এই গল্প রুবেল হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যা ট্যা ট্যা! দ্রুম! ট্যা ট্যা ট্যা! ঠাস! যুদ্ধক্ষেত্র। চলছে মার মার কাট কাট লড়াই। বিপক্ষ শিবিরের এক সেনাকে ঘায়েল করেই সেনাপতি একটু দেখেশুনে নিচ্ছেন। আচমকা এক উটকো সেনা কোত্থেকে এসে বাগড়া বাধাল সে সময়! রুবেল হোসেন আর ঝামেলায় গেলেন না, ওই টান টান মুহূর্তেই পজ চেপে রণক্ষেত্র থেকে বেরিয়ে এলেন আপাতত! ভিডিও গেম খেলছিলেন রুবেল। অবসরের প্রিয় বিনোদন। তবে অবসরে না থাকা সময়টুকুতেও গেম খেলেন তিনি! সেই গেমের নাম ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেটার রুবেল হোসেনের কথাই বলছি। শুনতে এসেছি তাঁর উত্থানের গল্প।ভিডিও গেমে সংকটময় মুহূর্তে রণে ভঙ্গ দিলেও ক্রিকেটের বেলায় কিন্তু রুবেল হোসেন উল্টো! তাঁর নীতি—বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো! সেটাই করে আসছেন এই তরুণ পেসার। এই লড়াইয়ের রসদ তিনি পাচ্ছেন মা রবেজান বিবি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই। জন্ম বাগেরহাট শহরে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। সবার কাছ থেকে তাই আদর একটু বেশিই পেয়েছেন। তবে ‘লাই’ পেয়েছেন মায়ের কাছ থেকেই। কারণ, ক্রিকেট খেলতে মাঠে পা বাড়ালেই বাবা-ভাইদের রক্তচক্ষু দেখা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। ব্যতিক্রম ছিলেন মা। মায়েরা নিশ্চয়ই সন্তানের ভবিষ্যৎ দেখতে পান! রুবেলেরও একই মত, ‘ছেলেবেলায় চুপচাপ-শান্ত ছিলাম। কিন্তু ক্রিকেট ছিল আমার ধ্যান-জ্ঞান, ভেতরের চঞ্চলতা। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই ক্রিকেটের ওপর দারুণ টান আমার। এই ব্যাপারটা মা বুঝতে পেরেছিলেন। তারপরও ক্রিকেটের জন্য বকাঝকা কম খেতে হয়নি!’ বলতে বলতে হাসি খেলে যায় রুবেলের মুখে। এই হাসি বলে দেয়, বড়দের সেই বকাঝকা এবং শঙ্কাকে পেছনে ফেলে এসেছেন তিনি।সংগত কারণেই বকা খেতে হতো রুবেলকে। বাড়ি থেকে স্টেডিয়াম মাত্র দেড় মিনিটের পথ। তবে বাড়ির পাশের কাজীর কলবাড়ি মাঠেই ক্রিকেটের হাতেখড়ি। দুপুরের ঠা ঠা রোদ কিংবা আকাশ উপুড় বৃষ্টি—কোনো কিছুতেই বাধ মানবেন না রুবেল। মাঠে তাঁর যাওয়া চাই-ই চাই। সকালে স্কুলে গেছেন তো দুপুরে নেই! ‘কোথায়, কোথায় ছেলেটা?’ শিক্ষকের প্রশ্ন। বন্ধুরা চুপচাপ। বিকেলেই বাবার কাছে শিক্ষকের কড়া নালিশ, ‘আপনার ছেলে তো ক্লাস ফাঁকি দিয়ে শুধু ক্রিকেট খেলে বেড়ায়!’ তবে ঘরে কিংবা স্কুলে যেমন তেমন, ক্রিকেটের মাঠে রুবেল বলতে অজ্ঞান সবাই। তাই সেই হাফ প্যান্ট পরার সময় থেকেই রুবেলকে নিয়ে টানাটানি। আজ এই পাড়া ডাকছে তো কাল ওই পাড়া। এমন করতে করতে বাগেরহাটের আশপাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়ল তাঁর নামডাক। রুবেল বললেন সেই দিনগুলোর কথা, ‘বাগেরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ি সে সময়। আন্তস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম খেলতে নেমেছিলাম সেবার। এক এক করে ফাইনালেও উঠে গেলাম। সেই ফাইনালেই বাজিমাত। পাঁচটি উইকেট নিয়ে দলকে তো জেতালামই, পেলাম ম্যাচ-সেরার পুরস্কার। ছোট্ট একটা ট্রফি দিয়েছিল আমাকে, এখনো আছে সেটি।’ সেভাবেই চলতে লাগল। এরই মধ্যে তৃতীয় বিভাগ এবং প্রিমিয়ার লিগেও নাম লেখালেন রুবেল। আজ ঢাকা তো কাল খুলনা।তবে ওপরে ওঠার সিঁড়িটা পেয়ে গেলেন ২০০৫-এ এসে। টেলিভিশনের একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল তাঁর। পরদিন মাঠে গিয়ে শুনলেন একই খবর। পাড়ার বড় ভাইয়েরা বললেন, ‘রুবেল, এবার তৈরি হয়ে নে। পেসার হান্টে যেতে হবে তোকে।’ তা-ই সই। ‘সেবার (২০০৫) কিন্তু আমার ততটা আত্মবিশ্বাস ছিল না। অষ্টম শ্রেণীতে পড়ি। ভেবেছিলাম, কত দ্রুত বল করতে পারি তা মেপে আসি! এবং তা-ই হলো। খুলনা স্টেডিয়ামে গিয়ে বল করলাম। বলের গতি উঠল ঘণ্টায় ৭২ মাইল। আমার থেকে আরও দ্রুতগতির বোলার ছিল। ফিরে এলাম সেখান থেকে।’ ২০০৫-এ ঝালাই হয়েছে, পরের বছর এল আবার আরেকটা সুযোগ। কিন্তু সেবারও রুবেলের ততটা আগ্রহ নেই। ফের ওই বড় ভাইয়েরাই ফরম পূরণ করে, ছবি তুলিয়ে রুবেলকে বলল, ‘যা, এবার তুই পারবি।’ এদিকে রুবেলের আরেক বন্ধু আবু তাহের খুলনায় ঘণ্টায় ৮১ মাইল গতিতে বল করে সবার ওপরে চলে গেছেন আগের দিন। সেই খবরে রুবেলের ভেতরে কী এক সংকল্প দানা বাঁধল, ‘আমাকে অন্তত ৮১ মাইল গতিতে বল করতেই হবে।’ ২০০৬-এ রুবেল নাম লিখিয়েছিলেন সাতক্ষীরা থেকে। খুব ভোরে বন্ধুকে সঙ্গে নিয়ে চেপে বসলেন বাসে। একবার বাস বদল করে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর। প্রতিযোগিতা ততক্ষণে শুরু হয়ে গেছে। ভাগ্য ভালো, রুবেলের পালা ছিল ১১৩ নম্বরে। একসময় ডাক এল তাঁর। বল করতে নামলেন। নিয়ম অনুযায়ী তিনবার বল করলেন। গতি দাঁড়াল গড়ে ঘণ্টায় ৮২ মাইল! আরও তিনটি বল করতে বললেন পেসার হান্টের সমন্বয়ক সারোয়ার ইমরান। ফলাফল একই, ঘণ্টায় ৮২! পেসার হান্টের শিকার হলেন বাগেরহাটের রুবেল হোসেন।‘তার পর থেকেই শুরু হলো নতুন পথে চলা। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে গেলাম শ্রীলঙ্কায়। সেখানে ফাইনাল পর্যন্ত উঠে গেল বাংলাদেশ। আমিও পুরো টুর্নামেন্টে পেলাম ২৫টি উইকেট। তারপর আরও অনেক ট্যুরে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছি। আমাদের পারফরম্যান্স ছিল খুবই ভালো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভালো করলাম আমরা। একসময় “এ” দলে ডাক পড়ল।’—বলছিলেন রুবেল। ‘এ’ দলের হয়েও তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। জাতীয় দলের নির্বাচকেরা রুবেলের মধ্যে দেখলেন নতুন আলোর ইশারা এবং একসময় সেই ডাক। ‘বগুড়ায় সে সময় একাডেমি দলের হয়ে খেলতে গিয়েছিলাম। পত্রিকায় লেখালেখি হচ্ছিল। সুজন ভাইও (খালেদ মাহমুদ) একসময় ডেকে বললেন, “তুই জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছিস।” সেই রাতেই টেলিভিশনে শুনলাম, জাতীয় দলে ডাকা হয়েছে আমাকে!’তারপর? রুবেল এখন লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আর সংকটময় মুহূর্তে ভিডিও গেমের মতো রণে ভঙ্গ না দিয়ে, উপড়ে ফেলছেন বিপক্ষ শিবিরের উইকেট!