এই কি সেই লেডি গাগা!
‘বেশি করে খাও, মোটা হওয়া নিয়ে মোটেও চিন্তা কোরো না!’ কিছুদিন আগে পর্যন্ত সবাইকে এমন পরামর্শই দিতেন পপ তারকা লেডি গাগা। ডায়েট করার ঘোর বিরোধী ছিলেন তিনি এবং যারা ডায়েট করত, তাদের দু-চার কথা শুনিয়েও দিতেন। এক খবরে পিটিআই জানিয়েছে, সেই লেডি গাগাই এখন উল্টো পথে হাঁটা শুরু করেছেন। তিনি নিজেই এখন ডায়েট করছেন। টুইটারে লেডি গাগা সম্প্রতি জানিয়েছেন, এখন কেবল সালাদ খেয়েই দিনাতিপাত করছেন তিনি।লেডি গাগাকে বলা হয় ‘টুইটারের রানি’। সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটে তাঁর দুই কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। ভক্তদের কাছে ডায়েট করার এই তথ্য এক টুইটে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই পপ তারকা। টুইটে লেডি গাগা জানিয়েছেন, ‘আবারও হালকা-পাতলা গড়নে ফেরার চেষ্টা করছি। সালাদই খাচ্ছি কিন্তু চিজ বার্গার খেতে মন ব্যাকুল।’লেডি গাগার অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েনি ন্যাশনাল ইটিং ডিসঅর্ডারস অ্যাসোসিয়েশন (নেডা)। উল্লেখ্য, নেডা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি এনজিও যারা ‘ইটিং ডিসঅর্ডার’ নিয়ে কাজ করে। নেডা কর্তৃপক্ষের এই মজা করার কারণ হচ্ছে, এত দিন যে ডায়েটের ঘোর বিরোধী ছিলেন লেডি গাগা! নেডা জানিয়েছে, ‘এই কি সেই গাগা, যিনি এতদিন মেয়েদের ডায়েট করতে নিষেধ করেছিলেন?’