সাঈদীর রায়ের পর সংঘর্ষে প্রাণহানি প্রসঙ্গে খালেদা জিয়া
এই গণহত্যার জন্য ট্রাইব্যুনাল হবে, বিচার হবে
বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড় ও ‘গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘না হলে এর পরিণাম হবে ভয়ংকর।’ আগামীতে এই ‘গণহত্যার’ বিচার করতে ট্রাইব্যুনাল করার ঘোষণাও দেন তিনি।আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত সোমবার পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালানোর পর আজ কার্যালয়ের অবস্থা দেখতে সেখানে যান দলের চেয়ারপারসন। সেখানে তিনি কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।খালেদা জিয়া বলেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে দলটির কারাবন্দি নেতাদের মুক্তি না দিলে ১৮ ও ১৯ মার্চ সর্বাত্মক হরতাল হবে। তিনি ওই হরতাল সফল করার প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা বলেন, ‘কষ্ট করতে হবে, তা হলে ফল মিলবে ইনশাল্লাহ।’