এই ক্রান্তিকালে অসাম্প্রদায়িক শক্তির ঐক্যের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংঘটিত নিপীড়ন ও সাম্প্রদায়িক শক্তির আস্ফাালন স্বাধীনতার অর্জনগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেশের এই ক্রান্তিকালে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য জোরদারের বিকল্প নেই।গতকাল শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এই সম্মেলন চলে।সম্মেলনের বিভিন্ন পর্যায়ে উঠে আসে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর, ধর্মীয় উপাসনালয় ধ্বংসের যে ঘটনা ঘটেছে, সেসব প্রসঙ্গ। সম্মেলনের আনুষ্ঠানিক শুরুর আগে সকালে এসব ঘটনার প্রতিবাদে একটি মিছিল সম্মেলন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব, পল্টন হয়ে আবার সেখানে ফিরে আসে। ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লড়তে হবে এক সাথে’, ‘অস্তিত্ব রক্ষায় জোট বাঁধো, গড়ো প্রতিরোধ’ এসব নানা প্রতিবাদী স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন মিছিলে অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিষদের কর্মীরা। অধিবেশনের শুরুতে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তাঁর বক্তব্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের আহ্বান জানান। তিনি বলেন, ‘১৯৪৭ সালে দেশের ২৯ দশমিক ৭ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু মানুষের সংখ্যা ২০১১ সালে এসে কেন ৯ দশমিক ৭ হয়ে গেল, এ দেশের রাজনৈতিক দলগুলোকে তার জবাবদিহি করতে হবে।’ আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীসহ সব সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা সংখ্যাগুরু, আর একাত্তরের পরাজিত শক্তিই মূলত সংখ্যালঘু।ড. কামাল হোসেন বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা একাত্তরে যেমন পরাজিত হয়েছে, এবারও হবে। আমরা যাঁরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছি. তাঁরাই বিজয়ী হব।’সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধ হলেও সেই চেতনার অনেক কিছু থেকেই আমরা দূরে চলে গেছি। কিছু কিছু সাম্প্রদায়িক ঘটনা আমাদের ওপর কলঙ্ক লেপন করেছে। সেগুলো মোচন করা দরকার। অতীতে যেসব সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, সেগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে। এ ঘটনাগুলোর জন্য আমি লজ্জাবোধ করি।’এম কে আনোয়ারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘২০০১-এর নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনার কথা আমরা ভুলিনি।’ তিনি সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলায় বিএনপির জড়িত থাকার অভিযোগ এনে বলেন, ‘তারা সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ার ভূমিকা নিয়েছে। এই নীতি বাদ দিতে হবে।’এই অধিবেশনের মাঝে সাম্প্রদায়িক হামলার বিভিন্ন তথ্য ও নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জের হামলার ঘটনা নিয়ে প্রামাণ্যচিত্র রাজগঞ্জে মানবতা কাঁদে প্রদর্শন করা হয়। সাম্প্রতিক এসব হামলাকে ‘এথনিক ক্লিনজিং’-এর (জাতিগত শুদ্ধি) অংশ হিসেবে তুলনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ব্রিটিশ বা পাকিস্তান আমলে সাম্প্রদায়িক হামলা হলেও তা স্বল্পস্থায়ী হতো। কিন্তু এবার কয়েক মাস চলে গেলেও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের ওপর হামলা কমছে না।অনুষ্ঠানের আলোচক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসার দিন শেষ হয়ে গেছে। তাঁর অভিযোগ, ধর্মের প্রসঙ্গ যখনই আসে, তখনই রাষ্ট্রের সরব উপস্থিতি আর দেখা যায় না। এক ধরনের আপসকামিতার ছাপ চোখে পড়ে।অনুষ্ঠানের অতিথি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক যে অত্যাচার হয়েছে. তা শুধু তাদের ওপর হয়নি, হয়েছে এ দেশের অসাম্প্রদায়িক শক্তির ওপর। তিনি বলেন, এ দেশের অসাম্প্রদায়িক শক্তির সম্মিলিত প্রয়াস পরাজিত করবে মানবতার শত্রুদের। মানবতার জয় হবেই। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। অধিবেশনে আরও আলোচনা করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, সহসভাপতি কাজল দেবনাথ প্রমুখ।সম্মেলন শেষে বিকেলে সি আর দত্ত, প্রমোদ মানকিন ও ঊষাতন তালুকদারকে সভাপতি এবং রানা দাশগুপ্তকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।