এই কি সেই পন্টিং!
গুজরাটি কাগজের প্রথম পাতায় দুটি বিশাল ছবি। যুবরাজ সিংয়ের বন্য উল্লাস, পাশেই রিকি পন্টিংয়ের শরীরের আড়ালে মুখ ঢাকা। হাঁটু গেড়ে বসা মূর্তির মাথাটা মাটির দিকে।অস্ট্রেলীয় অধিনায়ককে এভাবে দেখে সবারই মায়া লাগে। এমন ছবি তাঁর নিজেরও কি কখনো কল্পনায় ছিল? দোর্দণ্ড প্রতাপে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে মাঠ থেকে বেরোনো যাঁর নিত্য অভ্যাস ছিল কিছুদিন আগেও, সেই পন্টিং পরশু ভূপাতিত। অস্ট্রেলিয়ার ক্রিকেট সাম্রাজ্য বিশ্বকাপ মঞ্চে আনুষ্ঠানিকভাবে ধসে পড়ল ভারতের কাছে ৫ উইকেটে হেরে। পন্টিংয়ের বেদনার রাত, হাহাকারের রাত। সংবাদ সম্মেলনে আসা পন্টিংকে দেখেও মনে হচ্ছিল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে গত তিনবারের চ্যাম্পিয়নদের ছুটি মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁর। নিজে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সেঞ্চুরি করেছেন, কিন্তু পাকিস্তানের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচের পর এই রাতেও তিনি পরাজিত দলে। নিজেকে ‘ট্র্যাজিক হিরো’ লাগছে না? প্রশ্নটা শুনে একটু থমকে গেলেন। কিছুক্ষণ কী যেন ভাবলেন। তারপর মুখের কোণে কষ্টের হাসি ছড়ালেন, ‘আমি ট্র্যাজিক হিরো কি না জানি না। এটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই।’অস্ট্রেলীয় সাম্রাজ্যের পতন, তাঁর নিজের ভবিষ্যৎ—এসব নিয়ে প্রশ্ন করলে পন্টিং অবশ্য দিয়ে যান কূটনৈতিক উত্তর, ‘এটা অস্ট্রেলিয়ার ক্রিকেট সাম্রাজ্যের পতন কি না, আমি তা নিয়েও কিছু বলতে চাইছি না। আপনারা যেভাবে দেখতে চান ব্যাপারটা দেখুন। আমি ওতে আগ্রহী নই। আর আমার ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবছি না। কটা দিন যাক, তারপর ভাবা যাবে।’পন্টিংয়ের পরাজিত অস্ট্রেলিয়া বাংলাদেশে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালের ৪৮ ঘণ্টা পরই। সেই সফর নিয়েও কথা বলতে তাঁর অনীহা, ‘সবে বিশ্বকাপ শেষ হলো আমাদের। নিজেদের ভুলগুলো নিয়ে আমরা আগে বসি।’সেই ভুলের একটা সংক্ষিপ্ত বর্ণনাও পাওয়া গেল অস্ট্রেলিয়া অধিনায়কের কাছ থেকে, ‘আমরা ভারতের বিপক্ষে আর ২০ রান বেশি করলে হয়তো জিতে যেতাম। আমাদের মিডল অর্ডার ভেঙে পড়েছে। বোলিং চাপ সৃষ্টি করতে পারেনি। তবে টেন্ডুলকার, গম্ভীর এবং অবশ্যই যুবরাজ-রায়না ভালো ব্যাট করেছে। যুবরাজের তো কোনো তুলনাই হয় না এই মুহূর্তে।’ভারতের অকুণ্ঠ প্রশংসাও করে গেলেন, ‘ভারতের ব্যাটিংটা খুব ভালো হচ্ছে। সব দিক দিয়েই ওরা বেশ ভালো দল।’ তবে সেমিফাইনাল প্রশ্নে ভারত-পাকিস্তান দুদলকেই রাখলেন সমান্তরালে, ‘পাকিস্তান দারুণ ক্রিকেট খেলছে। ভারতও তাই। দুদলের সেমিফাইনালটা ক্রিকেটের জন্য অসাধারণ একটা পরিবেশ তৈরি করবে ধারণা করছি।’ শেষে যোগ করলেন, ‘আমার মনে হয়, এবার ভারতের খুব ভালো সুযোগ আছে বিশ্বকাপ জয়ের।’এত দিন অন্যরা যাদের নিয়ে কথা বলত, সেই অস্ট্রেলিয়ার অধিনায়ক কালের চক্রে এখন বলছেন অন্যদের সম্ভাবনা নিয়ে। এই কি সেই পন্টিং!