।’ এ জন্য তিনি দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। আজ বুধবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।২০০৮ সালের নির্বাচনে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় আজ জেগে উঠেছে। “জয় বাংলা” স্লোগানের ধ্বনিতে গোটা দেশেই আলোড়ন সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির কারণেই দেশের তরুণ প্রজন্ম আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে, একাত্তরে যুদ্ধাপরাধীরা কীভাবে গণহত্যা চালিয়েছে, মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে, তা-ও জানতে পারছে। এ জন্যই নতুন প্রজন্ম জেগে উঠেছে সারা দেশে।’শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং তা শেষের পথে। বিরোধীদলীয় নেতা (খালেদা জিয়া) যতই চেষ্টা করুন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করে বাংলাদেশকে আমরা কলঙ্কমুক্ত করবই ইনশাআল্লাহ।’ তিনি বলেন, পাকিস্তানিরা এ দেশে শাসন-শোষণ করেছে। কিন্তু যারা এ দেশের মাটির সন্তান, তারা কীভাবে আমাদের মা-বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিতে পারে? তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু নিজেই শুরু করেছিলেন। ১৯৭২ সালে অধ্যাদেশ জারি করে তিনি বিচারের মাধ্যমে ২৬ হাজার যুদ্ধাপরাধীকে বন্দী করেন এবং ১১ হাজার অপরাধীকে সাজা দেন। তখন অনেকে বিদেশে পালিয়ে যায়। তাদের নাগরিকত্ব বাতিল করা হয়। যারা হত্যা, লুণ্ঠন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, তিনি তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেননি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়। যাদের নাগরিকত্ব বাতিল ছিল, তাদের নাগরিত্ব ফিরিয়ে দেওয়া হয়। তাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়। ওই সময় স্বাধীনতার বিজয়ের কথা বলা যেত না। “জয় বাংলা” বলাও প্রায় নিষিদ্ধ ছিল। পরাজিত শক্তির ধ্যান-ধারণা নিয়েই জেনারেল জিয়া দেশ চালায়, সামরিক বাহিনীতে মুক্তিযোদ্ধা অফিসার-সৈনিকদের নির্বিচারে হত্যা করে।’প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার বিএনপি নেত্রীর পছন্দ নয়। কারণ তাঁর স্বামীর মতোই তিনিও চিহ্নিত যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে-বাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।’মতিয়া চৌধুরী বলেন, রাজীব নিহত হওয়ার পর তার নামে জামায়াত অপপ্রচার চালাচ্ছে। রাজীব জীবিত থাকাবস্থায় কেন এসব লিখল না। তারা নর্দমার কীট। বিএনপির সমালোচনা করে মতিয়া বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে ৩৬০টি মদের লাইসেন্স দেয়।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, নূহ-উল-আলম লেনিন, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।