এই তথ্য সংগ্রহ গ্রহণযোগ্য নয়: এপি
যুক্তরাষ্ট্রে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফোনালাপ জব্দ করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিচার বিভাগ গোপনে এপির দুই মাসের ফোনালাপের রেকর্ড সংগ্রহ করলে অভিযোগ ওঠে, সাংবাদিকদের ক্ষেত্রে এমন ফোনালাপ সংগ্রহের যথাযথ প্রক্রিয়া এখানে অনুসরণ করা হয়নি।এপির পক্ষ থেকে বিষয়টি গুরুতর ও নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমের ওপর এমন গোয়েন্দা তত্পরতায় মার্কিন আইনপ্রণেতা থেকে নাগরিক অধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে।এপির প্রধান নির্বাহী গেরি প্রুইট ফোনরেকর্ড ফেরত দিতে মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে দাবি জানিয়েছেন। গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেলের কাছে লেখা এক চিঠিতে তিনি এ দাবি জানান। তিনি বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের এ ধরনের তথ্য গোপনে সংগ্রহ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।নিউইয়র্ক, ওয়াশিংটন ও কানেকটিকাট অফিসে এপির দুই মাসের টেলিফোন রেকর্ড জব্দ করা হয়েছে। এসব অফিসে শতাধিক সাংবাদিক কর্মরত। মার্কিন বিচার বিভাগ থেকে গত শুক্রবার এপিকে এসব রেকর্ড জব্দ করার কথা জানানো হয়।অ্যাটর্নি জেনারেলকে দেওয়া এপির চিঠিতে বলা হয়েছে, ফোনরেকর্ড জব্দ করার ফলে বার্তা সংস্থাটির সংবাদসূত্রের গোপনীয়তা লঙ্ঘিত হবে। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের গোপন তথ্যসূত্রের ওপর এমন হস্তক্ষেপের জন্য সরকার কোনো গ্রহণযোগ্য কারণ দেখাতে পারবে না বলেও এপির পক্ষ থেকে বলা হয়েছে।হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেছেন, তদন্তের জন্য এপির ফোনরেকর্ড জব্দ করার বিষয়টি তাঁদের জানা নেই। বিচার বিভাগ স্বতন্ত্রভাবে এসব বিষয় দেখাশোনা করছে বলে তিনি সংবাদ ব্রিফিংয়ে বলেন।ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্যাট্রিক লেহি বলেন, সংবাদমাধ্যমের রেকর্ড জব্দ করতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে সরকারি ব্যাখ্যা দাবি করেছেন তিনি।আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের পরিচালক লোরা মারফি বলেন, সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ রোধে অ্যাটর্নি জেনারেলকে এপির রেকর্ড জব্দ করার ব্যাখ্যা দিতে হবে।রিপাবলিকান দলের সিনেটর রন পল বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্থ সংশোধনী এ ধরনের গোপন তল্লাশির বিরুদ্ধে জনগণের রক্ষাকবচ। সংবিধান সমুন্নত রাখা সব মহলের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।ইয়েমেনে ২০১২ সালে পরিচালিত সিআইএর গোপন অভিযান নিয়ে এপি বেশ কয়েকটি সংবাদ পরিবেশন করে। মার্কিন সরকারের গোপন তথ্য ফাঁসের যোগসূত্র উদ্ধারে ফোনরেকর্ড জব্দ হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।