এই ঘাতককে পিঠমোড়া করে বেঁধে হত্যা করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের নির্যাতিত ও তাঁদের পরিবারের সদস্যরা। মুজাহিদের বিরুদ্ধে সপ্তম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ মে পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকারদের নিয়ে মুজাহিদ ফরিদপুরের হিন্দু অধ্যুষিত বাকচর গ্রামে হামলা চালান। সেখানে নির্বিচার হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও ধর্ষণের ঘটনা ঘটে। সে সময় নিহত হন বীরেন্দ্রনাথ সাহা। তাঁর স্ত্রী বেলা রানী সাহা বলেন, ‘স্বামীর মৃত্যুর পর নাবালক ছেলেকে নিয়ে বহু কষ্টে দিন কাটিয়েছি। আমার স্বামীকে পিঠমোড়া করে বেঁধে ঘর থেকে বের করে নিয়ে পাশের একটি মন্দিরে হত্যা করা হয়। আমিও চাই এই ঘাতককে পিঠমোড়া করে বেঁধে হত্যা করা হোক। তাহলে বলতে পারব, এত দিন পর হলেও স্বামী হত্যার বিচার পেলাম।’ একাত্তরের ১৩ মে বাকচর গ্রামে ওই হামলার ঘটনায় নিহত হন ব্যবসায়ী জগদীশ মিত্র। তাঁর ছোট ভাইয়ের স্ত্রী যশোদা রানী মিত্র বলেন, ‘আমার ভাশুরকে সেদিন হত্যা করা হয়েছিল। যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের তো আর কোনোদিন ফিরে পাব না। তবে সেই হত্যাকারীদের যে বিচার হচ্ছে, এটাই বড় শান্তি। এই বিচারটা মৃত্যুর আগে দেখে যেতে চাই।’মুজাহিদের বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ অভিযোগে বলা হয়, ফরিদপুরের রথখোলা গ্রামের রণজিত্ নাথ ও গোয়ালচামট খোদাবক্সপুর গ্রামের মো. আবু ইউসুফকে মুজাহিদের নির্দেশে নির্যাতন করা হয়। আজ বুধবার রায় ঘোষণার পর রথখোলা গ্রামের নির্যাতিত রণজিত্ নাথ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘একাত্তরে মুজাহিদ যে মানবতাবিরোধী অপরাধ করেছে, সে কারণে তার মৃত্যুদণ্ড হয়েছে, এতে আমি খুশি হয়েছি। এ রায় যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে। তাহলে জাতি কলঙ্কমুক্ত হবে। একই সঙ্গে ফরিদপুরও কলঙ্কমুক্ত হবে।’এদিকে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ভাই জেলা পৌর জামায়াতের আমির আলী আফজাল মোহাম্মাদ খালেদ বলেন, ‘এই প্রহসনের রায় আমরা মানি না। মুজাহিদ সত্ ও নিষ্পাপ। মুক্তিযুদ্ধের সময় সে ফরিদপুরেই ছিল না। অথচ ফরিদপুরের ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে রাজনৈতিক হয়রানি করতে এ বিচার করা হয়েছে। মুজাহিদের অপরাধ, সে জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাকে ঘায়েল করা ও ব্যক্তিগত চরিত্র হনন করার জন্য তার বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে, যা সত্য নয়। আমি এ রায় মানি না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’আজ রায় ঘোষণার পর বেলা সোয়া একটার দিকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়। পরে ওই মিছিল থেকে ইসলামী ব্যাংকে ইটপাটকেল ছোড়া হয় বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১